'ভাড়াটে সৈনিক' গেইল!

অভিযোগটা বেশ গুরুতরই বটে। দেশে দেশে বাণিজ্যের মোড়কবন্দী ঘরোয়া টি-টোয়েন্টি লিগে বেশি বেশি অংশ নেওয়ায় অনেকেই গেইলকে ‘ভাড়াটে সৈনিক’ হিসেবে অভিহিত করা শুরু করেছেন। তবে এই অভিধায় ভালোই চেটেছেন গেইল। কারও শরীরে এ ধরনের তকমা এঁটে দেওয়াটা ক্রিকেটের জন্যই ক্ষতিকর বলে মন্তব্য করেছেন মারকুটে এই ক্যারিবীয় ব্যাটসম্যান।
এখনো পর্যন্ত আইপিএল, বিগব্যাশ, বিপিএলসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে আয়োজিত প্রায় সব ঘরোয়া টি-টোয়েন্টি লিগেই খেলার অভিজ্ঞতা হয়েছে গেইলের। ব্যাটিংটা মারমুখী হওয়ায় এসব লিগে গেইলের চাহিদা প্রবলই। ব্যাপারটা বোঝেন খোদ গেইলও। তাই অনেকবারই এসব লিগে খেলতে গিয়ে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সঙ্গে বিবাদে জড়িয়েছেন তিনি। কিন্তু গেইল নিজে এসব লিগে খেলা আর দেশের হয়ে খেলার মধ্যে কোনো বিরোধ খুঁজে পান না। তিনি বলেছেন, ‘আমাকে নিয়ে যা বলা হয়েছে সেটা সত্যিই বেদনাদায়ক। জাতীয় দলের হয়ে খেলতে পারাটা যে কোনো ক্রিকেটারেরই স্বপ্ন। ভাড়াটে সৈনিক অভিধাটি ক্রিকেটেরই ক্ষতি করবে। এই ভাড়াটে সৈনিকেরাই টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করছে। তাদেরকে সবাই সমর্থনও করছে। তাহলে এই ধরনের শব্দ ব্যবহার করা হচ্ছে কেন?’
টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে ওয়েস্ট ইন্ডিজের শিরোপা জয়ের পেছনে আইপিএলের মতো প্রতিযোগিতায় অংশগ্রহণের সুফলও খুঁজে পেয়েছেন গেইল। তাঁর ভাষায়, ‘আমি সব সময়ই ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চেয়েছি। যখন আমি দলে ছিলাম না, তখন আমাকে পরিবারের খরচ চালানোর জন্য টি-টোয়েন্টি খেলতে হয়েছে। আর দেখেন ২০১২ সালে কী হয়েছিল। আমরা বিশ্বকাপ জিতেছিলাম। আমি, ব্রাভো, সুনীল নারাইন আইপিএল খেলে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। আইপিএলে এখন ওয়েস্ট ইন্ডিজের অনেকে খেলে। ক্রিসমার সানটোকি, জ্যাসন হোল্ডারের জন্য এই অভিজ্ঞতাটা কাজে দেবে।’
সমালোচনা যতই হোক, টি-টোয়েন্টি বিশ্বকাপে যে গেইলের এই অভিজ্ঞতা সত্যিই কাজে দেবে সেটা অস্বীকার করার উপায় নেই।—ক্রিকইনফো