‘মঙ্গুজ’ হেইডেনে ধ্বংস দিল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাথু হেইডেন কী করতে পারেন, সেটা তো জানাই। আগ্রহ ছিল ‘মঙ্গুজের’ ক্ষমতা নিয়ে। স্বাভাবিকের তুলনায় বেশ লম্বা হাতল আর খাটো প্লেটের এক ধরনের ব্যাট। নির্মাতাদের দাবি, বল জোরে হিট করতে অনেক সুবিধা। প্রথম দুই ম্যাচে ১৭ ও ১ রান করার পর হেইডেনের ফুরিয়ে যাওয়া ও মঙ্গুজের ক্ষমা—গুঞ্জন দুটো নিয়েই। অবশেষে কাল হাসল মঙ্গুজ, হাসলেন হেইডেন আর পুড়ল দিল্লি ডেয়ার ডেভিলস। সাবেক অস্ট্রেলিয়ান ওপেনারের ৪৩ বলে ৯১ রানের বিধ্বংসী ইনিংসে স্বাগতিক দিল্লির ১৮৫ রানের চ্যালেঞ্জ ৫ উইকেট ও ৫ বল হাতে রেখেই টপকে গেছে চেন্নাই সুপার কিংস, বিফলে গেছে বীরেন্দর শেবাগের ৩৮ বলে ৭৪।দুই দলের নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও গৌতম গম্ভীর কাল খেলতে পারেননি ইনজুরিতে। আইপিএল তাই কাল দেখল সর্বকনিষ্ঠ দুই অধিনায়ক সুরেশ রায়না ও দীনেশ কার্তিককে। হেইডেনের ইনিংস ছাড়া চেন্নাইয়ের জয়ে অবদান আছে দুর্দান্ত ফিল্ডিংয়েরও, দারুণ তিনটি ক্যাচ নিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক সুরেশ রায়না, একটি কেম্প। রায়না পরে ব্যাট হাতে খেলেছেন ৩৪ বলে অপরাজিত ৪৯ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস। হেইডেনের ইনিংসে চার ছিল ৯টি, ছয় ৭টি। তাঁকে সেঞ্চুরি পেতে দেয়নি দিলশানের অসাধারণ এক ক্যাচ।কাল আরেক ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৬ রানে হারিয়েছে ডেকান চার্জার্স। ফলাফল যা বলছে, এতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কিন্তু হয়নি ম্যাচটি। অ্যান্ড্রু সাইমন্ডসের ৩৮ বলে ৫৩ এবং অ্যাডাম গিলক্রিস্টের ১২ বলে ৩৩ রানে ১৭০ রান তুলেছিল ডেকান। জবাবে ৬৮ রানেই ৬ উইকেটে হারিয়ে ফেলে পাঞ্জাব, ইরফান পাঠানের ২৯ বলে ৬০ তাদের টেনে নিয়ে যায় ১৬৪ পর্যন্ত।