‘ভালো কিছু’র আশায় আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেডারেশন কাপ গেল, স্বাধীনতা কাপ গেল। সর্বশেষ দুই ম্যাচের বড় পরাজয়ে শেষ আশা প্রিমিয়ার লিগও শেষ হয়ে গেল দিন কয়েক আগে। ঘরোয়া মৌসুমটা এবার শিরোপাহীনই গেল আবাহনীর। এত সব দুঃখ পেছনে রেখেই আজ এএফসি প্রেসিডেন্টস কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে খেলতে নামছে বাংলাদেশ পেশাদার লিগের চারবারের চ্যাম্পিয়নরা।কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আবাহনীর প্রতিপক্ষ নেপালের থ্রি স্টারস ক্লাব। দুই বছর আগে বরদুলই ট্রফির সেমিফাইনালে এই থ্রি স্টারসকে ৩-০ গোলে হারিয়েছিল আবাহনী। থ্রি স্টারস দলটা এখন আর দুর্বল নয়। উল্টো আবাহনীরই যাচ্ছে দুঃসময়। কাল কাঠমান্ডু থেকে টেলিফোনে আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস (রুপু) বললেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এ মৌসুমে আমরা কিছুই জিততে পারিনি। লিগেও ছেলেরা শেষ দিকে খারাপ খেলেছে। এ জন্য তিন দিন আগেই এখানে চলে এসেছি। এখন দলের সবাই ভালো কিছু উপহার দিতে উন্মুখ হয়ে আছে।’ কিন্তু ‘ভালো কিছু’ কি আসবে? চোটগ্রস্ত দল নিয়ে কোচ আরদেশির পোরনেমাত যে দুশ্চিন্তাগ্রস্ত। প্রাণতোষ, সুজন ও তৌহিদ চোট কাটিয়ে উঠলেও মিশু এখনো ফিট নন। আবাহনীর পরের দুটি ম্যাচ ৯ ও ১১ মে, প্রতিপক্ষ তাইওয়ানের পাওয়ার কোম্পানি ও মঙ্গোলিয়ার আর্চিম।