‘ভুল ব্যাটিংক্রমেই পাকিস্তানের সর্বনাশ’
ইমরান খান ব্যাপারটি একেবারেই মেনে নিতে পারছেন না। বিশ্বকাপের সেমিফাইনালে তাঁর দেশ হেরে গেছে—এটি তাঁর কাছে মুখ্য ব্যাপার না হলেও দেশ সেমিফাইনালের স্বাভাবিক চাপ কেন সইতে পারবে না—ইমরান খানের মূল ক্ষোভটি এখানেই। তিনি বলেছেন, ‘মানছি পাকিস্তান দল সেমিফাইনালে যাবে—এটা কেউ প্রত্যাশা করেনি। কিন্তু ভালো খেলে সেমিফাইনালে উঠে যাওয়ার পর চাপের মুখে দলের ভেঙে পড়াটাই মেনে নেওয়া যাচ্ছে না।’ভুল ব্যাটিংক্রমই পাকিস্তানকে ডুবিয়েছে। এ মন্তব্য করার সঙ্গে সঙ্গে ইমরান জানিয়ে দিয়েছেন, একটি দলের সেরা ব্যাটসম্যানদের সব সময় ওপরের দিকে খেলাতে হয়। নিজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, ‘১৯৮৭ ও ১৯৯২ বিশ্বকাপে পারফর্মিং ব্যাটসম্যানদের সব সময় ওপরের দিকে খেলানো হয়েছে। তারা উইকেটে গিয়ে উইকেট পতন ঠেকিয়েছে। এরপর নিচের দিকের মারকুটে ব্যাটসম্যানরা চাপমুক্ত হয়ে খেলেছে। দল পেয়েছে সাফল্য।’গতকাল লাহোরে পাকিস্তানি আম্পায়ার আলিম দারের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছিলেন। আলিম দার এবার বিশ্বকাপের সেরা আম্পায়ার হিসেবে বিবেচিত হয়েছেন। তাঁর বিপক্ষে বিভিন্ন দলের নেওয়া ১৪টি রেফারেলের একটিতেও ভুল প্রমাণ করা যায়নি। ইমরান খান দারের উদাহরণ টেনে বলেন, আলিম দার প্রচণ্ড চাপের মুখে তার দায়িত্ব পালন করেছে। ফাইনালে তার আম্পায়ারিং ছিল দুর্দান্ত। ইমরান খান আরও বলেন, চাপের মুখে কীভাবে নিজের দায়িত্ব পালন করতে হয়, সেটা পাকিস্তান দল আলিম দারের কাছ থেকে শিখতে পারে। তিনি আফ্রিদির অধিনায়কত্ব প্রসঙ্গে বলেন, আফ্রিদির এ মুহূর্তে ক্রিকেটের তিন ফরম্যাটেই পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া উচিত। তিনি এ ব্যাপারে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রসঙ্গ তুলে বলেন, ‘ভারতের সাফল্যের অন্যতম কারণ, ধোনি দলটিকে তিনটি ফরম্যাটেই নেতৃত্ব দিচ্ছে। এতে দলের ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকে।’ ওয়েবসাইট।