‘মানিয়ে নেওয়াটাই চ্যালেঞ্জ’
দক্ষিণ আফ্রিকা একাডেমি দলের সঙ্গে ২২ এপ্রিল সিরিজটা শুরু হবে চার দিনের ম্যাচ দিয়ে। অথচ জিপি-বিসিবি জাতীয় একাডেমি দল তার আগে কিনা খেলল এনসিএল টি-টোয়েন্টি লিগ! সংক্ষিপ্ত পরিসরের ক্রিকেট থেকে হঠাৎ দীর্ঘ পরিসরের ক্রিকেটে নেমে পড়াটা একটু কঠিনই। তবে একটা যুক্তিতে এটিকে বড় কোনো সমস্যা মনে করছেন না একাডেমি দলের অধিনায়ক মোহাম্মদ মিঠুন।মিঠুনের যুক্তি, ‘আমাদের এ দলটা অনেক দিন ধরে একসঙ্গে খেলছে। তাই আশা করি, খুব সমস্যা হবে না। আর সবাই তো খেলার মধ্যেই আছে।’ ২১ এপ্রিল এনসিএল টি-টোয়েন্টি লিগের ফাইনালেও দু-চারজন একাডেমি দলের খেলোয়াড় থাকতে পারেন। আর পরদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম চার দিনের ম্যাচ। দলের ক্রিকেটারদের এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার আহ্বান জানান মিঠুন, ‘একটু সমস্যা হয়তো হবে। তবে আশা করব, সবাই এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবে। তা ছাড়া খেলাটা তো আমাদের নিজেদের মাঠেই।’তবে দুটি চার দিনের ম্যাচ, তিনটি এক দিনের ম্যাচ আর দুটি টি-টোয়েন্টি ম্যাচের এই সিরিজে একাডেমি দলের লক্ষ্যের কথা বলতে গিয়ে ব্যস্ত সূচির প্রসঙ্গটাই আগে আনলেন অধিনায়ক, ‘সবার আগে প্রথম ম্যাচটা ভালো খেলতে চাই। টি-টোয়েন্টি ক্রিকেট খেলার পর চার দিনের ক্রিকেটের সঙ্গে মানিয়ে নেওয়াটাই হবে প্রথম চ্যালেঞ্জ।’সিরিজে জিপি-বিসিবি একাডেমি দলের কোচ সারওয়ার ইমরান, সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও ম্যানেজার জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।চার দিনের ম্যাচের দল: রনি তালুকদার, নাদিম উদ্দিন, মাহমুদুল হাসান, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), শুভাগত হোম চৌধুরী, সাব্বির রহমান, নাসির হোসেন (সহ-অধিনায়ক), শুভাশিস রায়, ইমন আহমেদ, আলাউদ্দিন বাবু, সাকলাইন সজীব, তানভীর হায়দার চৌধুরী, জুবায়ের আহমেদ ও শাকের আহমেদ। স্ট্যান্ডবাই: আনামুল হক, কাজী কামরুল ইসলাম, আরিফুল হক ও মোহাম্মদ আবুল হাসান।এক দিনের ম্যাচ ও টি-টোয়েন্টির দল: রনি তালুকদার, আসিফ আহমেদ, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), শুভাগত হোম চৌধুরী, সাব্বির রহমান, নাসির হোসেন (সহ-অধিনায়ক), আনামুল হক, শুভাশিস রায়, আলাউদ্দিন বাবু, কাজী কামরুল ইসলাম, নাজমুল হোসেন, সানজামুল ইসলাম, আরিফুল হক ও জুবায়ের আহমেদ। স্ট্যান্ডবাই: শাকের আহমেদ, মুক্তার আলী, মাহমুদুল হাসান ও তানভীর হায়দার চৌধুরী।