'ভালো করা'র মিশন হকির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ার গেমস হকিতে গতবার বাংলাদেশ খুবই বাজে খেলেছিল। ১০ দলের প্রতিযোগিতায় হয়েছিল অষ্টম। এবার বাংলাদেশের লক্ষ্য একধাপ এগোনো। সে লক্ষ্য নিয়ে আজ দক্ষিণ কোরিয়া রওনা হচ্ছে হকি দল।

তিন মাস প্রস্তুতি নিলেও তারুণ্যনির্ভর বর্তমান দলের ওপর প্রত্যাশা রাখা অনেকের কাছে বাড়াবাড়ি মনে হচ্ছে। সদ্য বিশ্ব হকি লিগে ঢাকায় শ্রীলঙ্কা ও হংকংয়ের সঙ্গে মোটেও ভালো খেলেনি বাংলাদেশ। ওই দুটি ম্যাচ দেখে হকি অঙ্গনের সবাই হতাশ।

দলে অভিজ্ঞ খেলোয়াড় হাতে গোনা দু-তিনজন। বাকি সবাই নতুন। জিমিসহ চার অভিজ্ঞ খেলোয়াড় নিষিদ্ধ হয়ে আছেন। তাঁদের জায়গা নেওয়া তরুণেরা কত দূর কী করতে পারবেন বলা কঠিন। গ্রুপে সিঙ্গাপুরের বিপক্ষে তৃতীয় ম্যাচটাই একটু সহজ হতে পারে বাংলাদেশের জন্য। বাকি তিন প্রতিপক্ষ জাপান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দিতে হবে বড় পরীক্ষা।

সেটা মেনেও অধিনায়ক মামুনুর রহমান চয়ন বলছেন, ‘আগের চেয়ে ভালো করতে চাই। পাঁচ-ছয়ে থাকতে পারলে খুবই ভালো। সেই চেষ্টাই করব আমরা। তবে সাতের নিচে নামা যাবে না। চীনের সঙ্গে সাম্প্রতিক সময়ে যেমন খেলেছিলাম, সে রকম খেলতে পারলে পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলা অসম্ভব মনে করি না।’