‘ভিভা এসপানা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পেনাল্টি স্পটে ওমন অবিশ্বাস্য লাফিয়ে ওঠা লোকটি কে? মাইকেল জর্ডান... নাকি কোনো সুপারম্যান? না, আর কেউ নয়, এ আমাদের পুয়োল।’ স্প্যানিশ দৈনিক এল মুন্ডোর পাতায় এভাবেই কার্লোস পুয়োল তুলনীয় হলেন বাস্কেটবল কিংবদন্তি জর্ডান আর কমিকস হিরো সুপারম্যানের সঙ্গে। এই পুয়োলই যে উঁচুতে লাফিয়ে উঠে হেড করে স্পেনকে পৌঁছে দিয়েছেন ফাইনালে।পুয়োল গোল করেছেন বলেই তাঁকে নিয়ে আলাদা করে শিরোনাম হচ্ছে। এমনিতে কিন্তু পরশু সুন্দর ফুটবলের পসরা সাজিয়ে বসা পুরো স্পেন দলই খেলেছে দুর্দান্ত। এল মুন্ডো উল্লেখ করতে ভোলেনি সেটাও। বরং জানিয়ে দিয়েছে, ব্রাজিল নয়, সুন্দর ফুটবলের বিজয় কেতন এখন উড়াবে স্পেনই, ‘স্পেন শুধুই একটা জয় পায়নি, অনুপম প্রদর্শনী সাজিয়ে বসেছিল। ব্রাজিল ১৯৭০ বিশ্বকাপে দারুণ একটা দল ছিল বটে, শিগগিরই সেই দলের গৌরব হয়ে যাবে স্পেন ২০১০-এর। জাভি, ইনিয়েস্তা, আলোনসোদের মতো জাদুকরদের হাতে সুন্দর শিল্প রূপান্তরিত হবে খেলার মাঠে।’মার্কা অবশ্য আবেগের পথে হাঁটেনি। চাঁছাছোলা ভাষাতেই সত্য কথাটা বলে দিয়েছে তারা, ‘এটাই বিশ্বের সেরা দল’। এল পাইস কিন্তু ধরে রাখতে পারেনি আবেগ, ‘ফুটবল যদি একটা শিল্প এবং বীরত্বের আধার হয়, তবে সেটি দেখতে তাকিয়ে থাকতে হবে স্পেনের দিকেই।’পুরো জাতিকে এই অভূতপূর্ব, অনির্বচনীয় আনন্দে ভেসে যাওয়ার উপলক্ষ এনে দেওয়ায় এএস কৃতজ্ঞতাই জানিয়েছে পুরো দলকে, ‘এই অভিজ্ঞতা আমাদের আগে কখনো হয়নি। এমনকি বৃদ্ধস্য বৃদ্ধটিও তাঁর জীবনে এই অভিজ্ঞতা পাননি। এই প্রথম যে স্প্যানিশ দল বিশ্বকাপের ফাইনালে খেলছে।’পুরো দেশের সামগ্রিক ছবিটাও এক লাইনে বুঝিয়ে দিয়েছে পত্রিকাটি, ‘পুরো স্পেনই এখন একটা উৎসবের দেশ।’ ঠিক তাই। বার্সেলোনা থেকে মাদ্রিদ, সেভিয়া থেকে ভ্যালেন্সিয়া—সব বড় শহরে কান পাতলেই যেন শোনা যাচ্ছিল একটা স্লোগান—‘ভিভা এসপানা’—স্পেনের জয় হোক!জয় হতে তো আর বেশি বাকি নেই। একটা মাত্র ম্যাচ। সেটিতে জিতলেই স্প্যানিশরা হাতে তুলে নেবে তাদের প্রথম বিশ্বকাপ ট্রফিটা। ট্রফি আসবে কি না, সেটা জানতে ১১ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু স্প্যানিশরা আর অপেক্ষা করতে রাজি না। জার্মানিকে হারিয়ে সেমিফাইনালের উৎসব করতে বিশ্ব জয়ের আনন্দ নিয়েই রাস্তায় নেমে এসেছিল স্পেনের লোকজন।সারা দেশের উৎসব যেন মূর্ত হয়ে উঠেছিল মাদ্রিদের রাস্তায়। আতশবাজি, ভুভুজেলা, গাড়ির হর্ন আর হাজারো মানুষের কণ্ঠ মিলে কাঁপিয়ে তুলেছিল মাদ্রিদের আকাশ-বাতাস। বাড়িগুলোর ব্যালকনি, ছাদ, বার-রেস্তোরাঁ সব জায়গায় লাল-সোনালি পতাকা আর উৎসব।মাদ্রিদে উৎসব করতে থাকা এই হাজারো মানুষের একজন, ১৭ বছর বয়সী জুলিয়া বলছিলেন, ‘আমরা মহা আনন্দিত। জয়টা আমাদেরই প্রাপ্য ছিল।’ একই বয়সী হুয়ান সিয়েরা আবার ব্যাখ্যাও করছিলেন কেন জয়টা প্রাপ্য ছিল, ‘আমরা ওদের চেয়ে অনেক বেশি সুযোগ পেয়েছি। আমরা ম্যাচে কর্তৃত্ব করেছি। দ্বিতীয়ার্ধে জার্মানরা তো ক্লান্ত হয়ে পড়েছিল। আর বদলি খেলোয়াড়দের জন্য আমরা উল্টো সতেজ হয়ে গিয়েছিলাম।’শুধু কি সাধারণ মানুষ? প্রধানমন্ত্রী হোসে লুই রদ্রিগেজ জাপাতেরো পর্যন্ত একটি রেডিওকে বলেছেন, ‘ওরা দারুণ বুদ্ধিমত্তা, আভিজাত্য ও আবেগের সঙ্গে একটা দল হয়ে খেলেছে। এটা আমাদের জন্য বিশাল আনন্দের ব্যাপার।’শুধু আনন্দের নয়, স্প্যানিশদের জন্য এই দিনটি খানিকটা নিজেদের ফিরে পাওয়ার ব্যাপারও। এ রকম একজন মানুষ, ৫২ বছর বয়সী ফ্রান্সিকো গিমেনো বলছেন, ‘স্বৈরতন্ত্র (১৯৩৯ থেকে ১৯৭৮) শেষ হওয়ার পর লোকজন জাতীয় পতাকার জন্য লজ্জিত ছিল। আমার মনে হয় এই হীনম্মন্যতাটা এবার আমরা কাটিয়ে উঠতে পেরেছি।’ এএফপি, রয়টার্স।