‘মাথা ঠান্ডা রাখো’, পরামর্শ আলোনসোর
বিশ্বকাপের অন্যতম ফেবারিট ভাবা হচ্ছিল তাদেরকে। অথচ সেই স্পেনকে হারিয়ে এবারের বিশ্বকাপে প্রথম অঘটনের জন্ম দিয়েছে সুইজারল্যান্ড। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে হন্ডুরাসের বিপক্ষে জয়ের বিকল্প নেই স্পেনের। স্প্যানিশ তারকা জাভি আলোনসো মনে করেন-‘বিপদে দল যখন পড়েই গেছে, তখন মাথা ঠান্ডা রাখার বিকল্প নেই কারো।’স্পেন তাদের পরের ম্যাচে মাঠে নামবে হন্ডুরাসের বিপক্ষে। বিশ্বকাপে নিজেদের স্বপ্নটা টিকিয়ে রাখতে হলে হন্ডুরাসের বিপক্ষে জয়ের বিকল্প নেই স্পেনের। সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর ফুঁসে উঠেছে গোটা স্পেন। দুর্ভাগ্যজনক সেই হার নিয়েও কম কাঁটাছেড়া হচ্ছেনা। স্প্যানিশ গণমাধ্যমগুলো অত্যন্ত রূঢ় ভাষায় আক্রমণ করে চলেছে খেলোয়াড়দের। সবমিলিয়ে হন্ডুরাস স্পেনের তুলনায় দুর্বল প্রতিপক্ষ হলেও বাড়তি একটা চাপ তাড়িয়ে ফিরছে স্প্যানিশ ফুটবলারদের। এমন একটি সময়কে দুঃসময় হিসেবেই দেখছেন জাভি আলোনসো। তিনি মনে করেন, এমন একটি সময়ে অবশ্যই পরিস্থিতি উত্তরনের জন্য আমাদের সকলকে মাথা ঠান্ডা রাখতে হবে। দুঃসময় যখন এসেছেই তখন দিশেহারা হয়ে কোনো লাভ নেই।হন্ডুরাসের বিপক্ষে ম্যাচটিকে বাঁচা-মরার লড়াই হিসেবে বর্ণনা করেছেন আলোনসো। স্প্যানিশ এই মিডফিল্ডার মনে করেন,‘হন্ডুরাসের বিপক্ষে ম্যাচটিতে জয় ছাড়া কোনো বিকল্প নেই আমাদের সামনে। এই ম্যাচে আমাদের আরো আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলতে হবে।’সুইজারল্যান্ডের কাছে হারকে অনেকে ‘অঘটন’ হিসেবে উল্লেখ করলেও এ হারের জন্য নিজেদেরকেই দায়ী করছেন আলোনসো। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা এই তারকা মিডফিল্ডার মনে করেন, ‘আমাদের শুরুটাই খারাপ ছিল। আর এ কারণেই আমরা হেরেছি।’ এরপরই স্পেনকে হতাশায় ডুবানো সুইজারল্যান্ডের ফুটবলারদের প্রতি আলোনসোর সমীহ, ‘অসাধারণ খেলেছে সুইসরা। নিজেদের সেরা খেলাটা খেলেই জয় তুলে নিয়েছে তারা।’