
জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে উপচে পড়া দর্শক। সবার চোখ মঞ্চে। কেউ ছবি তুলতে ব্যস্ত। কেউ ব্যস্ত মুঠোফোনে ভিডিও ধারণ করতে। সঞ্চালক ঘোষণা করলেন, ক্লিন অ্যান্ড জার্কে ৯৭ কেজি ওজন তুলবেন মাবিয়া আক্তার সীমান্ত। শেষ পর্যন্ত সাফল্যের সঙ্গেই নিজের শেষ লিফট তুললেন এসএ গেমসে সোনাজয়ী ভারোত্তোলক। মুহূর্তে করতালিতে ফেটে পড়ল পুরো কক্ষ। আবেগে মঞ্চে শুয়ে পড়লেন মাবিয়া, চুমু খেলেন ভার লাগানো প্লেটে।
বাংলাদেশ আনসারের ভারোত্তোলক মাবিয়া কাল জাতীয় ভারোত্তোলনে ৬৩ কেজি ওজন শ্রেণিতে রেকর্ড গড়ে সোনা জিতলেন। প্রথমে স্ন্যাচে রেকর্ড গড়ে ৭৫ কেজি ওজন তোলেন, আগের রেকর্ডটিও তাঁরই ছিল (৭২ কেজি)। এরপর ক্লিন অ্যান্ড জার্কে তোলেন রেকর্ড ৯৭ কেজি। এই রেকর্ড অবশ্য তাঁর কোচ শাহরিয়া সুলতানা সুচীর ছিল (৯৩ কেজি)। সব মিলিয়ে কাল মাবিয়া তুলেছেন ১৭২ কেজি।
জাতীয় ভারোত্তোলনের শেষ দিনে সব আলো কেড়ে নিলেন মাবিয়া। অথচ প্রতিযোগিতা শুরুর দিনে রেকর্ড গড়ার দিকে কোনো নজরই ছিল না তাঁর! ফেডারেশন এবার রেকর্ডের জন্য কোনো আর্থিক পুরস্কার রাখেনি, তাই আগ্রহটা পাচ্ছিলেন না। তবে কাল রেকর্ড গড়ার পর বললেন, ‘আসলে প্রথম দিন বলেছিলাম রেকর্ড গড়তে খেলব না। কিন্তু দেখলাম, যদি শুধু সোনা জয়ের লক্ষ্যে খেলি, তাহলে আমি যে সেরা, সেটা প্রমাণ করতে পারব না। গেমসের আগের রাতেও চিন্তা করেছি যে ফেডারেশন রেকর্ড মানি দিক আর না দিক, আমি সর্বোচ্চ চেষ্টাই করব নিজের রেকর্ড ভাঙতে।’
মে মাসে আজারবাইজানে ইসলামিক সলিডারিটি গেমসের দলে সুযোগ পেতেও ট্রায়াল দিতে হয়েছে মাবিয়াকে। সেই জেদটাও কাজ করেছে বললেন, ‘আমাদের নতুন সভাপতি বলেছেন মাবিয়া সেরা হলেও সেখানে যাবে। না হলেও যাবে। ওনার আস্থার প্রতিদান দিতেই আজ আমাকে রেকর্ড করতে হয়েছে। আমি অন্য দশজনকেও দেখালাম, মাবিয়া সবকিছু পারে। ও এখানেও সেরা। নিজের রেকর্ড নিজেই ভেঙেছে।’
ব্রাজিল অলিম্পিকে যেতে পারেননি। এবার লক্ষ্য ২০২০ সালের টোকিও অলিম্পিকে, ‘আজ নিজের রেকর্ড ভেঙেছি। কিন্তু এটা নিয়েই সন্তুষ্ট থাকতে চাই না। যেহেতু ব্রাজিলে যেতে পারিনি, এবার টোকিওতে যেতে চাই।’
পাঁচটি সোনা ও তিনটি রুপা জিতে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পাঁচটি সোনা, একটি রুপা ও দুটি ব্রোঞ্জ জিতে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার।