‘ভুল করেছি এবং তা বুঝতেও পেরেছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ ১-১। ওয়ানডেতে ২-১ হার। ব্যর্থতাকে সঙ্গী করেই কাল জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে অবশ্য সব ছাপিয়ে মূল আলোচ্য হয়ে উঠল অধিনায়কের পদত্যাগের পূর্বাপর। তারই সূত্র ধরে বিমানবন্দরে নানা প্রশ্নের মুখোমুখি মুশফিকুর রহিম। সেখানে ছিলেন মাসুদ আলম জানতেন জিম্বাবুয়ে সিরিজ পর্যন্তই আপনার অধিনায়কত্ব ছিল। তার পরও কিসের ভিত্তিতে পদত্যাগ?মুশফিকুর রহিম: কোনো কিছুর ভিত্তিতে নয়। রেজাল্ট যেটা আমরা চাইছিলাম, সেটা হয়নি। ওয়ানডেতে হেরে যাওয়ার পর আসলে নিজের কাছেই বিশ্বাস হচ্ছিল না। এই পদত্যাগের পেছনে টিমমেট বা অন্য কোনো কারণ বা অফ দ্য ফিল্ড কিছু ছিল না। এটা আসলে আবেগের বশে আমার সিদ্ধান্ত ছিল। আমি বলেছি, এটা আমার ভুল ছিল। এ ব্যাপারে বোর্ড মিটিং যখন হবে, তখন আমাকে ডাকা হলে আমি আমার কথা বলব। সিরিজ চলার সময় এমন সিদ্ধান্ত দলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে ভেবেছিলেন?মুশফিক: হয়তো বা আপনাদের চোখে সেটা মনে হতে পারে। তবে অবশ্যই তখন এটা বলা উচিত হয়নি আমার। আমার মনে হয়, এমন কিছু জিনিস, যেগুলো আমরা পরিকল্পনা করে মাঠে গিয়ে কাজে লাগাতে পারিনি। অধিনায়ক হিসেবে বলব, অবশ্যই আমার ভুলটাই হয়তো বেশি ছিল। তবে একই সঙ্গে টিমমেটরা আমাকে সব সময় সাহায্য করেছে, এবং সেই সময়ও করেছে। তারপর আমরা দুটি ম্যাচ অবশ্যই খুব ভালো খেলেছি। প্রথম ম্যাচটা (প্রথম টি-টোয়েন্টি) অবশ্যই জেতা উচিত ছিল। তবে আমার মনে হয় না, এটা আমাদের দলে কোনো প্রভাব ফেলেছে। আবেগতাড়িত হয়ে সিদ্ধান্ত নেওয়ার পেছনের সূত্র কী?মুশফিক: বললাম তো, ওদের সঙ্গে ওদের মাটিতে হারটা আসলে মেনে নিতে পারছিলাম না। এটা আমি নিজের ওপর ব্যক্তিগতভাবে নিয়ে নিয়েছি। এ জন্যই হয়তো সিদ্ধান্তটা আমার মন থেকে এসেছে। এটাই প্রথম এবং একমাত্র কারণ। বোর্ড সভাপতির দাবি, আপনি তাঁকে বলেছেন দলকে নেতৃত্ব দিতে পারছিলেন না...মুশফিক: আমি টিম লিড করতে পারছিলাম না, তা নয়। আমি টিমওয়ার্কের কথা বলেছি। সেটা হচ্ছে, আমাদের যে টিম প্ল্যানিং ছিল, সেটা একটা দল হিসেবে মাঠে কার্যকর করতে পারছিলাম না। আমার মনে হয়েছে, আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো ভিন্ন কিছু হতে পারত। ভবিষ্যতে আমার জায়গায় অন্য কেউ এলে আশা করি আমার চেয়ে ভালো করবে। পদত্যাগ করার সিদ্ধান্ত অদূরদর্শী ছিল কি না...মুশফিক: ঘুরেফিরে তো একই প্রশ্ন। আমি ভুল করেছি এবং তা বুঝতেও পেরেছি। এরপর আমার অধিনায়কত্ব থাকবে কি না, তা বোর্ডের ব্যাপার। এই পদে আমি স্বেচ্ছায় আসিনি। বোর্ড আমাকে দায়িত্ব দিয়েছিল। কাজেই বোর্ডের সঙ্গে আমার আলোচনা করা উচিত ছিল। অধিনায়ক হিসেবে চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে, নাকি?মুশফিক: বোর্ড আমাকে ডাকলে আমি যাব, কথা বলব। আমার পরিবারের সঙ্গে কথা বলব। তারপর সিদ্ধান্ত। শ্রীলঙ্কায় এত ভালো খেলার পর নিশ্চয়ই জিম্বাবুয়েতে ভালো করার পরিকল্পনা ছিল?মুশফিক: এটা যে খুব বেশি ব্যর্থতা, তা নয়। জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের প্রতিটি ম্যাচেই সবাই জয় আশা করে। কারণ, কাগজে-কলমে আমরা ওদের চেয়ে অনেক ভালো দল। আগের সফরগুলোর তুলনায় এবার ওদের কন্ডিশন ভিন্ন ছিল। আগে ওদের ওখানে স্পিনিং ট্র্যাক ছিল, যেটা আমাদের স্পিনারদের সাহায্য করেছে। ওরা এবার ওটা বদলে সিমিং ট্র্যাক করেছে। ওয়ানডেতে একটা টসও আমি জিততে পারিনি। প্রতিদিনই হেরে ব্যাটিং করতে হয়েছে। কিছুটা আনলাকিও ছিলাম। এর আগে কলাপস করলে গুরুত্বপূর্ণ সময়ে কেউ না কেউ দাঁড়িয়ে গেছে। এই সফরে সেটা হয়নি। আমাদের ওপরের দিকের পাঁচজন ব্যাটসম্যান ৫০ রান করতে পারিনি, যেটা আমাদের জন্য সবচেয়ে বড় হতাশার। আম্পায়ারিং নিয়ে কি খুব হতাশ ছিলেন?মুশফিক: এটা নিয়ে বলার কিছু নেই। এটা বললে খুব যে উন্নতি হবে ওদের, তা-ও না। তবে কিছু কিছু সিদ্ধান্ত আমাদের পক্ষে আসেনি। ওদের পক্ষে গেছে। এটা আমাদের পক্ষে এলে হয়তো পুরো সিরিজটা ভিন্ন হতে পারত। সে দিক থেকে বলব, পুরো সিরিজটা দুর্ভাগ্যজনক ছিল আমাদের জন্য। জিম্বাবুয়ের দেওয়া সুযোগ-সুবিধা নিয়ে কী বলবেন?মুশফিক: প্র্যাকটিস ম্যাচ আমরা কেন বাতিল করেছি, আপনারা জানেন। কারণ, ওরা ন্যূনতম সুযোগ-সুবিধা দেয় না। একদিন সকালের সেশনে প্র্যাকটিস দেওয়ার অনুরোধ করলে সেটা শোনেনি। আমাদের যে নেট বোলার দরকার, সেটাও দেয়নি। অনেক প্রতিবন্ধকতা ছিল। আশা করেছিলাম, তারা ভালো কিছু সুযোগ-সুবিধা দেবে আমাদের।