'মন্ত্রিত্ব উপভোগ করছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরিফ খান (জয়)
আরিফ খান (জয়)

ছিলেন ফুটবলার। খেলা ছেড়ে হয়েছেন বাফুফের সহসভাপতি। এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই দায়িত্ব পেয়েছেন ক্রীড়া উপমন্ত্রীর। মন্ত্রিত্বের দিনগুলো কেমন কাটছে? খেলাধুলার উন্নয়ন নিয়েই বা কী ভাবছেন? এসব নিয়েই কাল রাতে নেত্রকোনা থেকে টেলিফোনে কথা বললেন আরিফ খান (জয়)

আপনি অনেক ব্যস্ত জানি। এ মুহূর্তে কোথায় আছেন?

আরিফ খান (জয়): এ মুহূর্তে আমার নিজ জেলা নেত্রকোনায় আছি। দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে কাজ শুরু করেছি। নিঃশ্বাস ফেলারও সময় নেই। এই মাত্র একটা মতবিনিময় সভা শেষ করলাম।
গতকাল নাকি নেত্রকোনায় আপনাকে বিশাল সংবর্ধনা দেওয়া হয়েছে?
আরিফ: হ্যাঁ, বিশাল গণসংবর্ধনা ছিল। একজন মানুষের জন্য ঘর থেকে সবাই বেরিয়ে আসা কল্পনার অতীত। লাখ লাখ মানুষ এসেছে অনুষ্ঠানে। এলাকার মানুষের কাছে আমার এই উপমন্ত্রিত্ব প্রধানমন্ত্রিত্বের চেয়ে বড়।
এখন পর্যন্ত সংক্ষিপ্ত মন্ত্রিত্বের জীবনে বলার মতো কী ঘটেছে?
আরিফ: মন্ত্রী হওয়ার পর গতকাল (পরশু) নেত্রকোনায় এলাম। শহরে ঢোকার আগে আমাকে দেখতে মানুষের বাঁধভাঙা জোয়ার, ব্যানার-ফেস্টুন লিখে অভিনন্দন জানানো, মানুষের এত ভালোবাসা, এর চেয়ে স্মরণীয় কিছু হয় না। নেত্রকোনার শত বছরের ইতিহাসে এমন সংবর্ধনার নজির নেই। আমার নির্বাচনী এলাকা নেত্রকোনা সদর, এই এলাকা থেকে আমার আগে কেউ মন্ত্রিত্ব পায়নি। এই মন্ত্রিত্ব উপভোগ করছি।
আপনি মন্ত্রী হয়েই বলেছেন, আপনি শুধু ফুটবলের নন, সব খেলার। সে ক্ষেত্রে কি বাফুফে সহসভাপতি থাকাটা ঠিক মনে করছেন?
আরিফ: বাফুফের সহসভাপতি আমি নির্বাচিত হয়েছি। এখন মন্ত্রী হওয়ার পর এই পদে থাকব কি না, সেটা আমার ব্যক্তিগত বিষয়। এ নিয়ে আইনগত কোনো সমস্যা নেই। তবে পাইওনিয়ার লিগ কমিটির চেয়ারম্যানসহ অন্য যেসব দায়িত্বে আছি, তা থেকে পদত্যাগ করব। বাকিগুলোর ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।
আপনার মূল পরিচয় ফুটবলার হিসেবে। সব খেলার মন্ত্রী হতে চাইলে কি তা সাংঘর্ষিক হবে?
আরিফ: মোটেও তা হবে না। আমি মন্ত্রী হওয়ার পর পরই ক্রিকেট নিয়ে দুই দিন ঢাকার বাইরে সফর করে এসেছি। সব খেলাই আমার সন্তানের মতো। আমি সব খেলার প্রতি সমান আচরণ করব।
ক্রীড়া উন্নয়নে আপনার বিশেষ কোনো পরিকল্পনা আছে?
আরিফ: আমার মন্ত্রণালয় তো যুব ও ক্রীড়া। কর্মসংস্থানের ব্যবস্থা করে বেকারত্ব দূর করতে চাই, খেলার উন্নয়ন তো আছেই। দেশে যত মাঠ আছে সবগুলো সংরক্ষণ করব। মাঠের ক্ষতি হয় এমন কিছু কাউকে করতে দেব না। প্রতিটি থানায় একটা করে মিনি ফুটবল স্টেডিয়াম করার পরিকল্পনা আছে।
ফুটবলের জন্য কী করবেন? ফুটবলে তো এখন আর্থিক সংকট তীব্র...
আরিফ: ফুটবল ফেডারেশন আমার কাছে যে সহযোগিতাই চাইবে, আমি করতে প্রস্তুত। আর্থিক সংকট দূর করতে আমার পক্ষে যতটা করা সম্ভব, তা করব।
আপনার সংসদ সদস্য হওয়ার স্বপ্ন ছিল জানি। মন্ত্রী হবেন কখনো ভেবেছিলেন?
আরিফ: সংসদ সদস্য হওয়ার চেষ্টা আমি অনেক দিন থেকেই করছিলাম। এ নিয়ে কাজ করছিলাম। মন্ত্রী হব, এমন কিছু শুরুর দিকে ভাবিনি। তবে কিছুদিন আগে পাইওনিয়ার লিগ উদ্বোধন করতে এসে সবাই যখন প্রধানমন্ত্রীকে বললেন, জয়কে এমপি হওয়ার সুযোগ করে দিন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, ও কাজ করুক, শুধু সাংসদ নয়, মন্ত্রীও বানাব। সেদিন থেকে মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে শুরু করি।
 ক্রীড়া মন্ত্রণালয়ে এই প্রথম প্রতিমন্ত্রীর সঙ্গে একজন উপমন্ত্রী। উপমন্ত্রী হিসেবে আপনার কাজটা কী হবে?
আরিফ: প্রতিমন্ত্রী মহোদয় মন্ত্রণালয়ের কাজ করবেন, আমি সারা দেশের খেলাধুলা সংগঠিত করব, এভাবেই কাজটা বণ্টন হতে পারে। আমি তো খেলার লোক। আমার খেলার মাঠে থাকাই শ্রেয়। প্রতিমন্ত্রী হবেন এনএসসির চেয়ারম্যান, আমি ভাইস চেয়ারম্যান।