‘মনে হচ্ছিল যেন অস্ট্রেলিয়ার সঙ্গে খেলছি’
ফাইনালে বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ শিরোপা জিতেছে ঠিকই। কিন্তু মাত্র ২ রানের এই জয়টা পেতে যে কী পরিমাণ ঘাম ঝড়াতে হয়েছে তা খুব ভালোভাবেই টের পেয়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা। আফ্রিদি তো বাংলাদেশের সঙ্গে খেলছেন না অস্ট্রেলিয়ার সঙ্গে খেলছেন, এটাই গুলিয়ে ফেলছিলেন। দেশে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন কথাই বলেছেন পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি।আফ্রিদি বলেছেন, ‘মনে হচ্ছিল যেন অস্ট্রেলিয়ার বিপক্ষে এশিয়া কাপের ফাইনাল খেলছি। খেলাটি এতটাই কঠিন ছিল পাকিস্তানের জন্য। বাংলাদেশ নিজেদের ক্রিকেটকে অনেকটা সেই পর্যায়েই নিয়ে যাচ্ছে।’ তিনি বলেন,‘এ যেন এক নতুন বাংলাদেশ দলকে দেখলাম। তারা আত্মবিশ্বাসী হয়ে উঠছে। ভবিষ্যতে আরো বড় সাফল্যের জন্য নিজেদের তৈরি করছে।’ তাঁর মতে, ‘এমন কঠিন লড়াই হওয়া কোনো ফাইনাল জেতার মধ্যেও রয়েছে আলাদা এক ধরনের তৃপ্তি।’আফ্রিদির অভিমত, সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করে বাংলাদেশ তাদের ঘরোয়া ক্রিকেটে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। খুব সম্ভবত বিপিএলের অত্যন্ত উঁচু মানের খেলাগুলোই বাংলাদেশি ক্রিকেটারদের শরীরী ভাষা পরিবর্তন করে দিয়েছে। এই বাংলাদেশ দলটিকে দেখে মনে হয়েছে, এরা সব সময় জয়ের নেশায় মুখিয়ে আছে।’