‘মনে হতো ব্যাটিং ভুলে গেছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানখরা তাঁর জন্য নতুন কিছু নয়। কিন্তু এত দীর্ঘ রানখরা আর ব্যাটিংয়ের ধরন মিলিয়ে এতটা খারাপ সময় সম্ভবত আগে আর আসেনি। অবশেষে মিলেছে দুঃসময় শেষের ইঙ্গিত। বিসিএলে কাল বগুড়ায় করেছেন ১৩৩। মোহাম্মদ আশরাফুল জানাচ্ছেন হতাশার সেই সময় আর নতুন বছরে নতুন আশার কথা কত দিন পর সেঞ্চুরি করলেন, জানা আছে?মোহাম্মদ আশরাফুল: হ্যাঁ, জানি তো। আজ (কাল) সকালে মাঠে যাওয়ার আগেই তো প্রথম আলোতে দেখে গেলাম, ২০ ইনিংসে সেঞ্চুরি নেই। হাফ সেঞ্চুরি করলেন কত ইনিংস পর, সেটাও তো তাহলে পড়েছেন...আশরাফুল: পড়েছি, আমার নিজেরও জানা ছিল। খারাপ খেলছি, নিজে জানব না! সর্বশেষ ১১ ইনিংসে সর্বোচ্চ ছিল ২২। গত বছর কেন্ট লিগে একটা সেঞ্চুরি করেছিলাম। কিন্তু প্রথম শ্রেণী ধরলে শেষ সেঞ্চুরি ২০১১ সালের নভেম্বরে, চট্টগ্রামে ১১৯।  রানখরায় আগেও ভুগেছেন, কিন্তু এত দীর্ঘ খারাপ সময় আগে কখনো গেছে বলে মনে পড়ে?আশরাফুল: ঘরোয়া ক্রিকেটে এতটা বাজে সময় আর কখনো আসেনি। এবার জাতীয় লিগে তো একটুও ভালো খেলতে পারিনি। আগে বড় রান না করলেও কিছু রান করেছি। হয়তো শুরুটা ভালো হয়েছে। কিন্তু এবারের মতো খারাপ কখনোই হয়নি। যা হোক, ২০১২ সালটা চলে গেছে। এমনিতে এসবে বিশ্বাস নেই, তবু মনে হয় বছরটা চলে গিয়ে ভালো হয়েছে। ২০১৩ সালটা খুব ভালোভাবে শুরু হলো। ভালোটা চলতে থাকবে আশা করি। আপনার কী মনে হয়, অবস্থাটা এত খারাপ হয়েছিল কেন?আশরাফুল: জানি না...আসলে আত্মবিশ্বাস একদমই কমে গিয়েছিল। এমনটা হওয়ার কথা নয়। গত বছর তো বিপিএল ভালোই খেলেছিলাম, কেন্ট লিগে গিয়ে রান করলাম। জাতীয় লিগে কী যে হয়ে গেল!  রান না পাওয়ার চেয়ে বেশি চোখে লেগেছে ব্যাটিংয়ের ধরনটা, গত কিছুদিনে আপনার ব্যাটিং দেখে মনে হয়নি আশরাফুল ব্যাটিং করছে...!আশরাফুল: জাতীয় লিগে ৩-৪টা ইনিংসে খারাপ করার পর মনে হয় অনেক চাপ নিয়ে ফেলেছিলাম। মাঝে মাঝে নিজেরই মনে হতো ব্যাটিং করতেই পারি না, ভুলে গেছি। ভাগ্যটাও সবসময় পক্ষে ছিল না। হয়তো ক্যাচ একটু এদিক-সেদিক যেতে পারত বা এমন কিছু। আজ (কাল) সবকিছুই যেন পক্ষে ছিল। উইকেট খুব ভালো ছিল, বাউন্স সমান ছিল, বল ব্যাটে এসেছে। আমিও যেভাবে খেলতে চেয়েছি, সেভাবে পেরেছি। খারাপ সময়ের অভিজ্ঞতা আপনার আছে, কিন্তু এই এতটা খারাপ সময়ের অভিজ্ঞতা নিশ্চয়ই দুঃসহ ছিল...আশরাফুল: আসলেই খুব খারাপ লেগেছে। আমি তো এই ম্যাচ খেলতেই চাইনি। নিজেকে অপরাধী মনে হচ্ছিল, মনে হচ্ছিল একজনের জায়গা নষ্ট করছি। তাই ঠিক করেছিলাম, আর খেলব না। একবারে বিপিএলে খেলব, মারমুখী ব্যাটিং করব ওখানে। কিন্তু সানোয়ার ভাই (ম্যানেজার), বাবুল ভাই (কোচ) বললেন, অন্তত আরেকটা ম্যাচ খেলে দেখতে। রিয়াদ (অধিনায়ক মাহমুদউল্লাহ) বলল, ‘দোস্ত, হ্যামস্ট্রিংয়ের জন্য ম্যাচটা খেলতে পারছি না। তুই খেল, তাহলে সবাই একটু সাহস পাবে।’  এই সেঞ্চুরিটার মাহাত্ম্য তো তাহলে অন্যরকম হওয়ার কথা!আশরাফুল: অবশ্যই, সবচেয়ে বড় কথা, ইনিংসটা খুব সুন্দর ছিল। ২৩টি চার মেরেছি, দুটি শুধু পেছন দিয়ে। আর সব আমার মতো, ভালো খেললে যেমন খেলি। অনেক কাভার ড্রাইভ...সুমন ভাই (হাবিবুল বাশার) এসে বলল ‘তুই তো চার-পাঁচ বছর আগের মতো ব্যাটিং করলি!’ আমারও এটাই মনে হয়েছে। ভালো খেললে নিজেই বোঝা যায়। পুরোনো প্রশ্ন আরেকবার, জাতীয় দলের বাইরে থাকাটা কতটা কষ্ট দেয়?আশরাফুল: কষ্ট তো লাগেই। তবে আমি আসলে খুব ভাগ্যবান, সবাই অনেক সাপোর্ট করে। কালকেই (পরশু) যেমন, স্কোর বোর্ডে আমার রান স্কোরার যখন লিখেছে ১২, গ্যালারি থেকে দর্শক চেঁচিয়ে বলেছে, ১৩ হবে। মানে তারা আমার রান হিসাব করছিল। যেখানে যাই, সবাই বলে আমাকে কতটা মিস করে। আমি হয়তো এই ভালোবাসার প্রতিদান দিতে পারিনি। তবে সময় শেষ হয়ে যায়নি। বয়স আছে, ফিটনেস যদি ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ পারব সবার ভালোবাসার প্রতিদান দিতে।