'মানুষ তাগোরে হুদাই গালি দেয়'

চট্টগ্রামে ক্রিকেট হলে নিয়ম বদলে যায় শেখ বাহারের। সকালে সিএনজি নিয়ে বের হন, দুপুর পর্যন্ত চালিয়ে বাসায় ফিরে বসে যান টেলিভিশনের সামনে।
আজ সকালে জিইসি মোড় থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আসছিলাম শেখ বাহারের সিএনজিচালিত অটোরিকশাতে চড়ে। পাহাড়তলীর সিডিএ মার্কেটের সামনে তীব্র যানজট। তাতে কি একটু খুশিই হলেন শেখ বাহার? আয়েশী ভঙ্গিতে সিগারেট ধরালেন। চোখের সামনে মেলে ধরলেন পত্রিকা—দৈনিক পূর্বদেশ।
লক্ষ্য করলাম, শেখ বাহারের চোখ প্রথম পাতার খেলার খবরে। শিরোনাম, ‘সাব্বিরের উইলোতে স্বপ্ন দেখছে বাংলাদেশ।’ খবর পড়তে পড়তে স্বগতোক্তি, ‘জিতলেই হয়। এই সুযোগ তো আর আসবো না।’
শেখ বাহারকে জিজ্ঞেস করলাম, ক্রিকেট খেলা আপনার পছন্দ?
—হ্যাঁ...খেলা মিস দেই না। যতটুকু পারি দেখি আর কি।
মাঠে গিয়ে খেলা দেখেন না?
—দুই একবার গেছি। কিন্তু সবসময় হয় নাু। একদিন গাড়ী না চালালে খামু কি?
সিএজিতে বসে তাঁর সঙ্গে যখন কথা হচ্ছিল, তখনও বাংলাদেশের ১৬ কোটি মানুষের চোখ জুড়ে চট্টগ্রাম টেস্ট জয়ের স্বপ্ন। শেখ বাহার তার বাইরে নন। কিন্তু তাঁর ক্রিকেটপ্রেম মার খেয়ে গেছে বাস্তবতার কাছে।
আজ তো দুপুর পর্যন্ত খেলা নাও থাকতে পারে। দেখবেন না? বাংলাদেশ জিতে গেলে...
—আল্লাহর কাছে দোয়া করি যেন জিতে। আমি খেলা দেখবো না। গাড়ী চালাব। তবে ওরা যেন জেতে।
সাকিব আল হাসানকে অন্য গ্রহের মানুষ মনে হয় ফেনী থেকে চট্টগ্রামে থিতু হওয়া পঞ্চাশের কাছাকাছি বয়সের শেখ বাহারের। ক্রিকেট তার নেশা। খেলা সবসময় দেখার সুযোগ না হলেও খবর রাখেন।
—সাকিবের বোলিং লাইন এখন খুব ভালো হইছে। ওরে কেউ বুঝে না। কিন্তু ব্যাটিং লাইনটা আরেকটু ভালো হওন দরকার। সেদিন কি রকম আউট হইল!
বাংলাদেশ হেরে গেলে খারাপ লাগে আপনার?

—লাগে তো ভাই! কিন্তু হারতে তো পারেই। খেললে হারবো না? মানুষ তাগোরে হুদাই গালি দেয়। খারাপ কতা কয়। হারলে তো খেলোয়াড়গোই বেশি খারাপ লাগে। কেউ কি আর ইচ্ছা কইরা হারে!
মাঠের প্রায় কাছে চলে এসেছি। সিএনজি থেকে নেমে শেখ বাহারের দুটো ছবি তুললাম। এতক্ষন তাঁর পেছনে বসে থাকা এই যাত্রীটি একজন সাংবাদিক শুনে যেন খুশি হলেন, ‘দোয়া করি আজ যেন বাংলাদেশ জিতে। আপনিও দোয়া কইরেন ভাই। গেলাম।’
শেখ বাহারদের ভালোবাসাই বাংলাদেশের ক্রিকেটের আসল শক্তি।