‘মনে হয় না এই রেকর্ড ভাঙবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ২৩ বছর আগে আমাদের বিপক্ষে যখন শচীনের অভিষেক হলো, তখন থেকেই আমি জানতাম, সে বড় কিছু করবেই। খেলাটির প্রতি তার যে অনুরাগ ও রানের জন্য তার যে ক্ষুধা, সেটা আমি অন্য কারও মধ্যে দেখিনি। আর ঠিক এ কারণেই এই অবিশ্বাস্য অর্জনটা শুধু শচীনই করতে পেরেছে।এতগুলো বছর ধরে সে যেভাবে খেলছে সেটা বিস্ময়কর। আর এই অর্জনটা খেলাটির প্রতি তার গভীর অনুরক্তি, ধৈর্য ও চমৎকার ফিটনেসের পুরস্কার।ক্রিকেটার হিসেবে শুক্রবারটা ছিল আমার জন্য বেশ বড় একটা দিন। ঠিক যেই মুহূর্তে শচীন তার শততম আন্তর্জাতিক সেঞ্চুরিটা পেল মনে হয়েছিল আমার খুব কাছের, খুব প্রিয় কেউ এটা অর্জন করল।আমার দেখা অন্যতম বিনয়ী ও ভদ্রলোক সে। আমার বাবা সব সময়ই বলতেন, ‘সম্মান জানালেই তুমি সম্মান পাবে।’ আমার মতে, শচীন সন্দেহাতীতভাবেই এই কথাটি মেনে চলে। সে যে খ্যাতির চূড়ায় উঠল তার অন্যতম কারণও এটা।আমার মতে, টাইমিং ও টেমপারামেন্টের দিক দিয়ে সে খেলাটির অন্যতম সেরা খেলোয়াড়। ভিভ রিচার্ডস, ইয়ান চ্যাপেল, আমি ও আরও অনেকে সব সময়ই চেষ্টা করতাম কীভাবে আমাদের ব্যাটিংয়ে আরও উন্নতি করা যায়। কিন্তু শচীনের মতো বিশুদ্ধ ব্যাটসম্যান খুব কমই দেখেছি। রান ০, ৫০ বা ১০০ যা-ই হোক না কেন সে সব সময় একই রকমভাবে খেলে যায়।১৯৮৯ সালে ভারতের পাকিস্তান সফরের আগে তার কথা শুনতাম। শুনেছিলাম, ছেলেটা ভারতে ট্রিপল সেঞ্চুরি করেছে। সে এসে ওয়াসিম, ইমরান ও কাদিরের মতো বোলারকে খেলল। করাচিতে আঘাতও পেয়েছিল। তখনই বুঝেছিলাম সে বড় কিছু করবেই। তাই একমাত্র খেলোয়াড় হিসেবে তার ১০০তম সেঞ্চুরি পাওয়াটা আমাকে মোটেই অবাক করেনি। আমাকে যেটা সব থেকে মুগ্ধ করেছে সেটা হলো টেস্ট ক্রিকেটে তার প্রথম দিন থেকেই খেলাটির প্রতি অপরিবর্তনীয় শ্রদ্ধা, শেখার জন্য একই রকম ক্ষুধা। আমার সঙ্গে দেখা হলে শচীন সব সময়ই শেখার আগ্রহ দেখিয়েছে।লোকজন তার সঙ্গে অন্যান্য বিখ্যাত ক্রিকেটারের তুলনা করে কথা বলতে পছন্দ করে। কিন্তু আমার ধারণাটা পরিষ্কার, এক যুগের সঙ্গে অন্য যুগের কোনো তুলনা চলে না, কারণ খেলাটা প্রতিনিয়তই বদলাচ্ছে।শচীন শুধু উপমহাদেশেই নয়, পৃথিবীজুড়েই রান পেয়েছে। সিডনির ডাবল সেঞ্চুরিটা আমি দেখেছি। অস্ট্রেলিয়ার মাটিতে উপমহাদেশের কোনো ব্যাটসম্যানের খেলা অন্যতম সেরা ইনিংস ছিল সেটি।এত লম্বা সময় ধরে খেলে সে যে মাইলফলকটা ছুঁল তার কারণ হিসেবে আমি টপ-অর্ডারে খেলার কথা বলব। ভারত যখন বেশি বেশি ওয়ানডে খেলতে আরম্ভ করল তখনই সে ব্যাটিং উদ্বোধন করা শুরু করল।এই ব্যাপারটাই কারও জন্য গুরুত্বপূর্ণ হয়ে যায়। সুযোগ পেলে যতটা সম্ভব বেশি ওভার খেলা যায়। ওয়ানডেতে ওপেন করার সিদ্ধান্ত না নিলে মনে হয় না শচীন ১০০টা সেঞ্চুরি পেত।শচীনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এত লম্বা ক্যারিয়ারে কোনো বিতর্কের জন্ম না দেওয়া। এ জন্যই ভারতে সে পূজনীয়।অদূর ভবিষ্যতে মনে হয় না তার এই রেকর্ড ভাঙবে। আজকাল যে পরিমাণ ক্রিকেট হচ্ছে তার পরও আর কেউ যদি এটা করে তবে তাকে টানা ১৫ থেকে ২০ বছর খেলতে হবে।শাবাশ শচীন! সব শ্রদ্ধা ও প্রশংসা তোমার প্রাপ্য।