‘মাদিবা’ এলেই নাকি জিতত দক্ষিণ আফ্রিকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো কখনো আবেগের কাছে যুক্তি হেরে যায়। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোকে হারাবই—আবেগের জোয়ারে ভেসে গিয়ে এমন একটা স্বপ্নই দেখেছিল দক্ষিণ আফ্রিকানরা। সেই স্বপ্নটা পূরণ হতে হতেও হয়নি। মাত্র ১১ মিনিটের জন্য!এমনিতে আফ্রিকার মাটিতে বিশ্বকাপ ফুটবলের প্রথম আসরটা শুরু হয়েছে দুর্দান্তভাবে। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান যেখানে ‘বাহুল্য’ বলেই বিবেচিত, সেখানে এখানকার জমকালো উদ্বোধনটা হলো মন ভরিয়ে দেওয়ার মতো। এর সঙ্গে জয়টাও যোগ হলে পূর্ণতা পেত উৎসবটা। কিন্তু হলো না।‘ফর্মটা ক্ষণস্থায়ী, জাতটা চিরকালীন’ —এই কথাটাই যেন খেটে গেল শেষ পর্যন্ত। দক্ষিণ আফ্রিকা যতই কয়েকটি প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত করুক না কেন, মেক্সিকো দেখিয়ে দিয়েছে, তাদের হারানো সহজ নয়। ঠিকই একটা ঝলক দেখিয়ে মান বাঁচিয়ে ফিরেছে। মেক্সিকোর জন্য অবশ্য ড্রটাও ভালো ফল নয়। তাই ম্যাচ শেষে তাদের কোচকে পাওয়া গেল বিষণ্নচিত্তে। হতাশাই ব্যক্ত করলেন হাভিয়ের আগুরি, ‘আমি হতাশ। প্রথমার্ধেই গোল পাওয়া উচিত ছিল আমাদের। তাহলে খেলাটা অন্য রকম হতো।’জয় না পাওয়ায় দক্ষিণ আফ্রিকার কোচ কার্লোস আলবার্তো পাহেইরার মন খারাপ। শেষ দিকে দুটি সুবর্ণ সুযোগ নষ্ট না হলে তাঁর দল জিতেই তো যায়। তবে বিশ্বকাপের অভিজ্ঞ এই যাত্রী সত্যটা উপলব্ধি করতে পারছেন, ‘মেক্সিকোর সঙ্গে ড্র করাটাও খারাপ ফল নয়। আমি মোটের ওপর খুশিই। তবে এটা তো মনে হচ্ছেই, ম্যাচটা জিতেও যেতে পারতাম।’গত পরশু ম্যাচের পর এই হলো খেলার সঙ্গে যুক্ত আসল মানুষদের কথাবার্তা। যেখানে আবেগ কাজ করে না, কাজ করে বাস্তবতাবোধ। কাজ করে সত্য। কিন্তু সমর্থকদের চিন্তার ধারাটা অন্যরকম।এই যেমন ব্রুস এমডু। তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করেন। বাফানা বাফানাদের অন্ধ সমর্থক যাকে বলে। স্টিভেন পিনারের পোস্টারে চোখ বুলিয়ে ঘুমোতে যান, এমন অবস্থা আর কী! ‘মাদিবা মাঠে এলে আমরা অবশ্যই জিততাম। কেউ ঠেকাতে পারত না। মাদিবার একটা জাদু আছে’—উত্তেজিত ভঙ্গিতে বলে যেতে লাগলেন ব্রুস।এই ‘মাদিবা’ কে, তা আপনাদের অনেকেরই জানা। দক্ষিণ আফ্রিকার মহান নেতা নেলসন ম্যান্ডেলা। ৯১ বছর বয়সের শরীরটা নিয়ে এখন আর সেভাবে চলতে পারেন না। শুধু বয়সের ভারই তো নয়, এই শরীরটা অনেক ধকল সয়েছে। নির্যাতন, মানসিক পীড়ন—২৭ বছরের বন্দিজীবনের চিহ্ন। তার পরও আসতে চেয়েছিলেন তিনি। কিন্তু আসতে পারলেন না একটি শোকের কারণে। ম্যাচের দিনেই মারা গেছে তাঁর প্রপৌত্রী। এই শোক নিয়ে কীভাবে আসবেন তিনি? ব্রুস ভীষণ মর্মাহত, ‘ম্যাচের আগেই তো আমাদের শোক ছুঁয়ে গেছে।’‘মাদিবা ম্যাজিক’ হতে পারেনি। আবার মেক্সিকানরাও বেঁচে গেছে ‘রেফারির অদৃশ্য কালো হাতের’ কবল থেকে। ম্যাচের আগে মেক্সিকো শিবির খুব আতঙ্কে ছিল যে রেফারিই উল্টোপাল্টা বাঁশি বাজিয়ে তাদের শেষ করে দেবে। অন্তত জনা দশেক মেক্সিকান সমর্থকের সঙ্গে কথা বলেই পাওয়া গিয়েছিল এই ধারণা। উজবেক রেফারি রাশভান ইরমাতভ যখন কার্লোস ভেলার গোলটি বাতিল করলেন অফসাইডের কারণে, মেক্সিকানদের মধ্যে সে কী উসখুস ভাব। এই বুঝি শুরু হয়ে গেল রেফারির খেলা। কিন্তু ওটা যে আসলেই অফসাইড ছিল, তা মানতে চায়নি অনেকেই। শেষ পর্যন্ত অবশ্য লেটার মার্কস পেয়েই উতরে গেছেন রেফারি। মেক্সিকানদের প্রশংসাও পেয়েছেন অকুণ্ঠ।স্বাগতিক দল অংশ নিয়েছে, বিশ্বকাপে এমন আগের সাতটি ম্যাচে স্বাগতিকেরা কখনোই হারেনি। পাঁচটিতে জিতেছে আর ড্র হয়েছে বাকি দুটি। এই রেকর্ডটা সমৃদ্ধ হলো আরেকটু। তবে দক্ষিণ আফ্রিকানদের কাছে এই রেকর্ডের কী মূল্য আছে তারা বলছে, মাদিবা এলে নির্ঘাত জয় নিয়ে ফিরত বাফানা বাফানারা।ম্যাচ শেষ হওয়ার একটা ঘণ্টা পরও বিশাল সকার সিটি স্টেডিয়ামের চারপাশে কনকনে শীতের মধ্যে ভুভুজেলা বাজতে থাকল অবিরাম। তাতে যেন একটি শোকের সুর। দক্ষিণ আফ্রিকানদের প্রিয় মাদিবার জন্য!