‘ভালো, তবে আরও ভালো হতে পারত’
ভালোই হয়েছে, তবে আরও ভালো হতে পারত।এই হলো হ্যামিল্টন টেস্টের প্রথম দিনের ময়নাতদন্ত রিপোর্টের সারাংশ। কে করেছে এই ময়নাতদন্ত? বাংলাদেশ দল।দলের মুখপাত্র হয়ে সংবাদ সম্মেলনে তা জানিয়ে গেলেন মোহাম্মদ আশরাফুল। ব্যাখ্যা দিতে গিয়ে বললেন, ‘প্রথম দুই ঘণ্টা আমরা খুব ভালো বোলিং করেছি। কিন্তু গাপটিল আর ম্যাককালামের পার্টনারশিপটা দাঁড়িয়ে যাওয়ায় শেষটা ভালো হয়নি। আরও ২-১টি উইকেট নিতে পারলে দিনটাকে খুব ভালো বলতে পারতাম।’এটা আশরাফুলকে বলতে হবে কেন? সবাই তো তা জানে। আশরাফুল বরং জানাতে পারতেন, নিউজিল্যান্ডের গলায় চেপে বসা ফাঁসটা আলগা হয়ে গেল কীভাবে! সেটি জানালেন অধিনায়ক সাকিব আল হাসান এবং দায়টা নিজেদের কাঁধে তুলে নিয়েই। বাসে উঠতে উঠতে আফসোস করলেন, ‘দ্বিতীয় সেশনের পরের অর্ধেকটা আমরা একটু ছেড়ে দিয়েছি। এতেই সর্বনাশটা হয়েছে। এসব ম্যাচে একবার কর্তৃত্বটা হাতছাড়া হয়ে গেলে আবার তা ফিরে পাওয়া খুব কঠিন।’শেষ কথাটা না হয় বোঝা গেল, কিন্তু প্রথম অংশটা? যে ম্যাচে বাংলাদেশ নিশ্চিতভাবেই আন্ডারডগ, সে ম্যাচে ছেড়ে দেওয়ার প্রশ্ন আসে কীভাবে! ৩ উইকেট তুলে নিয়ে প্রথম সেশনটা অবশ্যই বাংলাদেশের। দ্বিতীয় সেশনের ২১ ওভারের মধ্যেই আরও ২ উইকেট। নিউজিল্যান্ড ৫ উইকেটে ১৫৮। বাংলাদেশ কোথায় আরও দাঁত-নখ বের করে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে, সেখানে অধিনায়ক বলছেন, ‘আমরা একটু ছেড়ে দিয়েছি!’শুনতে অবাক লাগতে পারে। কিন্তু ঘটনা তো তা-ই। গাপটিল আর ম্যাককালামের জুটিটা একটু জমে যেতে না-যেতেই বাংলাদেশের খেলোয়াড়দের হাল ছেড়ে দেওয়া চেহারা। নিউজিল্যান্ডকে বাগে পেয়ে কোথায় টগবগ করে ফুটবেন সবাই, উল্টো বাউন্ডারি লাইনের বাইরে বসে সহকারী কোচ খালেদ মাহমুদকে বারবার চিত্কার করতে হলো—‘কী রে আশরাফুল ছাড়া আর কারও কথা তো শুনি না! বাকিদের কী হলো?’যা হওয়ার তা-ই হয়েছে। শুধু ক্রিকেটীয় দক্ষতার নয়, পাঁচ দিন ধরে শরীর-মনেরও চূড়ান্ত ‘টেস্ট’ নেয় বলেই এর নাম টেস্ট ক্রিকেট। সারা দিন মনঃসংযোগ ধরে রাখার কঠিন কাজটা বাংলাদেশের তরুণ এই দলের এখনো অনায়ত্ত। আশরাফুল প্রকারান্তরে তা স্বীকারও করে নিলেন, ‘টি-টোয়েন্টি খেলার পর ওয়ানডেকেই অনেক লম্বা মনে হয়। ওয়ানডে খেলার পর টেস্ট ক্রিকেটকেও। আমরা ফার্স্ট ক্লাস ম্যাচ অনেক কম খেলেছি। ফার্স্ট ক্লাস ম্যাচ যদি আরও অনেক বেশি খেলতাম, তাহলে হয়তো এই সমস্যাটা হতো না।’দিনের প্রথম ৪১.২ ওভার যদি বাংলাদেশের হয়, শেষ ২৬.৫ ওভার পুরোপুরিই নিউজিল্যান্ডের। ভেট্টোরি আউট হওয়ার পর ওই ২৬.