‘মনে হচ্ছে পারব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮-১-৪৮-০। খুব ভালো বোলিং বিশ্লেষণ নিশ্চয়ই নয়। তবে কাল ফতুল্লা স্টেডিয়ামে এই বোলিংয়ের পরই মাশরাফি বিন মুর্তজা ঘোষণা দিলেন, সুযোগ পেলে ইংল্যান্ডের বিপক্ষে ২৮ ফেব্রুয়ারির প্রথম ওয়ানডেতেই খেলা সম্ভব তাঁর পক্ষে। নির্বাচকদেরও তা-ই হয়েছে বলেই ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের পর ঘোষিত বাংলাদেশের ওয়ানডে দলে রেখেছেন তাঁরা মাশরাফিকে।মাঝখানে জাতীয় লিগের একটা ম্যাচ বাদ দিলে প্রায় সাত মাস পর মাঠে ফেরা মাশরাফির জন্য আসলে বোলিং বিশ্লেষণ কোনো ব্যাপার ছিল না কাল। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের কাছে বিসিবি একাদশের ৮ উইকেটে হারের যেমন কোনো তাত্পর্য নেই, তেমনি দিনশেষে এই বোলিং বিশ্লেষণও অনেকটাই নিরর্থক। ম্যাচের আয়নায় নিজের যে চেহারাটা মাশরাফি দেখতে চেয়েছিলেন, সেটা ঠিকই দেখেছেন এই পেসার। এবং সেই দেখা থেকেই বলা, ‘এখন মনে হচ্ছে পারব।’মাশরাফি দেখতে চেয়েছিলেন, বল ছাড়ার সময় তাঁর ল্যান্ডিংটা কেমন হয়। ম্যাচ শেষে এই জায়গাটায় বেশ সন্তুষ্ট তিনি, ‘ল্যান্ডিংয়ের সময় কোনো ব্যথা হয়নি। পেসটা একটু কম থাকলেও লাইন লেংথ ঠিক ছিল। এটাই বড় ব্যাপার, আমি এতেই খুশি।’ কিন্তু পেস বোলারদের জন্য তো গতিও একটা ব্যাপার! প্রত্যাশার চেয়ে সেখানে একটু পিছিয়ে থাকলেও মাশরাফি আশাবাদী, ‘পেসটা একটু কম আসছে। ৮০-৯০ ভাগ বলতে পারেন। তবে প্রথম দিকে রিদম ভালো ছিল, পেসও এর চেয়ে ভালো হবে আশা করি। অন্তত ১০ কিলোমিটার তো বাড়ানো যাবেই। ম্যাচ খেলতে খেলতে এটা ঠিক হয়ে যাবে। তবে পেস কম থাকলে ফিল্ড প্লেসিংটা ঠিক করতে হবে।’শুরুর দিকের ওভারগুলোও মাশরাফির কথাকেই সমর্থন করছে। ৬ ওভারের প্রথম স্পেলে তিনি রান দিয়েছেন ২, ০, ৫, ৬, ৩ ও ৯। কিন্তু ২ ওভারের পরের স্পেলে দিয়েছেন ২৩ রান—৬ ও ১৭। শেষ দিকে বোলিংটা এলেমেলো হওয়ার সঙ্গে যোগ করতে পারেন ৮ ওভার বল করেও উইকেটশূন্য থাকার হতাশা। না, মাশরাফি নিজে হতাশ নন একটুও, ‘এত দিন পর এ রকম একটা ম্যাচ দিয়ে ফিরেছি। আমি মনে করি বোলিং ঠিকই আছে। তবে হ্যাঁ, রিটার্ন ক্যাচটা নেওয়া উচিত ছিল।’ ৫২ রান করার পর অন্যদের ব্যাটিং প্র্যাকটিসের সুযোগ দিতে অবসর নেওয়া অধিনায়ক অ্যালিস্টার কুক ব্যক্তিগত ৪৯ রানে দিয়েছিলেন ওই ক্যাচ। আগের দিন সন্ধ্যার বৃষ্টিতে আউটফিল্ড ভেজা থাকায় কাল খেলা শুরু হয়েছে সোয়া ২ ঘণ্টা পর, ৫০ ওভারের ম্যাচের দৈর্ঘ্য কমে হয়েছে ৩৭ ওভার। বিসিবি একাদশ তাতে করতে পারল মাত্র ১৫১। সেটিও ৮০ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর ৯ নম্বরে নামা আলাউদ্দিনের অপরাজিত ৪৩ রানের কল্যাণে। ব্যাটিং লাইন আপের প্রথম চার জন টেস্ট খেলোয়াড়। কিন্তু তাদের কারোরই বলার মতো রান নেই। দুই ওপেনার শাহরিয়ার নাফীস ও জুনায়েদ সিদ্দিক করেছেন ৮ ও ৭। আফতাব ও রকিবুল ১২ ও ১৪। ২৫.২ ওভারেই বিসিবি একাদশের রান টপকে গেছে ইংল্যান্ড। প্রথম ম্যাচে প্রথম বলেই বিদায় নেওয়া কেভিন পিটারসেন এদিন ভাগ্য বদলাতে ওপেনিংয়ে সঙ্গী হয়েছিলেন কুকের। ভাগ্য তাঁর বদলেছে, প্রথম প্রস্তুতি ম্যাচের চেয়ে ৬ রান বেশি করে (প্রথম ম্যাচে করেছিলেন শূন্য) কাল পেসার আলাউদ্দিন বাবুর বলে স্লিপে ক্যাচ দিয়েছেন জুনায়েদ সিদ্দিকের হাতে। তবে দ্বিতীয় উইকেটে কুক-ম্যাট প্রিয়রের ৯৬ রানের জুটিতেই ম্যাচ প্রায় শেষ। অপরাজিত ৬৪ রানের ইনিংসের একেবারে শেষ দিকে লেগ স্পিনার তানভীর হায়দারের বলে লং অফে ক্যাচ হয়েছিলেন প্রিয়র। কিন্তু ক্রিকেটের নতুন সংযোজন লাউড স্পিকারের সংগীত তখনো দিব্যি বেজে চলায় আম্পায়ার বলটাকেই ‘ডেড’ ঘোষণা করেন। এর আগে বিসিবি একাদশের ৮ উইকেটে করা ১৫১ রানের ইনিংসের হাইলাইটস বলতে একটার পর একটা উইকেট হারানো। ৮০ রানে ৭ উইকেটে পড়ার পর অষ্টম উইকেটে ৫৫ রানের জুটি গড়ে ওই তানভীর আর আলাউদ্দিন মিলেই, যা একটু ভদ্রস্থ চেহারা দিয়েছে স্কোরবোর্ডটাকে।তাতে অবশ্য মন খারাপ করার কিছু নেই। এ ম্যাচ থেকে যা পাওয়ার ছিল, সেটা তো মাশরাফিই দিয়েছেন। ৮-১-৪৮-০—বোলিং স্পেলের এই বিবর্ণ রূপের আড়ালেও যে লুকিয়ে আছে সম্ভাবনার সূর্য!