'মনে হয় ইচ্ছে করেই হারলাম'

স্টাম্প তুলেই পাগলের মতো দৌড়ালেন মাঠের মধ্যে। অ্যাঞ্জেলো ম্যাথুসকে সতীর্থরাও আটকে রাখতে পারছিলেন না। ফুটবলারদের গোল উদ্যাপনের মতো পিছলে গেলেন মাঠের ওপর। রুবেলের রান আউটে যেন বিশ্বকাপ জিতে ফেলেছেন!
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান অধিনায়ক বললেনও, এই জয় তাঁদের জন্য বিশেষ কিছু, ‘বিশেষ তো অবশ্যই। আমরা লড়াই করার দারুণ মানসিকতা দেখিয়েছি। আমাদের জন্য এই জয় স্বপ্ন সত্যি হয়ে যাওয়ার মতোই একটা ব্যাপার।’
আর বাংলাদেশ দলের জন্য? স্বপ্ন ভেঙে খান খান হয়ে যাওয়া! সংবাদ সম্মেলনে অধিনায়ক মুশফিকুর রহিমকে দেখেও মনে হচ্ছিল তীরে এসে ডুবে যাওয়া জাহাজের নাবিকের মতো ভগ্ন হূদয়। হারটা মানতেই পারছিলেন না, ‘আমরা মনে হয় ইচ্ছে করেই হারলাম। এ রকম ক্রিকেট বাংলাদেশ দল শেষ কবে খেলেছে, আমার মনে নেই। খুবই হতাশাজনক। যে ক্যাচগুলো আমরা ছেড়েছি, সেগুলো নিতে পারলে ওরা হয়তো এক শ রানের মধ্যে অলআউট হয়ে যেত।’
৬৭ রানে ৮ উইকেট পড়ার পরও শ্রীলঙ্কার ১৮০ রান করাটা মেনে নিতে কষ্ট হচ্ছে মুশফিকের। সে জন্য বারবার দায়ী করলেন ক্যাচ পড়াকেই, ‘একটা বা দুইটা ক্যাচ পড়তে পারে। চারটা পড়া বাড়াবাড়ি।’ মুশফিকের বিশ্লেষণে, ৬৭ রানে ৮ উইকেট হারানোর পর একটা দল সর্বোচ্চ ১২০-১৩০ করতে পারে। তবে শ্রীলঙ্কার ১৮০ রান তার পরও তাঁর কাছে অনতিক্রম্য মনে হয়নি, ‘কয়েকটা ক্যাচ হয়তো পড়েছে। সেটাও আমরা আশা করিনি। যারা ক্যাচ ফেলেছে চারজনই খুব ভালো ফিল্ডার। সেদিক থেকে বলব যে ওটা আমাদের কিছুটা ব্যাকফুটে নিয়ে গেছে। তার পরও এই উইকেটে ১৮০ রান তাড়া করা খুব কঠিন কাজ ছিল না।’
শূন্য রানে এনামুল আউট হয়ে গেলেও আরেক ওপেনার শামসুর আর মুমিনুল যেভাবে খেলছিলেন, তাতে শ্রীলঙ্কার ১৮০ রানকে কোনো ব্যাপারই মনে হচ্ছিল না। শেষ পর্যন্ত যে সেটিই অনতিক্রম্য হয়ে রইল, অধিনায়ক তার জন্য দুটি রান আউটকেই দায়ী করলেন, ‘আমাদের পরিকল্পনা ঠিকই ছিল। কিন্তু দুটি রান আউট আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। এ রকম একটার পর একটা উইকেট পড়তে থাকলে, বড় একটা জুটি না হলে খুব কঠিন হয়। উচিত ছিল কারও ৭০-৮০ রানের ইনিংস খেলা। তাহলে কাজটা অনেক সহজ হয়ে যেত।’
চট্টগ্রামের দুটি টি-টোয়েন্টি ম্যাচের পর কাল ঢাকায় প্রথম ওয়ানডেতেও বাংলাদেশ হেরে গেল জয়ের স্বপ্ন দেখতে দেখতে। এমন রাতে বাংলাদেশ অধিনায়কের চেয়ে হতাশ আর কারোরই হওয়ার কথা নয়। মুশফিক আশাহতের মতো বলছিলেন, ‘তিনটি ম্যাচেই দেখা গেছে একটা পর্যায় পর্যন্ত ভালো খেলে আমরা হেরে যাচ্ছি। আজ (গতকাল) যে রকম ভুল করেছি সেটা খুব কমই হয়ে থাকে।’ টি-টোয়েন্টির মতো এই হারের জন্য ভাগ্যকে নয়, দায় দেখছেন নিজেদেরই, ‘ভাগ্য অন্য ব্যাপার। আজকের (গতকাল) হারে আমাদেরই ভুল বেশি ছিল। এ রকম ভুল করলে ভাগ্য কখনোই পক্ষে আসবে না। ভুলের জন্যই ম্যাচ হেরেছি।’
৬৭ রানে ৮ উইকেট পড়ে যাওয়ার পরও বাংলাদেশকে ১৮১ রানের লক্ষ্য দিতে পারায় থিসারা পেরেরা ও সাচিত্রা সেনানায়েকেকে আলাদা করে ধন্যবাদ দিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস, ‘ব্যাটসম্যানদের জন্য বাজে একটা দিন গেছে। তবে আমি নিশ্চিত তারা ফিরে আসবে। থিসারা আর সাচিত্রা যেভাবে খেলেছে, তাদের অভিনন্দন জানাতেই হয়।’ ম্যাথুসের পাশেই বসা ছিলেন অপরাজিত ৮০ রান করে ম্যান অব দ্য ম্যাচ থিসারা। বলছিলেন, ‘৮ উইকেট পড়ে যাওয়ার পরও আমরা আশা ছাড়িনি। অনেক কিছুই চেষ্টা করেছি। সাচিত্রাকে বলেছি, তুমি আমাকে সাপোর্ট দিয়ে যাও। সেও কাজটা ভালোভাবেই করেছে। আমাদের লক্ষ্য ছিল ১৫০-১৬০ রান করা। কিন্তু আমরা ১৮০ রান করতে পেরেছি।’
মাঝ ইনিংসে পথ হারিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা সেটিকেই যে এমন পাহাড়প্রমাণ বানিয়ে ফেলবে, এতটা বোধ হয় তিনিও ভাবেননি।