‘ভারতের বোলিং দুর্বলতা উন্মোচন করে দিয়েছে বাংলাদেশ’
পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার ইমরান খান বিশ্বকাপে ভারতীয় দলের বোলিং আক্রমণ নিয়ে একেবারেই খুশি হতে পারছেন না। তাঁর ভাষায়, ‘ভারতীয় বোলিং দুর্বলতা প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষেই প্রকাশিত হয়ে পড়েছে। ইংল্যান্ডের বিপক্ষে সেই দুর্বলতা আরও মূর্তিমান হয়ে পড়েছে।’ তিনি বলেন, বিশ্বকাপে ভারতীয় দলের সবচেয়ে নড়বড়ে এ বিভাগটি প্রতিযোগিতায় দলটির দুর্ভোগের কারণ হতে পারে।ইংল্যান্ডের বিপক্ষে ৩২৮ রান করেও ম্যাচটি টাই হয়ে যাওয়ায় কেবল ইমরানেরই নয়, ভারতীয় দলের বোলিং দুর্বলতা চোখে পড়েছে প্রায় সবারই। ভারতীয় বোলারদের বল খুব সহজেই খেলতে পারছে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা—আপাতত মূল চিন্তার বিষয় এটিই। ইমরান খান মনে করেন, এ পরিস্থিতিতে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির উচিত দলের জন্য একটি ভালো বোলিং কম্বিনেশন খুঁজে বের করা। এ মুহূর্তে একটি ভালো বোলিং কম্বিনেশনই পারে ভারতীয় দলকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে।গত বুধবার ইংল্যান্ডের বোলিং আক্রমণকে ছত্রখান করে দিয়ে আইসিসির সহযোগী সদস্য দল আয়ারল্যান্ড যেভাবে ম্যাচটি জিতে নিল, তাতে ইমরান খানের মনে হয়েছে, প্রতিটি দলেই কমপক্ষে পাঁচজন বিশেষজ্ঞ বোলারের দরকার রয়েছে। দরকার রয়েছে বৈচিত্র্যের। তাঁর মতে, ‘ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের কন্ডিশনে যেহেতু বোলিংটা একটু কঠিন, তাই এখানে দলের বোলিংয়ে বৈচিত্র্য থাকাটা খুবই জরুরি। আর পাশাপাশি, যাদের বলে কোনো বৈচিত্র্য নেই তাদের দলে নেওয়াও উচিত নয়। ইংল্যান্ডের বিপক্ষে স্পষ্ট বোঝা গেছে ভারতের অনেক বোলারেরই বলে কোনো বৈচিত্র্য নেই।’ ওয়েবসাইট।ইংল্যান্ডের বিপক্ষে আইরিশ ব্যাটসম্যান কেভিন ও’ব্রায়েনের ব্যাটিংটা চোখ এড়িয়ে যায়নি, এই সাবেক গ্রেটের। তিনি বলেন, ‘কেভিন সেদিন বেঙ্গালুরুতে এমন কিছু শট খেলেছেন, যা আমার জীবনে দেখা সেরা ক্রিকেট শট।’ তাঁর মতে, বিশ্বকাপে আয়ারল্যান্ড আরও কিছু চমক উপহার দিতে পারে। দলটিকে অনেক পরিণত মনে হয়েছে।এবারের বিশ্বকাপে জেনুইন পেসাররা যে ভালো করবেন তাঁর প্রমাণ রেখেছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ও অস্ট্রেলিয়ার ব্রেট লি। শোয়েব আকতারও শ্রীলঙ্কার বিপক্ষে নিজেকে মোটামুটি খুঁজে পেয়েছেন। ইমরান খানের মতে, উপমহাদেশের উইকেটে সব সময়ই জেনুইন পেসাররা ভালো করেন।