'মাথা উঁচু করে বিদায় নেওয়া উচিত শচীনের'

শচীন টেন্ডুলকারের এখনই অবসর নেওয়া উচিত কিনা, এই বিতর্ক সযত্নে এড়িয়ে গেছেন। তবে সৌরভ গাঙ্গুলী এও মনে করেন, টেন্ডুলকারের বিদায় খুব বেশি দূরে নেই। ভারতীয় সাবেক অধিনায়কের মতে, টেন্ডুলকার বিদায় যখনই নেন না কেন, সেই বিদায়টা হওয়া উচিত মাথা উঁচু করে। এত বর্ণময় যাঁর ক্যারিয়ার, ক্রিকেট-ইতিহাসের পৃষ্ঠার পর পৃষ্ঠা যিনি নতুন করে লিখিয়েছেন, সেই টেন্ডুলকারের হেঁটমাথা বিদায় মোটেও মানায় না।
‘ওর অবসর নিয়ে অনেক বেশি জল্পনা হচ্ছে, যেটা ওকে আরও বেশি চাপে ফেলে দিচ্ছে। আমি যদিও মনে করি, ওর অবসর খুব বেশি দূরে নেই। আমি আশা করি, ব্যাট উঁচুতে রেখেই ও বিদায় জানাবে। ম্যাচ জেতানো একটা ইনিংস খেলেই ওর বিদায় নেওয়া উচিত।’ বলেছেন সৌরভ।
শেষ টি-টোয়েন্টি ম্যাচটিও খেলে ফেললেন টেন্ডুলকার। শেষ ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি। সৌরভ মনে করেন, এমন বিদায়ই কেবল মানায় টেন্ডুলকারকে। টেন্ডুলকার চাইলেও আরও বেশ কিছুদিন খেলে যেতে পারেন বলেও মনে করেন সৌরভ। তবে তাঁর মতে, বিদায় নেওয়ার সঠিক সময়টা বেছে নেওয়াও খুবই গুরুত্বপূর্ণ, ‘শচীন যদি আরও বেশ কিছু দিন খেলে, তার পরও তো অর্জন কিংবা সুনাম কোনোটাই ক্ষুণ্ন হবে না। তবে আমি মন থেকেই চাই, ও যেন খুব ভালো খেলেই অবসর নেয়, সেটা হতে পারে ওয়েস্ট ইন্ডিজ কিংবা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।’
ভারতের পরের দুটি সিরিজই এই দুই দলের বিপক্ষে। সৌরভের কথায় প্রচ্ছন্ন ইঙ্গিত তাই খুঁজে পাওয়া যাচ্ছে, এই দুই সিরিজেই টেন্ডুলকারের শেষটা টেনে দেওয়ার পক্ষে তিনি। আইএএনএস।