‘ভুল বোঝাবুঝি’ দূর করলেন ইউসুফ
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের সংবাদের প্রতিবাদ করেছেন মোহাম্মদ ইউসুফ। গত পরশু পাকিস্তানের এই ব্যাটসম্যানকে উদ্ধৃত করে পিটিআই লিখেছিল, ঢাকা প্রিমিয়ার লিগে খেলার জন্য তিনি ছাড়পত্র পেয়েছিলেন ভিক্টোরিয়ার কাছ থেকে। কিন্তু প্রতিবাদে ইউসুফ দাবি করেছেন, মোহামেডানই তাঁকে ছাড়পত্র দিয়েছিল।পিটিআইকে পাঠানো ইউসুফের প্রতিবাদের অনুলিপি কাল বাংলাদেশের সংবাদমাধ্যমে সরবরাহ করেছেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের পরিচালনা পর্ষদের প্রধান লুৎফর রহমান। প্রতিবাদে ইউসুফ বলেছেন, ‘এই উদ্ধৃতি ভুল বোঝাবুঝির সৃষ্টি করেছে। এতে মনে হচ্ছে, পুরোনো দল মোহামেডানের অজ্ঞাতসারেই ভিক্টোরিয়া আমাকে ছাড়পত্র দিয়েছে। প্রকৃতপক্ষে যখন আমি মোহামেডানে খেলি তখনই লুৎফর রহমান বাদল আমাকে ছাড়পত্রটি দেন। ওই সময়ে বাদল ছিলেন মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান, এখন তিনি ভিক্টোরিয়ার গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান।’গত পরশু পিটিআই ইউসুফকে উদ্ধৃত করে জানায়, তাঁকে ছাড়পত্র দিয়েছিল ভিক্টোরিয়া ক্লাব। ছাড়পত্রটি ভুয়া না আসল, সেই দায়দায়িত্বও নিতে চাননি ইউসুফ।