‘ভালো’ আছেন রাইডার
প্রতিদিনই একটু একটু করে উন্নতি হচ্ছে জেসি রাইডারের শারীরিক অবস্থা। কোমা থেকে বেরিয়েছিলেন শনিবার। সেদিনই খুলে নেওয়া হয়েছে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস যন্ত্র, টুকটাক কথা বলাও শুরু করেছেন। কাল তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে সরিয়ে আনা হয়েছে। রোগী নিজেই এবার জানান, তিনি এখন অনেকটাই ভালো বোধ করছেন। এত মানুষের ভালোবাসা এবং আরোগ্য কামনায় এত এত বার্তা পেয়ে তিনি অভিভূত।নিউজিল্যান্ড ক্রিকেটের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাইডার জানিয়েছেন সর্বশেষ অবস্থা, ‘সবাইকে জানাতে চাই, আমি ভালো আছি। আজ অনেকটা ভালো বোধ করছি, তবে এখনো অনেক ক্লান্ত, অবসন্ন। সবার পাঠানো বার্তাগুলো আমি পড়ছি। কয়েক দিন ধরে যাঁরা আমাকে নিয়ে ভাবছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ।’ম্যানেজার অ্যারন ক্লির কাছ থেকে রাইডার জেনেছেন, তাঁর এ ঘটনায় গোটা নিউজিল্যান্ড বিষণ্ন। ক্লি জানান, এসব শুনে রাইডার হাসপাতাল ছাড়ার জন্য উসখুস করছেন, ‘সে বেশ অস্থির হয়ে আছে। আজ (কাল) বিকেলে ওর সঙ্গে খানিক খুনসুটি হলো, এক-দুই শব্দে আরকি! ওকে বলেছি, এ মুহূর্তে নিউজিল্যান্ডে সবচেয়ে বেশি আলোচনা ওকে নিয়েই। ক্রিকেট নিয়েও জানতে চেয়েছে সে। তবে আমি ওকে বলেছি, “ক্রিকেটে ফিরতে তোমার এখনো অনেকটা সময় লাগবে বন্ধু!” ওয়েবসাইট।আন্তর্জাতিক ক্রিকেট থেকে স্বেচ্ছানির্বাসিত রাইডার এবার ঘরোয়া ক্রিকেটে ছিলেন দুর্দান্ত ফর্মে। তীব্র পানাসক্তির সমস্যা থেকেও বেরিয়ে আসছিলেন অনেকটাই। ধারণা করা হচ্ছিল, জুনের চ্যাম্পিয়নস ট্রফি থেকেই আবার কিউই জার্সি গায়ে দেখা যেতে পারে বিধ্বংসী এই বাঁহাতি ব্যাটসম্যানকে। কিন্তু শিগগিরই আর ফেরা হচ্ছে না ২৮ বছর বয়সী ব্যাটসম্যানের।