'মাঙ্কিগেট' কলঙ্ক তাড়িয়ে বেড়ায় পন্টিংকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিকি পন্টিং
রিকি পন্টিং

ব্যাপারটা এখনো ভুলতে পারেননি রিকি পন্টিং। ২০০৮ সালে ভারতের বিপক্ষে সিরিজে ‘মাঙ্কিগেট’ কেলেঙ্কারির পর ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) আচরণ এখনো তাড়িয়ে বেড়ায় সাবেক অধিনায়ককে।

খেলা ছেড়ে দিয়ে পন্টিং এখন ব্যস্ত আত্মজীবনী লেখার কাজে। খুব শিগগির বাজারে আসছে তাঁর আত্মজীবনী ‘আফটার দ্য ক্লোজ অব প্লে’। এই বইয়ে নাকি পন্টিং ২০০৮ সালে ভারত-অস্ট্রেলিয়া সিরিজে বর্ণবাদী আচরণসংক্রান্ত কেলেঙ্কারির ব্যাপারে অনেক কিছুই বলেছেন।

‘মাঙ্কিগেট’ কেলেঙ্কারির একটি ব্যাপার নিয়ে পন্টিং খুবই হতাশ হয়েছিলেন। সেটা হলো সিএর আচরণ। ঘটনার পাঁচ বছর অতিক্রান্ত হওয়ার পরও পন্টিং কিছুতেই বুঝতে পারেন না, সেদিন সিএ কেন অস্ট্রেলীয় ক্রিকেটারদের পাশে দাঁড়ায়নি। নিজের আত্মজীবনীতে এ ব্যাপারটি নিয়েই আলোকপাত করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। বলেছেন, ‘সেদিন ক্রিকেট অস্ট্রেলিয়া বেশি ব্যস্ত ছিল ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক অটুট রাখা নিয়ে। তারা অস্ট্রেলীয় দলের পাশে দাঁড়ানোর কোনো প্রয়োজনই মনে করেনি। ব্যাপারটি ছিল খুবই হতাশার।’

শচীন টেন্ডুলকারকে সময়ের অন্যতম সেরা এবং তাঁর সবচেয়ে সেরা প্রতিপক্ষ বললেও ব্রায়ান লারাকে ‘সত্যিকারের ম্যাচ উইনার’ হিসেবে আত্মজীবনীতে উল্লেখ করেছেন পন্টিং। কেভিন পিটারসেনকে তাঁর দেখা সেরা ইংলিশ ব্যাটসম্যান হিসেবে অভিহিত করে বলেছেন, ‘ইংল্যান্ডে ওর কাছে-ধারে কেউই নেই।’

নিজের ক্যারিয়ার সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি একটু অদ্ভুতই পন্টিংয়ের। প্রয়োজনের চেয়ে ক্যারিয়ারটা একটু দীর্ঘই করেছেন বলে অভিমত তাঁর। তবে এর ব্যাখ্যাও দাঁড় করিয়েছেন স্পষ্ট করেই, ‘আসলে আমি দলের সঙ্গে থাকতে চাইছিলাম। দলটাকে একটু দাঁড় করিয়ে যাওয়াই লক্ষ্য ছিল আমার। অস্ট্রেলীয় ক্রিকেট দলের ক্রান্তিকালে নতুনদের সাহায্য করার জন্যই অবসরটা একটু দেরি করে নিয়েছি।’

এদিকে, ২০০৮ সালের ‘মাঙ্কিগেট কেলেঙ্কারি’ নিয়ে নিজের বইয়ে অনেক অজানা তথ্য জানিয়ে দেবেন বলে জানিয়েছেন সাবেক ভারতীয় লেগ স্পিনার ও অধিনায়ক অনিল কুম্বলেও। সূত্র: পিটিআই।