‘ভিলানোভা গার্দিওলা নন’
বার্সেলোনার কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন পেপ গার্দিওলা। নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন তাঁরই সহকারী টিটো ভিলানোভা। বার্সা-সমর্থকদের মনে এখন একটাই প্রশ্ন, যে বার্সেলোনাকে গার্দিওলা এই পর্যায়ে নিয়ে এসেছেন, সেই ধারাবাহিকতা কি রক্ষা করতে পারবেন ভিলানোভা? বার্সেলোনা কি তাদের ‘ভিন্ন গ্রহের’ খেলাটা চালিয়ে যেতে পারবে? বার্সার মিডফিল্ডার ইনিয়েস্তা অবশ্য সমর্থকদের এ ধরনের ভাবনার বিরোধিতাই করেছেন। এ ধরনেরও প্রত্যাশারও অবসান চেয়েছেন তিনি। নতুন ভিলানোভাকে গার্দিওলার সঙ্গে বারবার তুলনা করলে তাঁর প্রতি অবিচারই করা হবে বলে মনে করেন এই মিডফিল্ডার। ভিলানোভাকে তাঁর মতো করে কাজ করার স্বাধীনতাই দেওয়া উচিত বলে মনে করেন ইনিয়েস্তা।দীর্ঘদিন ধরেই একসঙ্গে কাজ করেছেন পেপ গার্দিওলা ও টিটো ভিলানোভা। গার্দিওলা সরে দাঁড়ানোর পর বার্সেলোনার খেলার ধরন যেন খুব বেশি পরিবর্তিত না হয়ে যায়, এই আকাঙ্ক্ষা থেকেই তাঁর সহকারী ভিলানোভাকে নতুন কোচের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু এখন তাঁকে যেন গার্দিওলার ছায়া হয়ে কাটাতে না হয়—এমনটাই প্রত্যাশা করছেন আন্দ্রেস ইনিয়েস্তা। স্প্যানিশ একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘এখন ভিলানোভার কাজ করার সময়। আমরা কিছুতেই মনে করতে পারি না যে, তিনি আরেকজন গার্দিওলা হয়ে উঠবেন। প্রত্যেক কোচেরই কিছু নিজস্ব বৈশিষ্ট্য ও কৌশল থাকে।’এতদিন সহকারী হিসেবে কাজ করলেও বার্সেলোনার মূল কোচ হিসেবে খাপ খাইয়ে নেওয়ার জন্য ভিলানোভাকে কিছু সময়ও দেওয়া দরকার বলে মনে করেন ইনিয়েস্তা। তিনি বার্সেলোনার সমর্থকদের উদ্দেশে বলেছেন, ‘আমরা তাঁর কাছে এটা প্রত্যাশা করতে পারি না যে তিনি প্রথম বছরেই দলকে ট্রেবল জেতাবেন। এই মুহূর্তে সবারই উচিত তাঁর পাশে থেকে তাঁকে সমর্থন জোগানো ও তাঁকে সহযোগিতা করা।’ ইএসপিএন