
কলকাতা মাতিয়ে আজ নামছেন ঢাকার মাঠে। সনি নর্দে বেশ উজ্জীবিত। ভারতের চারটি ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন। শেখ জামালের হাইতিয়ান ফরোয়ার্ড কাল অনুশীলন শেষে বললেন, আইএফএ শিল্ড খেলার অভিজ্ঞতা আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে
আপনি ঢাকার মাঠের চেয়ে কলকাতায় আরও ভালো খেলেছেন। ওই ফুটবল কি ঢাকার মাঠেও দেখতে পাব?
সনি নর্দে: কলকাতায় যেমন খেলেছি, ঢাকায় তা খেলা সম্ভব নয়। কারণ ঢাকায় আমার সম্পর্কে সবাই জানে। কাজেই আমাকে আটকাতে দু-তিনজন পাহারায় থাকে। কিন্তু কলকাতার আইএফএ শিল্ডে খেলার আগে আমাকে সেখানকার কেউ চিনত না। এই সুযোগে আমি মুক্তভাবে খেলতে পেরেছি। যে কারণে আমার খেলা ভালো হয়েছে।
আপনি তো কলকাতার বড় ক্লাবগুলোর নজরে পড়ে গেলেন। সেখানে খেলার ব্যাপারে কী ভাবছেন?
নর্দে: এ মুহূর্তে আমার সব মনোযোগ শেখ জামালকে ঘিরেই। ঢাকায় চুক্তি শেষে কলকাতার প্রস্তাব নিয়ে ভাবব। শেখ জামাল প্রেসিডেন্ট (মনজুর কাদের) আমার ওপর খুবই খুশি। পরের মৌসুমের জন্য তিনি আমাকে টাকা বাড়িয়ে দেবেন বলেছেন। কতটা কী করেন, তার ওপরই নির্ভর করে আমার কলকাতায় খেলা।
আমরা তো আপনাকে ঢাকার ফুটবলে দেখতে চাই লম্বা সময়...
নর্দে: দেখুন, ঢাকায় খেলতে আমারও আগ্রহ আছে। তবে টাকার ব্যাপারটা দেখতে হবে। ভারতের চারটি ক্লাব কলকাতা মোহনবাগান, ইস্ট বেঙ্গল, চার্চিল ব্রাদার্স ও স্পোর্টিং গোয়া বড় প্রস্তাব দিয়েছে আমাকে। মোহনবাগান-ইস্ট বেঙ্গল কর্মকর্তারা আমার সঙ্গে কলকাতার হোটেলে কথা বলেছেন। চার ক্লাবেরই প্রেসিডেন্ট ফোন করেছেন। স্পোর্টিং গোয়া তো দু-তিন বছরের জন্য চুক্তি করতে চায়। অন্যরাও লম্বা সময়ের জন্য চায় আমাকে। এসব তো আমি এড়িয়ে যেতে পারি না?
তাহলে ইউরোপে খেলার স্বপ্ন কি বাদ দিলেন?
নর্দে: ইউরোপে খেলার স্বপ্ন বাদ দিইনি। সুযোগ নিশ্চয়ই একদিন আসবে। তবে এখন আমার সামনে কলকাতার প্রস্তাব কম বড় নয়। তাই আগামী মৌসুমে ভারতে খেলার সম্ভাবনা শতকরা ৮০ ভাগ। আইএফএ শিল্ড আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে। মর্যাদাপূর্ণ ওই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছি, টুর্নামেন্টে সর্বোচ্চ ৪ গোল আমারই। কলকাতায় গিয়ে নিজেকে এক স্তর ওপরে তুলতে পেরেছি আমি।
সামগ্রিকভাবে আপনার কলকাতা-অভিজ্ঞতা কেমন?
নর্দে: শেখ জামাল অনেক বড় বড় দলের সঙ্গে খেলেছে, এটা নতুন অভিজ্ঞতা। প্রতিটি ম্যাচই ছিল কঠিন, সব দলই খেলেছে জেতার জন্য। এটা খুব ভালো লেগেছে। গোটা টুর্নামেন্টই উপভোগ করেছি। আমাদের ক্লাব প্রেসিডেন্ট সব খেলোয়াড়কে উদ্বুদ্ধ করেছেন। বোনাস দিয়েছেন, যা দলের জন্য ভালো ফল এনেছে। কলকাতার সংবাদমাধ্যমসহ সবাই বলেছে, টুর্নামেন্টের সেরা দল শেখ জামাল।
ফাইনালে লাল কার্ড পেয়ে আপনি বেরিয়ে গেলেন। লাল কার্ডটা নিয়ে কিছু বলুন...
নর্দে: ওটা লাল কার্ড ছিল না। মোহামেডানের পক্ষে সিদ্ধান্ত দিয়েছেন রেফারি। যার সঙ্গে ফাউল ধরে ওই লাল কার্ড, সেই ব্রাজিলিয়ান ডিফেন্ডার লুসিয়ানো ম্যাচের পর আমাকে বলেছে, ‘সরি ব্রাদার, তোমার দুর্ভাগ্য।’ ওটা লাল কার্ড হয় না। লুসিয়ানোও লাল কার্ড দেখেছে, গোটা ব্যাপারটাই হাস্যকর।
আপনি ফ্রি-কিকে দুটি বিশ্বমানের গোল করেছেন আইএফএ শিল্ডে। কলকাতার কাগজে দেখলাম, আপনি নাকি রোনালদোর ফ্রি-কিকের সিডি রাখেন আপনার ভ্রমণব্যাগে। এটা কি ঠিক?
নর্দে: এটা ঠিক নয়। তথ্যটা কোথায় পেল ওরা জানি না। আমার প্রিয় খেলোয়াড় মেসুত ওজিল (প্রিয় দল রিয়াল মাদ্রিদ)। ওজিল মাথা ঠান্ডা রেখে খেলে। ভালো পাস বাড়ায়। ওর মতো খেলতে চাই, কিন্তু সেটা তো পারি না (প্রাণবন্ত নর্দের মুখে চওড়া হাসি)।