‘ভুল’ স্বীকার করেছেন নাদির
নাদির শাহ স্বীকার করেছেন, গোপন ক্যামেরার অস্তিত্ব না জেনে স্পট ফিক্সিংয়ে রাজি হয়েছিলেন তিনি। স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পর শরফুদ্দৌলা ইবনে শহীদ যা করেছেন, তা সঠিক ছিল। দু-একটি প্রসঙ্গে তামিম ইকবাল-আবদুর রাজ্জাকের নাম এলেও তাঁদের বক্তব্য সন্তোষজনক। ইন্ডিয়া টিভির গোপন ক্যামেরার ফুটেজ যে স্পট ফিক্সিং বিতর্ক ছড়িয়ে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটে, সেটির তদন্তে বেরিয়ে এসেছে এসব বিষয়।বিস্তারিত কিছু বলতে রাজি না হলেও তিন সদস্যের তদন্ত কমিটির একজন শাকিল কাসেম জানিয়েছেন, এ সপ্তাহের মধ্যেই তদন্ত প্রতিবেদন ও সুপারিশ বিসিবির কাছে জমা দেওয়া হবে। বিসিবিই পরবর্তী সিদ্ধান্ত নেবে এবং সেটা আইসিসিকে জানাবে। তবে সূত্র জানিয়েছে, একমাত্র আম্পায়ার নাদির শাহই শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে মনে করে তদন্ত কমিটি। তাঁর বিরুদ্ধে কঠিন শাস্তির সুপারিশই সম্ভবত করা হবে। এ ব্যাপারে কিছু বলতে রাজি না হলেও শাকিল কাসেম বলেছেন, ‘অপরাধটা আইসিসির আচরণবিধির কোন ধারার আওতায় পড়ে, সেটা দেখেই আমরা সুপারিশ করব।’সাবেক শৃঙ্খলা কমিটির প্রধান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে এ-সংক্রান্ত একটি তদন্ত কমিটি করেছিল বিসিবির আগের পরিচালনা পর্ষদ। সেই কমিটি কাজ শেষ করে যেতে পারেনি। তাদের অসমাপ্ত কাজের সূত্র ধরেই এগিয়েছে বিসিবির বর্তমান অস্থায়ী কমিটির গড়া তদন্ত কমিটি। এই কমিটির প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি জামিল মাহমুদ। বাকি দুই সদস্য শাকিল কাসেম ও বিসিবির নিরাপত্তা উপদেষ্টা কর্নেল (অব.) মেসবাহ উদ্দিন সেরনিয়াবাত।গত পরশু কমিটির সামনে হাজির হয়েছিলেন স্পট ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত নাদির শাহ। ইন্ডিয়া টিভির গোপন ক্যামেরার সামনে স্পট ফিক্সিংয়ের আলোচনা করা এবং স্পট ফিক্সিংয়ে রাজি হওয়ার কথা স্বীকার করেছেন তিনি। তবে বলেছেন, এটা তাঁর ভুল ছিল। এত কথা বলা ঠিক হয়নি। স্পট ফিক্সিং করা বা সে উদ্দেশ্যে কারও কাছ থেকে অর্থ গ্রহণের কথা অবশ্য অস্বীকার করেছেন আইসিসির প্যানেলভুক্ত এই আম্পায়ার। সূত্র জানিয়েছে, তদন্ত কমিটির সামনে পুরো ব্যাপারটিকে একটি ফাঁদ হিসেবে উল্লেখ করেছেন নাদির।স্কাইপ চ্যাটে ইন্ডিয়া টিভির ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন আরেক বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদও। তবে তিনি সঙ্গে সঙ্গেই তা জানিয়েছিলেন বিসিবির আম্পায়ার্স কমিটির ব্যবস্থাপক জামাল বাবুকে। তাঁর গায়ে তাই কালি লাগছে না। ‘আইসিসি ও বিসিবির গাইডলাইন অনুযায়ী যা করা উচিত ছিল, সৈকত (শরফুদ্দৌলা ইবনে শহীদ) তা-ই করেছে’—বলেছে তদন্ত কমিটি-সংশ্লিষ্ট সূত্র। তবে শরফুদ্দৌলার কাছ থেকে ঘটনা জানার পরও সেটি বোর্ডকে সময়মতো অবহিত করেননি জামাল বাবু। এটিকে দায়িত্বের প্রতি অবহেলা মনে করছে কমিটি।প্রথমে শরফুদ্দৌলা ইবনে শহীদের সঙ্গে তদন্ত কমিটি ডেকেছিল বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের এক বাংলাদেশি এজেন্টকেও। নির্দিষ্ট কোনো অভিযোগ না থাকলেও ইন্ডিয়া টিভির গোপন ক্যামেরার সামনে তিনিও দিয়েছিলেন স্পর্শকাতর কিছু তথ্য। তাঁর কাছে সেই সব বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে কমিটি। ওই এজেন্ট তদন্ত কমিটিকে বলেছেন, নাদির শাহর ঘটনা ফাঁস হওয়ার কিছুদিন আগে জাতীয় দলের ক্রিকেটার আবদুর রাজ্জাক তাঁর সঙ্গে ছদ্মবেশী ভারতীয় এজেন্টদের (আসলে ইন্ডিয়া টিভির প্রতিনিধি) পরিচয় করিয়ে দিয়েছিলেন। এ ছাড়া তামিমের ব্যাপারে তিনি (বাংলাদেশি এজেন্ট) যে বক্তব্য দিয়েছেন বলে দাবি ইন্ডিয়া টিভির, সেটির নাকি সত্যতা মেলেনি।পরশু তদন্ত কমিটি ডেকেছিল তামিম-রাজ্জাককেও। তাঁদের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকা বা প্রস্তাব গ্রহণের কোনো অভিযোগ নেই। এর সঙ্গে সংশ্লিষ্ট কারও সঙ্গে পরিচয় থাকার কথাও অস্বীকার করেছেন দুজন। ‘অন্যান্য দেশে স্পনসরদের সঙ্গে খেলোয়াড়দের চুক্তি-টুক্তি এজেন্টরাই করে থাকে। আমাদের দেশে রীতিটা এখনো সেভাবে চালু হয়নি। খেলোয়াড়েরা অল্প পরিচয়ের সূত্র ধরেই অনেকের সঙ্গে এসব নিয়ে কথা বলেন। তদন্ত কমিটি দুই ক্রিকেটারকে ডাকলেও তাঁদের বিরুদ্ধে সে রকম কোনো অভিযোগ নেই। শুধু কিছু তথ্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে তাঁদের কাছে এবং তাঁরা সন্তোষজনক ব্যাখ্যাই দিয়েছেন’—জানিয়েছে বিসিবির সূত্র।