'মর্যাদার লড়াই'য়ে ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কোয়ার্টার ফাইনালে শেখ জামাল ধানমন্ডিকে চেয়েছিলেন, নাকি মুক্তিযোদ্ধাকে?’— সংবাদ সম্মেলনে এসে প্রথমেই এই প্রশ্ন শুনতে হলো মোহামেডান কোচ রুই ক্যাপেলাকে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর সঙ্গে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র। গ্রুপ পর্বের সমীকরণে ১ এপ্রিলের কোয়ার্টার ফাইনালে ‘সি’ গ্রুপ রানার্সআপ মুক্তিযোদ্ধাকেই পেল মোহামেডান। ড্র করেও গোলগড়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন। এতেই স্বস্তিতে পর্তুগিজ কোচ।
পাশে বসা অধিনায়ক জাহিদ হাসান এমিলি কথাটা কেড়ে নিলেন, ‘কোয়ার্টার ফাইনালে আমরা কার সঙ্গে খেলব, এই সমীকরণ ভেবে মাঠে নামিনি। মর্যাদার লড়াইয়ে জিততেই এসেছিলাম।’ কথা সত্যি। ‘আদি যুগে’ আবাহনী-মোহামেডান ম্যাচের উত্তাপ কেমন ছিল, ক্যাপেলা তা কী করে জানবেন?
মৌসুমের আগের দুটি ম্যাচই আবাহনীর কাছে হেরেছে সাদাকালোরা। জয় পেতে তাই মরিয়া ছিল মোহামেডান। নয় মিনিটে এমিলির সুযোগসন্ধানী গোলে এগিয়ে যায় তারা। বক্সে আবাহনী ডিফেন্ডার সামাদ ইউসুফ হেডে গোলরক্ষক শহীদুল আলমকে (সোহেল) ব্যাক পাস দিতে চেয়েছিলেন, বলটা কেড়ে নিয়েই এমিলি পাঠিয়ে দেন জালে।
৫৩ মিনিটে সমতায় ফেরে আবাহনী, সেও মোহামেডান গোলরক্ষক তিতুমীরের ভুলে। জায়গা ছেড়ে বেরিয়ে আসা তিতুমীরকে হতভম্ব করে আউডু ইব্রাহিম প্রথম পোস্টে পাঠিয়ে দেন বল! গোল শোধ হওয়ার পর আবাহনীই বেশি আক্রমণাত্মক ছিল। কিন্তু গোল আর তারা পায়নি।
গ্রুপ চ্যাম্পিয়ন শেখ জামাল: অন্য ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ৩-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধাকে। দুটি গোল করেছেন সনি নর্দে। অন্যটি সোহেল রানা। মুক্তিযোদ্ধার গোলটি সানডে সিজোবার। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ আটে শেখ জামাল, ২ এপ্রিল তাদের প্রতিপক্ষ আবাহনী।