‘ভালো লাগার মতো ক্রিকেটার কোথায়!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারপাশে সব বার্মি-আর্মি, মাঝখানে বসে আছেন তিনি নিউজিল্যান্ডের জার্সি গায়ে। তবে কি বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট দেখতে নিউজিল্যান্ড থেকে চলে এসেছেন কেউ? রহস্যের সমাধান হোক রজার বার্নিকাটের কণ্ঠেই আপনি বার্মি-আর্মি না ‘কিউই আর্মি’ সেটাই বোঝা যাচ্ছে না...রজার বার্নিকাট: হা..হা..হা...যাতে কেউ বুঝতে না পারে এ জন্যই তো এই জার্সি! আমি সবাইকে দ্বিধায় ফেলতে চাই। এই জার্সি কিনেছি নিউজিল্যান্ড থেকেই। হোটেলে, এখানে গ্যালারিতে কয়েকজন আমাকে জিজ্ঞাসাও করেছে আমি নিউজিল্যান্ড থেকে এসেছি কি না। আমি হ্যাঁও করিনি, নাও বলিনি। একজন ভদ্রলোক আমাকে বলেছেন, সামনেই নিউজিল্যান্ড বাংলাদেশে আসছে, আমি গোয়েন্দাগিরি করতে এসেছি কি না! কালকে আমি শ্রীলঙ্কার জার্সি পরব, সবাই আরও দ্বিধায় পড়ে যাবে, হা...হা...। শ্রীলঙ্কার জার্সি কি শ্রীলঙ্কা থেকেই কিনেছিলেন?বার্নিকাট: হ্যাঁ, উপমহাদেশে এই নিয়ে তৃতীয়বার এলাম। শ্রীলঙ্কা ছাড়া এর আগে বার্মি-আর্মির সঙ্গেই ভারতে গিয়েছিলাম। পাকিস্তানে যাওয়া হয়নি, ওখানে নানা রকম ঝামেলা। আমার অবশ্য সমস্যা নেই, কিন্তু দলই তো যাচ্ছে না! কত দিন হলো বার্মি-আর্মির হয়ে এভাবে ঘুরে বেড়ানো?বার্নিকাট: প্রায় বছর পনেরো তো হবেই। ফায়ার সার্ভিসে চাকরি করতাম। অবসরের পর এখন দুনিয়াজুড়ে ক্রিকেট দেখাই মূল কাজ। পাকিস্তান ছাড়া প্রধান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মোটামুটি সবগুলোতেই গিয়েছি। বার্মি-আর্মির সাংঠনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হয়? নিজেদের মধ্যে যোগাযোগটা হয় কীভাবে?বার্নিকাট: আসলে যারা ইংল্যান্ডের সমর্থক সবাই বার্মি-আর্মি। এ জন্য সদস্যপদ নিতেই হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, কিছু সাংঠনিক কার্যক্রম তো আছেই, বেশ কিছু লোক আছে যারা মূল সংগঠক হিসেবে কাজ করে। বার্মি-আর্মির ওয়েবসাইটের মাধ্যমেই মূল যোগাযোগটা হয়। যারা সফরে যেতে চায়, তারা নিজে থেকেও সংগঠকদের ফোন করে খোঁজখবর নেয়। দুভাবে সফরে যাওয়া যায়, কেন্দ্রীয়ভাবে সংগঠকদের একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়া যায়, বাকি সব দায়িত্ব সংগঠকদের। আবার ইচ্ছে করলে সব খরচ নিজেরাও চালানো যায়, সে ক্ষেত্রে হোটেল, যাতায়াতের ব্যবস্থা নিজেদেরই করতে হবে। বার্মি-আর্মির বিপক্ষে কিন্তু কিছু অভিযোগও আছে...বার্নিকাট: অস্বীকার করব না। আসলে এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার, যে যেভাবে নেয়। দু-একজন ‘হার্ডকোর’ ফ্যান একটু উল্টোপাল্টা মাঝেমধ্যে করে, তবে মনে রাখতে ওরা সবাই ইংল্যান্ডকে ভালোবাসে। আমি কিন্তু ‘হার্ডকোর’ না... এবার কতজন এসেছেন আপনারা?বার্নিকাট: আমাদের গ্রুপে আছে ৩০ জনের মতো। সব মিলিয়ে শ-তিনেক তো হবেই। ঢাকা টেস্টের আগে অনেকে ফিরে যাবে, অনেকে আবার আসবে। সংখ্যাটা তাই কমবেশি এমনই থাকবে। ওয়ানডে সিরিজের সময় কিন্তু এত দেখা যায়নি...বার্নিকাট: বার্মি-আর্মি সাধারণত টেস্টেই বেশি থাকে। আমি ওয়ানডেতে আসিনি, কারণ অ্যাশেজের জন্য টাকা জমাচ্ছি। বছরের শেষের দিকে অ্যাশেজ, আর অস্ট্রেলিয়ায় অনেক খরচ। বার্মি-আর্মির অ্যাশেজ প্রস্তুতি তাহলে শুরু হয়ে গেছে?বার্নিকাট: অবশ্যই, খুব জোরেশোরে নয়, তবে শুরু হয়েছে। অ্যাশেজটাই তো সবচেয়ে বড় উপলক্ষ। সংগঠকেরাই প্রস্তুতি নিচ্ছে, নিশ্চিতভাবেই আমাদের প্রিয় ‘বন্ধু’ অস্ট্রেলিয়ানদের উত্সর্গ করে কিছু গান, কবিতা লেখা হবে। প্রতি সফরেই অফিসিয়াল টি-শার্ট থাকে, সেই টি-শার্টেও ব্যঙ্গ করে কিছু একটা লেখা এবং আঁকা হবে। আরও অনেক কিছু থাকবে, এখনো চূড়ান্ত হয়নি। কী মনে হয়, ইংল্যান্ড অ্যাশেজ ধরে রাখতে পারবে?বার্নিকাট: দেশপ্রেমিক হিসেবে বলতে হবে ‘হ্যাঁ’, কিন্তু কানে কানে বলি, কোনো সম্ভাবনা নেই। ইংল্যান্ড বাংলাদেশের মতোই, এক দিন ভালো, তো এক দিন খারাপ। কোনো ধারাবাহিকতা নেই। তার মানে বাংলাদেশের খোঁজখবরও রাখেন?বার্নিকাট: আসলে তেমন না। তবে ইন্টারনেটে খেলার ফলাফলগুলো দেখি। ইংল্যান্ড দলে প্রিয় ক্রিকেটার কে?বার্নিকাট: (একটু চিন্তা করে) অ্যালিস্টার কুক। কুকের ইনিংসটা তাহলে নিশ্চয়ই উপভোগ করেছেন?বার্নিকাট: সত্যি বলব? একটুও না। ওর ব্যাটিং আসলে আমার এতটা ভালো লাগে না। কুক আমার কাউন্টির (এসেক্স) বলেই ওর কথা বললাম। আসলে এই দলে ভালো লাগার মতো ক্রিকেটার কোথায়! হা...হা..হা...।