
স্টিকের জাদুকরি ছোঁয়ায় নব্বইয়ের দশকের মাঝামাঝি মাতিয়ে গেছেন ঢাকার হকি। সেই নৈপুণ্য এখন আর অন্য কারও স্টিকে দেখা যায় না বলে আরও বেশি স্মরণীয়
শাহবাজ আহমেদ। ‘হকির ম্যারাডোনা’ পরশু রাতে ঢাকায় এসে কাল ফিরে তাকালেন ফেলে আসা সেই দিনগুলোয়
১৫ বছর পর ঢাকায় এলেন। ঢাকাকে কী করে ভুলে থাকলেন?
শাহবাজ আহমেদ: না, ঢাকাকে ভুলব না কখনো। আসলে নানা কারণে আসার সুযোগ হয়নি এত দিন। ২০০১ সালে সর্বশেষ এসেছিলাম ঢাকায় পাকিস্তান দল নিয়ে। ওই দলের কোচ ছিলাম আমি।
এবার এলেন পাকিস্তান হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে। সঙ্গে ফেডারেশন সভাপতিও। তা বিশেষ কোনো কারণ? নাকি শুধুই পাকিস্তান যুব দলের খেলা দেখা?
শাহবাজ: পাকিস্তান যুব দলের ছেলেদের দেখা, এটা তো একটা বড় কারণই। তবে আমি আসলে বিভিন্ন ফেডারেশনের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে কাজ করছি। পারস্পরিক সহযোগিতা দরকার আছে। তাই আলাপ-আলোচনা করতে এলাম।
এমনিতে বাংলাদেশের ফেডারেশনের সঙ্গে বিশেষ কোন বিষয়ে আলোচনা হবে? ধরুন, বাংলাদেশ দলকে আপনি আমন্ত্রণ জানালেন পাকিস্তানে খেলতে?
শাহবাজ: ও হ্যাঁ, এটা তো হতেই পারে। নিশ্চয়ই আমি এসব নিয়ে কথা বলব বাংলাদেশের ফেডারেশনের সঙ্গে।
ঢাকার দর্শকদের চোখে এখনো ভাসে আপনার সেই স্টিক ওয়ার্ক। ঢাকায় এলে আপনার নিজের কেমন লাগে?
শাহবাজ: আমারও দারুণ লাগে। মনে হয়, নিজের খুব প্রিয় লোকজনের কাছে এসেছি। এখানকার আতিথেয়তা ভুলতে পারি না। সবাই আমাকে এত ভালোবাসে, যা আমার জীবনে বড় এক পাওয়া।
মোহামেডানের হয়ে ১৯৯৪-৯৬ তিন বছর খেলেছেন। এখনো কি সেসব মনে পড়ে?
শাহবাজ: আমি যেখানেই থাকি ঢাকার স্মৃতি মনে আলাদা জায়গা করে নিয়েছে। মোহামেডানকে আমরা চ্যাম্পিয়ন করেছিলাম। তখন সাদা-কালো দলটিকে নিয়ে অনেক উন্মাদনা দেখেছি। আমাকে নিয়ে সমর্থকদের আনন্দও ভোলার নয়।
তখন ঢাকার হকি লিগটাও দারুণ জমজমাট হতো...
শাহবাজ: হ্যাঁ, এমন জমাট লিগ আমি কমই দেখেছি। মিডিয়ায় অনেক কাভারেজ পেয়েছিলাম। প্রায় প্রতিদিনই আমার ছবি আসত, বড় বড় স্টোরি ছাপা হতো। সেই সময়টা আমার ক্যারিয়ারেরই অন্যতম স্মরণীয় অধ্যায়।
এখন বাংলাদেশের হকির খোঁজখবর রাখেন?
শাহবাজ: এখন আর সেভাবে রাখা হয় না। মাঝখানে আট বছর হকি থেকে বিচ্ছিন্ন ছিলাম। থাকতাম মধ্যপ্রাচ্যে। তবে এটা তো সবারই জানা, বাংলাদেশ আগের অবস্থায় নেই। শুধু বাংলাদেশে নয়, গোটা এশিয়াই পিছিয়ে পড়ছে। ইউরোপ এগিয়ে গেছে অনেক দূর।
আপনার নেতৃত্বে পাকিস্তান বিশ্বকাপ জিতেছে ১৯৯৪ সালে। সেই পাকিস্তান এখন অলিম্পিকেই খেলার যোগ্যতা অর্জন করতে পারে না। আপনি কী মনে করেন, পাকিস্তানের হকিতে সুদিন ফিরবে?
শাহবাজ: আমি তো আশা করি ফিরবে। গত নভেম্বর পাকিস্তান হকি ফেডারেশনের নির্বাচিত সাধারণ সম্পাদক হওয়ার পর থেকে কিছু কর্মসূচি নিয়েছি। ফল আসতে কিছু সময় তো লাগবেই। আমার বিশ্বাস, আগামী দু-তিন বছরে একটা ভালো অবস্থানে চলে আসবে পাকিস্তান দল।