৫ ওভারে গাপটিল-ম্যাককালাম জুটির ১০০। ষষ্ঠ উইকেটে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের নতুন পার্টনারশিপ রেকর্ডটিতেই ম্যাচের লাগামটা হাতছাড়া হয়ে গেল বাংলাদেশের। প্রথম ৭ ওভারে ৩২ রান দিয়ে যাঁর ৩ উইকেট, শেষ ৯ ওভারে উইকেটশূন্য থেকে সেই রুবেলই দিলেন ৫৬ রান। শাহাদাতের শুরু আর শেষে অবশ্য এমন কোনো বৈপরীত্য নেই। তিনি আগাগোড়াই উদারহস্তে রান বিলিয়ে গেলেন। ওভারে প্রায় ৬ করে রান। একটা বল অফ স্টাম্পের বাইরে তো আরেকটা লেগ স্টাম্পের বাইরে। গতি কমে ১৩০-এর নিচে চলে এসেছে, অথচ শর্ট বল করায় প্রবল উত্সাহ! যেকোনো অধিনায়কই বিরক্ত হবেন। সাকিব আল হাসান সেই বিরক্তি প্রকাশও করে ফেললেন, ‘রাজীব খুব হতাশ করেছে। উইকেট নিতে হবে এমন কথা নেই, কিন্তু একটু টাইট বোলিং তো করা যায়। ওর কারণে ওদের ওপরে চাপটা হালকা হয়ে গেছে। আমার বোলিংয়েই যেমন ওরা কোনো ঝুঁকিই নেয়নি। কী দরকার ঝুঁকি নেওয়ার, অন্যদিক থেকে তো ওভারে একটা চার আসছেই।’শাহাদাতে যতটা বিরক্ত, রুবেল-শফিউলে ততটাই সন্তুষ্ট। বিশেষ করে শফিউলের ঠিক জায়গায় বল ফেলার ক্ষমতায়। ১৬ ওভারে ৫৪ রান, প্রথম স্পেলে ম্যাকিন্টোশের উইকেটটি নেওয়ার আগে-পরে অসংখ্যবার ব্যাটের কানা পেতে পেতে পাননি। শরীরটা ফাস্ট বোলিংয়ের জন্য যথেষ্ট পরিণত কি না, এটা নিয়েই যা একটু সংশয়। নইলে ‘লম্বা রেসের ঘোড়া’-ই মনে হচ্ছে শফিউলকে।নিউজিল্যান্ড দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে পিটার ইনগ্রাম বলে গেলেন, ‘উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো। টস হেরে আমাদের ভালোই হয়েছে।’ ৬৬ রানে ৩ উইকেট ফেলে দেওয়ার পর সাকিব আল হাসান তা মানবেন না স্বাভাবিক, ‘উইকেটে পেসারদের জন্য অবশ্যই কিছু ছিল। টস হারলে আমাদের বিপদ হতো। এর মধ্যেই হয়তো অলআউট হয়ে যেতাম।’প্রথম দিনের সবুজ উইকেটে বল টার্ন না করায় বিস্মিত নন, তবে সাকিব কিছুটা বিস্মিত উইকেটের এমন ধীরগতি দেখে। ২০ ওভারে মাত্র ৩৪ রান দিয়ে ১ উইকেট। ব্যাটসম্যানের নাম ড্যানিয়েল ভেট্টোরি বলে বাড়তি একটা তৃপ্তিও তো থাকার কথা। বিশেষ করে যেভাবে উইকেট থেকে বেরিয়ে গিয়ে ফ্লাইট মিস করে বোল্ড হলেন! বাড়তি তৃপ্তি আছে, তবে সেটি দুই অলরাউন্ডার-অধিনায়কের দ্বৈরথের দৃষ্টিকোণ থেকে নয়, ভেট্টোরি বাঁহাতি বলে, ‘যেকোনো উইকেটই আনন্দের। তবে বাঁহাতির উইকেট পেলে বেশি আনন্দ হয়। বাঁহাতিদের বল করতে আমার খুব একটা স্বচ্ছন্দ লাগে না।’প্রথম দিন শেষে ম্যাচে সাম্যাবস্থা দেখছেন সাকিব। ইনগ্রামও একমত। দ্বিতীয় দিনের প্রত্যাশার জায়গায় অনুমিতভাবেই দুজন দুই মেরুতে। আর একটা উইকেটই চার বোলারের কিউই লেজটার দেখা মিলিয়ে দেবে বলে সাকিব নিউজিল্যান্ডকে কম রানেই বেঁধে ফেলার আশা করছেন। নির্দিষ্ট করে অঙ্কটা অবশ্য বললেন না। টেস্ট অভিষেকের আনন্দে ডগমগ ইনগ্রাম যা বলেই দিলেন। কত রান আশা করছে নিউজিল্যান্ড? ইনগ্রামের উত্তর—‘চার শ থেকে সাড়ে চার শ।’