'ভীরু' সুইডেনে স্বপ্নভঙ্গ যুক্তরাষ্ট্রের

ফুটবলে সব সময়ই কি সেরা দলটি জেতে? অনেক সময় ভাগ্যই যেন ব্যবধান গড়ে দেয় ম্যাচে। এবারের অলিম্পিকে মেয়েদের ফুটবলের অন্যতম ফেবারিট যুক্তরাষ্ট্র দল সুইডেনের বিপক্ষে হেরে সেমিফাইনালে উঠতে পারেনি। ব্রাসিলিয়ায় টাইব্রেকারে হেরে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের গোলরক্ষক হোপ সোলোর মনে হচ্ছে, ফুটবলে সব সময়ই যোগ্যতম দলটি জেতে না।
নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ গোলে জেতে সুইডেন।
সোলোর দুঃখটা হচ্ছে, ভালো খেলেও তাঁর দল জিততে পারেনি। সুইডেনের কৌশলী ফুটবলকে সোলোর মোটেও ‘সাহসী’ কৌশল মনে হয়নি, ‘আজকের ম্যাচে নিশ্চিতভাবেই সেরা দলটি জেতেনি। আমরা একদল ভীরু ফুটবলারের সঙ্গে খেলেছি। দর্শকেরা সবাই দেখেছে যুক্তরাষ্ট্রের খেলোয়াড়েরা হৃদয় উজাড় করেই খেলেছে। আমরা আমাদের সেরাটাই দিয়েছি মাঠে।’
সুইডেনের লিসা ডাহালকভিস্টের শেষ শটটির আগে ‘সময় নষ্ট’ করার অভিযোগ উঠেছে সোলোর বিপক্ষে। তিনি এ সময় গ্লাভস পরিবর্তন করার ছুতোয় প্রতিপক্ষ খেলোয়াড়ের মনোযোগ নষ্ট করার চেষ্টা করেছেন বলে অভিযোগ সুইডেনের।
সুইডিশ গোলরক্ষক হেডভিগ লিন্ডহাল তো বলেই ফেললেন, ‘সে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চালিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি।’
সোলো যে সুইডেন দলকে ‘ভীরু’ বলেছেন, তাঁর জবাব দিয়েছেন সুইডেনের কোচ পিয়া সুন্দহাগে। বলেছেন, ‘ম্যাচ জিতলে ভীরু হলেও সমস্যা নেই।’
অবশ্য প্রতিপক্ষের খেলার প্রশংসাই করেছেন যুক্তরাষ্ট্রের কোচ জিল এলিস, ‘সুইডেন পরিকল্পনামাফিক খেলেছে। দলের সামর্থ্য বুঝে পরিকল্পনা সাজানোটাই এখানে কাজে এসেছে।’ সূত্র: এএফপি।