‘মহাপুরুষ’দের দায়িত্ব দেওয়ায়...
‘অপ্রচলিত খেলা বলে একটু বেশিই আড়ালে পড়ে থাকি আমরা’—গত এসএ গেমসে সোনাজয়ী উশু খেলোয়াড় মেজবাহ উদ্দিনের আক্ষেপ। জাতীয় উশু চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে গত পরশু। কিন্তু একেবারে নীরবে-নিভৃতে দায়সারাভাবে হয়েছে এই প্রতিযোগিতা। সারা দেশের বিভিন্ন জেলা ও ক্রীড়া সংস্থার প্রায় ২৩০ জন খেলোয়াড় অংশ নিয়েছে প্রতিযোগিতায়। মিরপুর শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোরে তিনব্যাপী আয়োজন হওয়ার কথা থাকলেও টুর্নামেন্ট চলেছে দুই দিন। গাদাগাদি করে খেলোয়াড়েরা থেকেছেন মিরপুর ক্রীড়াপল্লিতে। থাকা-খাওয়া ও দৈনন্দিন ভাতার ব্যবস্থা থাকলেও এসব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তাঁরা—এমনই দাবি খেলোয়াড়দের। টুর্নামেন্টটা হয়েছে একেবারেই দায়সারা গোছের। আরও একটু জাঁকজমকপূর্ণভাবে এটি করা যেত বলে মনে করেন উশু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল মতিন, ‘জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য আমি সাব-কমিটি করে দিয়েছিলাম। কিন্তু আমার ওই মহাপুরুষেরা কোনো দায়িত্বই পালন করেনি। আমি নিজেও ব্যস্ত ছিলাম আমার অসুস্থ স্ত্রীকে নিয়ে।’ জাতীয় প্রতিযোগিতায় খেলোয়াড়দের দৈনন্দিন ভাতা দেওয়ার নিয়ম থাকলেও সেটা পায়নি খেলোয়াড়েরা। এ ব্যাপারে বলেন, ‘পর্যাপ্ত স্পনসর পেলে আমরা টিএ-ডিএ দিতে পারতাম।’পরশু শেষ হওয়া টুর্নামেন্টে থাউলুর নানসুয়ান ও নানদাও ইভেন্টে সোনা জিতেছেন মেজবাহ উদ্দিন। দাউসু ও চানদুয়ানে সোনা পেয়েছেন আবু বকর। গত এসএ গেমসে সোনাজয়ী একমাত্র মেয়ে খেলোয়াড় ইতি ইসলামের ওজন বেড়ে যাওয়ায় এবার অংশ নেননি জাতীয় চ্যাম্পিয়নশিপে। ৫২ কেজি ওজন-শ্রেণীতে খেলার কথা ছিল ইতির।