‘মাইলফলক আমার কাছে গুরুত্বপূর্ণ’
কিশোর চেহারার এক তরুণ, ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সবই করেন চশমা পরে। ১৯৯৭ সালে অভিষেকের সময় যা ছিল, ড্যানিয়েল ভেট্টোরির বর্তমান অবয়বে খুব একটা পার্থক্য নেই। শুধু চুলগুলো একটু খাটো হয়েছে, আর গালে দাড়ি। তবে সেই সময়ের টিনএজ বাঁহাতি স্পিনার এখন বলতে গেলে নিউজিল্যান্ড ক্রিকেটের সর্বেসর্বা। অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যামিল্টনে শততম টেস্ট খেলতে নামার আগে ক্রিকইনফোর সঙ্গে সাক্ষাত্কারে ভেট্টোরি তাকিয়েছেন অতীত, বর্তমান ও ভবিষ্যতে... ১৯৯৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে আপনার টেস্ট অভিষেক। মনে পড়ে সেই ম্যাচটির কথা?ড্যানিয়েল ভেট্টোরি: ব্যাটিংয়ের সময় আমি খুব নার্ভাস ছিলাম। বোলিং নিয়ে আমি আত্মবিশ্বাসী ছিলাম, কারণ বোলিংটা আমি ভালো করছিলাম। কিন্তু ব্যাটিংয়ের সময় মনে হয়েছিল আমি কীভাবে কী করব, ব্যাটিং করেছিলাম ১১ নম্বরে। ৩৪ ওভারে ৯৮ রানে ২ উইকেট, বোলিং পারফরম্যান্সে খুশিই ছিলাম। তখনকার অধিনায়ক লি জারমন আমাকে অনেক সাহস দিয়েছেন, মাঠে ফিল্ডিং সাজানোর স্বাধীনতা দিয়েছেন। ১৮ বছর বয়সে নিউজিল্যান্ডের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক, প্রথম শ্রেণীর ম্যাচে অভিষেকই হয়েছিল মাত্র কদিন আগে। অবাক লাগেনি?ভেট্টোরি: হ্যাঁ, ভীষণ অবাক হয়েছিলাম। নর্দান ডিস্ট্রিক্টের হয়ে একটি ম্যাচ খেলেছিলাম ইংল্যান্ডের বিপক্ষে, আরেকটি সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে। দুটো ম্যাচেই ভালো করেছিলাম, কিন্তু সামনেই নিউজিল্যান্ডের হয়ে খেলার কথা আমার মাথাতেই আসেনি। ভেবেছিলাম হয়তো আরও পাঁচ-ছয় বছর অথবা আরও পরে হতে পারে। সে সময়ের কোচ স্টিভ রিক্সন ও নির্বাচকেরা ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি দেখতে এসেছিলেন। নিউজিল্যান্ডে তখন ভালো কোনো স্পিনার ছিল না। এ জন্যই হয়তো তাঁরা ভেবেছিলেন, ‘দেখিই না তরুণ একজনকে সুযোগ দিয়ে!’ এত কম বয়সে শুরু, সবকিছুই তো আপনাকে শিখতে হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে এসে। ক্রিকেটার হিসেবে কীভাবে নিজেকে এগিয়ে নিয়েছেন?ভেট্টোরি: নিউজিল্যান্ডে এই ব্যাপারটা অনেক দেখা যায়, অনেককেই শিখতে হয় আন্তর্জাতিক অঙ্গনে এসে। কারণ আমাদের দেশে প্রতিভাবান ক্রিকেটারের অভাব খুব বেশি, অনেককেই তাই তরুণ থাকতেই শুরু করতে হয়। আমি একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে আমাকে খুব দ্রুত শিখতে হবে। কারণ দ্রুত না শিখলে পেছনে পড়ে যেতে হবে। এই ১০০ টেস্টে আপনার স্মরণীয় মুহূর্তগুলোর কথা কিছু বলুন...ভেট্টোরি: ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে হ্যামিল্টনে আমার প্রথম টেস্ট সেঞ্চুরিটা আমি সব সময় মনে রাখব। বোলিংয়ের দিক থেকে ২০০০ সালে ইডেন পার্কে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেট। ওই ম্যাচে আমি ১২ উইকেট পেয়েছিলাম, ভালো একটা দলের বিপক্ষে এটা ছিল দুর্দান্ত পারফরম্যান্স। দুর্ভাগ্যবশত রান তাড়া করতে গিয়ে শেন ওয়ার্নের বোলিংয়ে আমরা হেরে যাই। দলীয় হিসেবে ১৯৯৯ সালের ইংল্যান্ড সিরিজ, প্রথমবারের মতো ইংল্যান্ডে টেস্ট সিরিজ জয়টা ছিল বিশেষ কিছু। ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠাটাও নিউজিল্যান্ডের জন্য ভালো অর্জন ছিল। ক্যারিয়ারজুড়ে আপনার নিজের খেলা কতটুকু বদলেছে?