‘মনে হয়েছিল আমিই সোনা জিতেছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ শট পর্যন্ত এগিয়ে থেকেও পারলেন না। এসএ গেমস শ্যুটিংয়ে মেয়েদের দশ মিটার এয়ার রাইফেলে সতীর্থ শারমিন আক্তার রত্নার কাছে হেরে রুপা নিয়ে খুশি থাকতে হলো সৈয়দা সাদিয়া সুলতানাকে মন কি খুব খারাপ?সাদিয়া সুলতানা: হ্যাঁ, মন খারাপ...আমার কোচ মোহাম্মদ আলমগীর চলে গেছেন...। কোচ চলে গেছেন সে জন্য মন খারাপ, নাকি সোনা জিততে পারেননি বলে মন খারাপ?সাদিয়া: সেটাও একটা কারণ। কোচ আশা করছিলেন সোনা জিতব। কোচ কোথায় চলে গেছেন? সাদিয়া: চট্টগ্রামে গেছেন এই মাত্র। উনি চট্টগ্রামের মানুষ, আমিও সেখানকারই। কোচ আমার কম্পিটিশনের সময় এখানে গুলশান রেঞ্জেই ছিলেন। এসএ গেমসে উনিও খেলবেন। চট্টগ্রামে আর্মস আনতে গেছেন মনে হয়। কালই ফিরে আসবেন। চট্টগ্রামে আপনার বাসা কোথায়?সাদিয়া: এমএ আজিজ স্টেডিয়ামের পাশে কাজির দেউড়ি। আর গ্রামের বাড়ি হাটহাজারীতে। বাসায় কেউ শ্যুটিং করে?সাদিয়া: আমি এবং আমার ছোট বোন সায়মা শ্যুটিং করি। সায়মা চট্টগ্রামের রাইফেল ক্লাবে করে, আমিও সেখানকারই শ্যুটার। আমার তিন ভাই আছে। ভাইবোনদের মধ্যে আমি দ্বিতীয়। আরেকটু ভালো করলেই তো সোনা জিততেন...খারাপ হলো কেন?সাদিয়া: ট্রিগার পুল হয়ে গেছে। ওটা অনেক জোরে টেনে ফেলেছিলাম। বুঝতে পারিনি, কী থেকে কী হয়ে গেল। সোনা জিততে জিততে রুপা জিতলেন। ওই মুহূর্তে নিশ্চয়ই খুব কান্না পাচ্ছিল।সাদিয়া: প্রথমে মনে করেছি আমিই বোধহয় সোনা জিতছি। পরে মনিটরে দেখলাম জিরো পয়েন্ট এক এগিয়ে রত্না। তখন খারাপ লেগেছে। যুব কমনওয়েলথ গেমসে ৩৯৪ করেছেন। এশীয় এয়ার গানেও এ রকমই হয়েছে। এখন তো ৩৯৭, সামনে কী করতে চান?সাদিয়া: সামনে আরও ভালো করতে চাই। এটাই লক্ষ্য। সকালে ঘুম থেকে উঠে কী ভাবছিলেন...সাদিয়া: তখন মন ভালো ছিল। কীভাবে মারব চিন্তা করছিলাম। টেকনিকগুলো মাথায় ঘুরছিল। শ্যুটিংয়ে কীভাবে এলেন?সাদিয়া: আমার আব্বু সৈয়দ সরওয়ার আলম চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি। ওনার শ্যুটিং ভালো লাগে। আব্বুই আসলে নিয়ে এসেছে শ্যুটিংয়ে। ২০০৪ সালে শুরু। তখন আমি ফাইভে পড়ি। বলেন কী, এত পিচ্চি বয়সে...। কষ্ট হতো না?সাদিয়া: কষ্ট তো হতোই। তখন রাইফেল ধরাই কষ্টকর ব্যাপার ছিল। অনেক ওজন তো। বেশিক্ষণ ধরে রাখতে পারতাম না। কোচ যেভাবে বলত, সেভাবে রাখতাম। শুরুতে তো ওপেন সাইট রাইফেল দেওয়া হয়, ওগুলো ছিল ৩-৪ কেজি ওজনের। শ্যুটার হওয়ার স্বপ্ন তো তখনই শুরু, তাই না?সাদিয়া: প্রথম দিন ক্লাবে গিয়ে রাইফেল ধরলাম, এটা ওটা করলাম। রাতে তো আর ঘুমাতে পারি না...স্বপ্ন দেখছি, বড় শ্যুটার হব। তখন শুধু শ্যুটিংই চোখে ভাসত। অনেক মেডেল জিতেছি...এমনসব স্বপ্ন দেখতাম সারাক্ষণ। শ্যুটিং ছাড়া অন্য কোন খেলা ভালো লাগে? সাদিয়া: না, অন্য খেলা তেমন ভালো লাগে না। তবে সানিয়া মির্জা আমার প্রিয় খেলোয়াড়। সে দেখতে যেমন সুন্দর, খেলাও ভালো। সানিয়ার খেলা থাকলে টেনিস দেখি। আপনি এখন কোথায় পড়াশোনা করছেন। আর একটা ব্যাপার, আপনাকে দেখছি কথা খুব কম বলেন...।সাদিয়া: আমি চট্টগ্রাম পুলিশ লাইন স্কুলে ক্লাস টেনে পড়ি। আর সাংবাদিকদের সঙ্গে কী বলতে কী বলি...আবোল তাবোল বলে ফেলি কি না আব্বু টেনশন করেন। তাই আব্বুকে না জানিয়ে কিছু বলি না।