'মন্থর, ভোঁতা, অনুমেয়'
একটা বছরে কত কিছুই না বদলে যায়! ইয়ুপ হেইঙ্কেসের সেই বায়ার্ন মিউনিখের কথা মনে করুন। সেবার চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে বার্সেলোনাকে কেমন ছিঁড়েখুঁড়ে ফেলেছিল গতি-আগ্রাসনের দুর্দান্ত যুগলবন্দীতে! মুলার-রোবেন-রিবেরিদের কাছে পাত্তাই পায়নি বার্সার টিকি-টাকা।
সেই বায়ার্নের কোচ এখন পেপ গার্দিওলা। টিকি-টাকা ফুটবলে যিনি বার্সেলোনাকে জিতিয়েছিলেন সম্ভাব্য সবকিছুই। সাফল্যের সেই ফর্মুলাটা অনুসরণ করছেন বায়ার্নেও। কিন্তু সব দলের জন্য একই মন্ত্রে কি কাজ হয়! ‘যতক্ষণ পারো বল দখলে রাখো, ধীরেসুস্থে আক্রমণে যাও’—কৌশলে তো পরশু রিয়ালের রক্ষণে কোনো চিড়ই ধরাতে পারল না বায়ার্ন।
পরশু রিয়ালের কাছে হারের পর জার্মানিজুড়ে তাই গার্দিওলার সমালোচনা। বিল্ডের শিরোনাম, ‘পেপ, এভাবেই তুমি একটা ট্রেবলজয়ী দলের বারোটা বাজিয়ে দিলে।’ এই পরাজয়কে ‘ঐতিহাসিক’ বলেও রায় দিয়ে দিয়েছে জার্মানির সবচেয়ে জনপ্রিয় দৈনিক।
স্পিগেল অনলাইনও গার্দিওলার সমালোচনায় একই রকম মুখর। ‘মন্থর, ভোঁতা, অনুমেয়’ শিরোনামে লেখা হয়েছে, ‘রিয়ালের ত্রাস দলটা এখন দাঁতহীন বাঘে পরিণত হয়েছে। ট্যাকটিক্যাল লড়াইয়েও গার্দিওলা ১-০ গোলে পিছিয়ে পড়েছে।’ আরেক পত্রিকা এফএএজ দেখছে অশনিসংকেত, ‘গার্দিওলার অধীনে এই প্রথম সত্যিকারের চাপে বায়ার্ন।’ বার্লিনার জেইটাংয়ের সুরও অভিন্ন, ‘লাম অ্যান্ড কোং আইডিয়ার অভাবে ভুগছে। ওরা নিজেরাই নিজেদের ধরনের শিকার হতে চলেছে, যেটা শুধু বিরক্তিরই জন্ম দেবে।’
জার্মান পত্রিকাগুলো না হয় সিঁদুরে একটু আগেভাগেই মেঘ দেখছে। ১-০ গোলে হারার পর আসলে তো কিছুই শেষ হয়ে যায়নি। এখনই তাই ‘গেল গেল’ রব তোলাটা অনুচিত। তবে আনচেলত্তির মন্তব্যটাও তো প্রকারান্তরে গার্দিওলার কৌশলের সমালোচনাই, ‘ওরা খেলার গতি মন্থর করে দিয়ে আমাদের সুবিধাই করে দিয়েছে।’
সমালোচনা হচ্ছে আরও অনেক রকম। ফিলিপ লামকে মধ্যমাঠে জায়গা করে দিতে খেলাতে হয়েছে রাইট ব্যাক রাফিনহাকে। বেনজেমার গোলটা ওই প্রান্ত দিয়েই হয়েছে। প্রশ্ন উঠেছে গোটশে-মুলারদের পরে নামানো নিয়েও।
আলিয়াঞ্জ অ্যারেনায় পরের লেগটা শুধু ফাইনালে ওঠার নয়, গার্দিওলার জন্য তার চেয়েও বড় পরীক্ষা। ওয়েবসাইট।