ভেট্টোরি: এখনো আমি নিজেকে প্রথমে একজন বোলার মনে করি। এখনো দলের স্ট্রাইক বোলার হিসেবে থাকতে চাই। বোলিংয়ে খুব বেশি পরিবর্তন আনিনি। টার্নের চেয়ে বৈচিত্র্যই সব সময় আমার সাফল্যের চাবিকাঠি। নিউজিল্যান্ডে খুব ভালো কোনো স্পিনারকে দেখে বড় হইনি, উইকেটও স্পিন সহায়ক ছিল না। এত দূর আসতে পারাটা অবশ্যই একটা গর্ব করার মতো অর্জন। ইনজুরিতে থাকার সময় আমি ব্যাটিং টেকনিক নিয়ে কাজ করেছি। এ জন্যই গত পাঁচ-ছয় বছরে ব্যাটিংয়ে বেশি অবদান রাখতে পারছি। আশা করি, এখন আমি একজন জেনুইন অলরাউন্ডার, ব্যাটিং-বোলিংয়ে সমান অবদান রাখতে পারি। ঠিক কোন সময় ব্যাটিংয়ে মনোযোগ দেওয়া শুরু করলেন? প্রথম টেস্ট সেঞ্চুরিটাই কি টার্নিং পয়েন্ট?ভেট্টোরি: এর একটু আগে থেকেই আসলে। নিজের ব্যাটিং পরিসংখ্যান আমাকে খুব বিব্রত করত, আমি তো আসলে এর চেয়ে অনেক ভালো! এর পর নেটে অনেক পরিশ্রম করলাম, মানসিকতাও বদলে ফেললাম। অনেকের সঙ্গে কথাও বলেছি এবং সেটা অর্জনের জন্য নিজে কঠোর পরিশ্রম করেছি। এখন তো মনে হয় শুধু ব্যাটসম্যান হিসেবেও আমি দলে থাকতে পারি। বর্তমান ক্রিকেটারের মধ্যে কারা আপনাকে মুগ্ধ করে?ভেট্টোরি: হরভজন সিংয়ের বোলিং আমি সত্যিই উপভোগ করি। সে বিশ্ব ক্রিকেটে এখন আমার প্রিয় বোলার। শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরনের প্রতি শ্রদ্ধার কথা আমি আগেও অনেকবার বলেছি। রাহুল দ্রাবিড় ব্যাটসম্যান হিসেবে আমার জন্য সব সময়ই ছিল কঠিন। ওকে আউট করা অবিশ্বাস্য রকম কঠিন। ২০০৭ সাল থেকে আপনি দলের অধিনায়ক। নিজের খেলায় এই পরিবর্তনের প্রভাব কতটুকু?ভেট্টোরি: আশা করি, উন্নতি হয়েছে। আমার রেকর্ড অনেক ভালো হয়েছে। আমি সব সময়ই বলেছি, অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিতে চাই। ব্যাট-বল হাতে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি নিজেকে চাপ দিই। একজন ভালো অধিনায়ক সেই যে নিজে ভালো খেলে আর দল জেতে। অধিনায়কের পারফরম্যান্স দলকে জেতাতে সাহায্য করে—ব্যাপারটাকে আমি এভাবেই দেখি। অধিনায়কত্ব পেয়েই আপনাকে দল পুনর্গঠন করতে হয়েছে, এটা কি কাজটাকে আরও কঠিন করে তুলেছিল?ভেট্টোরি: না, সত্যি বলতে মনে হয় আমি পুরস্কৃত হয়েছি। রস টেলর, মার্টিন গাপটিল, ব্রেন্ডন ম্যাককালামরা দুর্দান্ত অলরাউন্ড ক্রিকেটার হিসেবে নিজেদের প্রমাণ করেছে। ক্রিকেটারদের ইনজুরিমুক্ত রাখা এবং ধারাবাহিকতা ধরে রাখা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু আমরা ভালোভাবেই এগিয়ে যাচ্ছি। ঘরোয়া ক্রিকেট থেকেও অনেক প্রতিভা উঠে আসছে। ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেটে রূপান্তরের ভালো সুযোগ আছে এখন। ২০১১ বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছাড়তে পারেন বলে ইঙ্গিত দিয়েছিলেন আগে। ভাবনাটা কি এখনো তেমনই আছে?ভেট্টোরি: হ্যাঁ, চার বছর অনেক লম্বা সময়। আশা করি, সে পর্যন্ত আমি থাকব। ফর্ম ও ফিটনেসটা ধরে রাখতে পারলে আমি আরও কয়েকটা বছর খেলা চালিয়ে যেতে চাইব। স্টিফেন ফ্লেমিংয়ের ১১১ টেস্ট খেলার রেকর্ডটাও এগিয়ে আসছে, নিউজিল্যান্ড ক্রিকেটের একজন কিংবদন্তিকে টপকে যাওয়া হবে আরেকটা বড় অর্জন। পরিসংখ্যান আর মাইলফলকগুলো আমার কাছে দারুণ গুরুত্বপূর্ণ, আমাকে অনুপ্রাণিত করে। আমি খেলাটা খেলি ব্যক্তিগত অর্জন এবং দলের জয়ের জন্য। এই দুটোই পাশাপাশি এগিয়ে যায়, মাইলফলক অর্জন করতে পারলে তা দলের জয়েও সহায়ক হয়।