
এশিয়া কাপে সমালোচনা
আমার জীবনে আমি এত নেতিবাচক কথা শুনিনি। হয়তো আগে কখনো শুনিনি বলে সহ্য করা কঠিন ছিল। শুরুতে আমি বিষয়টা ব্যক্তিগতভাবেই নিয়েছিলাম। পরে ভেবে দেখলাম, এটা আমার জন্য ক্ষতিকর। তাই বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলি। প্রত্যাশা বেশি বলেই হয়তো নেতিবাচক কথা বেশি হচ্ছে। আমাদের একটাই রাস্তা—মাঠে প্রমাণ করে দিতে হবে। সেই চেষ্টাই করব। দলে থাকতে হলে আমাকে ভালো খেলতে হবে। এখন বাংলাদেশের ক্রিকেটে দয়া-দাক্ষিণ্যের স্থান নেই।
বোলিংয়ে ভুল
আমি সব সময়ই বের করার চেষ্টা করি, কোথায় ভুল হচ্ছে। ৫ উইকেট পেলেও ভাবি, দুইটা বল খারাপ না হলে হয়তো চার দুগুণে ৮ রান হতো না। তবে আমার বলে দেওয়া ঠিক হবে না, আমি কী নিয়ে কাজ করছি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে
প্রথম কাজ হলো প্রথম ম্যাচটা জিতে শুরু করতে হবে। এটা নির্ভর করে পরিস্থিতির ওপর। প্রথম থেকে যদি ভালোভাবে শুরু করতে পারি তাহলে পরের পর্বে গিয়েও ভালো করার আশা আছে।
প্রথম রাউন্ডে খেলা
যেকোনো দলের জন্যই এটা চাপ। অস্ট্রেলিয়াকেও যদি বলেন প্রথমে বাছাইপর্ব খেলে আসতে হবে, তারাও চাপে পড়বে। তবে আমরা চেষ্টা করব। তা ছাড়া এ ধরনের ম্যাচ আমরা আগেও খেলে এসেছি।
প্রতিপক্ষ আফগানিস্তান
মনে হয় না, এশিয়া কাপের ম্যাচ এখানে প্রভাব ফেলবে। ওই দিন আমাদের চারজন ভালো ব্যাটসম্যানের মধ্যে দুজন প্রথম দুই ওভারেই আউট হয়ে গিয়েছিল। এটা যেকোনো ম্যাচেই হতে পারে। আমরা চেষ্টা করব আমাদের সেরা খেলাটা খেলতে। তাহলেই ওরা আমাদের সঙ্গে জিততে পারবে না। মূল লক্ষ্য জয় দিয়ে শুরু করা।
মিশন প্রতিশোধ
প্রতিশোধ-টতিশোধ আমি অত কিছু বুঝি না। ওই ম্যাচে আসলে আমাদের জেতারই কথা ছিল। আমরা এখানেও সেই চেষ্টাই করব। নির্দিষ্ট দিনে ভালো খেললে যে কেউ জিততে পারে। আমি খেলব আমার শতভাগ। আমরা সবাই শতভাগ খেলতে পারলে ওরা আমাদের সঙ্গে জিততে পারবে না।
স্পিননির্ভর বাংলাদেশ
এটা বলা ভুল হবে। আমাদের পেস বোলাররাও ভালো করছে। আমাদের অন্তত দু-তিনজন পেস বোলার প্রস্তুত আছে খেলার জন্য। তারা ভালোও করছে। চাপ আসলে সব বোলারের ক্ষেত্রেই সমান। এখন আমাদের যে আবহাওয়া, এই সময়ে স্পিনাররা যে খুব বেশি সাহায্য পাবে, তা বলব না। গত সিরিজে প্রতিটি ম্যাচেই প্রায় তিন শর কাছাকাছি রান হয়েছে। স্পিন ধরলে ২৬০-এর মধ্যে রান থাকত। আসলে যা নিয়ে সবার বেশি আশা থাকে, তা ঠিকভাবে না হলেই সমালোচনা হয়।