‘ভিডিভি’ও কিন্তু আছেন
ওয়েসলি স্নাইডার প্রতিদিনই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন, ইনজুরি থেকেই ফিরেই প্রত্যাশানুযায়ী আলো ছড়াচ্ছেন আরিয়েন রোবেন, মিডফিল্ডে দারুণ খেলছেন মার্ক ফন বোমেল, জিওভানি ফন ব্রঙ্কহর্স্টরা, কিন্তু তাঁর কথা কেউ বলছে না। হল্যান্ড যে আজ সেমিফাইনালে, এতে অবদান কিন্তু কম নেই রাফায়েল ফন ডার ভার্টেরও! রোবেনের ইনজুরির পরও গ্রুপ পর্বের তিনটি ম্যাচ জিততে যে কোনো সমস্যা হয়নি হল্যান্ডের, এতে বড় ভূমিকা আছে কিন্তু ফন ডার ভার্টের।‘ফন ডার ভার্ট’ নামকে সংক্ষিপ্ত করে সতীর্থরা ডাকেন ‘ভিডিভি’ নামে। দেশে অবশ্য অনেকে তাঁকে ‘ডাচ বেকহাম’ বলেও ডাকেন। নিজে সুদর্শন এটা একটা কারণ, আরেকটা কারণ ডেভিড বেকহামের স্ত্রীর মতো তাঁর স্ত্রীও বিখ্যাত। সিলভিয়া ফন ডার ভার্ট হল্যান্ডের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা। বেকহামের মতো রিয়ালে ফন ডার ভার্টের জার্সি নম্বরও ২৩। তবে পাদপ্রদীপের আলোতে থাকাটা তাঁর ঠিক পছন্দ নয়, নীরবে নিজের কাজটুকু করে যেতে পারলেই খুশি।যেমন করেছেন ক্লাব ফুটবলের সর্বশেষ মৌসুমে। দারুণ একটা চ্যালেঞ্জ জিতেছেন ফন ডার ভার্ট। রিয়াল মাদ্রিদের ‘ডাচ হটাও’ অভিযানে কাটা পড়েছিলেন স্নাইডার, রোবেন, হান্টেলাররা। বিক্রি করে দেওয়ার কথা ছিল তাঁকেও, কিন্তু বাঁচিয়ে দেন কাকা। আরও নির্দিষ্ট করে বললে কাকার ইনজুরি। কাকার ইনজুরিতেই সেরা একাদশে জায়গা ফিরে পেয়েছিলেন ফন ডার ভার্ট, সুযোগটা এমনভাবে কাজে লাগালেন যে ভার্টকে বিক্রির চিন্তা ঝেড়ে ফেলল রিয়াল। ভার্টও স্পেন ছাড়তে চাইছিলেন না। কারণ তাঁর বাবা ডাচ হলেও মা স্প্যানিশ। মায়ের দেশের প্রতি অন্য রকম একটা টান আছে তাঁর।হল্যান্ড দলে অবশ্য জায়গা নিয়ে প্রশ্ন ওঠেনি খুব একটা। ২৭ বছর বয়সেই তাই দলের অভিজ্ঞ ফুটবলারদের একজন, খেলে ফেলেছেন ৮১ ম্যাচ। তাঁর প্রিয় পজিশনেই খেলেন রোবেনকে। আর ফন ডার ভার্টকে একেক সময় মাঝমাঠের একেকটা জায়গায় খেলতে হচ্ছে বলে সেরা একাদশে জায়গাটা ঠিক নিশ্চিত নয়। তবে দলের পরিকল্পনার গুরুত্বপূর্ণ একটা অংশ জুড়ে ছিলেন সব সময়ই। এই বিশ্বকাপেই যেমন শুরুতে রোবেনের অভাবটা বুঝতে দেননি। রোবেন আসার পর অবশ্য সেরা একাদশে জায়গা হারিয়েছেন। তবে হারাননি উদ্যম, জানিয়ে দিয়েছেন সুযোগ পেলেই নিজেকে উজাড় করে দিয়ে খেলবেন।যেমন পাচ্ছেন আজ, দুই হলুদ কার্ড পাওয়া নাইজেল ডি ইয়ংয়ের জায়গায় আজ ফন ডার ভার্টের নামার সম্ভাবনাই বেশি। ‘ভিডিভি’র কাছ থেকে আজ হয়তো দেখা যাবে আরেকটি কার্যকর পারফরম্যান্স। এএফপি।