'মার খেয়ে উল্টো শাস্তি পেলাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
musa
musa

বাংলাদেশ গেমসে পুলিশের বিপক্ষে কাবাডির সেমিফাইনালে মারামারির শিকার হয়ে হাসপাতালে কাটিয়েছেন কয়েক দিন। এখনো পুরোপুরি সুস্থ নন সেনাবাহিনীর খেলোয়াড় আবু সালেহ মুসা। পরশু ফেডারেশনের দেওয়া তিন মাস নিষেধাজ্ঞার খবর শুনে হতাশ জাতীয় দলের এই সদস্য

l ফেডারেশন আপনাকে তিন মাস নিষিদ্ধ করেছে। এ নিয়ে আপনার প্রতিক্রিয়া কী?

আবু সালেহ মুসা: ব্যাপারটা এখনই আমি আপনার কাছে শুনলাম। এ নিয়ে আমার কথা হলো, আমি তো মারামারি করিনি। মার খেয়ে উল্টো শাস্তি পেলাম। এই শাস্তি আমার কাছে অপ্রত্যাশিত। কোনোভাবেই মানতে পারছি না।

l সেদিন আসলে কী ঘটেছিল?

মুসা: পুলিশ দল আমাদের সঙ্গে মাঠের খেলায় সুবিধা করতে না পেরে মাথা গরম করে খেলছিল। একপর্যায়ে ওদের খেলোয়াড় আরদু রেফারির সঙ্গে দুর্বব্যহার শুরু করে। তখনই যদি রেফারি ওকে কার্ড দেখাতেন তাহলে মারামারির ঘটনাটা হয়তো ঘটত না। এখানে আমাদের সেনাবাহিনী দলের কোনো দায় নেই।

l তাহলে বলতে চাইছেন রেফারি খেলাটা নিয়ন্ত্রণ করতে পারেননি?

মুসা: আগেই বলেছি, আরদুকে কার্ড দেখালে ঘটনাটা এত দূর গড়ায় না। রেফারির উচিত ছিল, কঠোর হাতে সব নিয়ন্ত্রণ করা। লাল কার্ড না হোক, অন্তত হলুদ কার্ড দিলেও ওই সময় দুই মিনিটের জন্য আরদুকে মাঠের বাইরে যেতে হতো। গণ্ডগোলটা তখন হয়তো এড়ানো যেত। তাই বলব, রেফারিদের কঠোর হওয়ার বিকল্প ছিল না তখন।

l আপনি হাসপাতালে ছিলেন কয়েক দিন। এখন শরীরের অবস্থা কেমন?

মুসা: গত ২৫ এপ্রিলে ওই ঘটনায় আমি বাঁ পাজরে ভীষণ ব্যথা পাই। পরে শুনেছি, পুলিশ দলের রোমানুজ্জামান ঘুষি মেরেছিল আমাকে। সঙ্গে সঙ্গে আমাকে সিএমএইচে নেওয়া হয়। কয়েক ঘণ্টা আইসিইউতে ছিলাম। সিএমএইচে ছিলাম পাঁচ দিন। বাসায় ফিরে রাতে ঠিকমতো ঘুমাতে পারছি না। ব্যথা অনুভব করছি। নিঃশ্বাস নিতে কষ্ট হয়।

l বাংলাদেশ গেমস কাবাডিতে দুটি মারামারির ঘটনা দেখে সবাই স্তম্ভিত। জাতীয় দলের একজন খেলোয়াড় হিসেবে ব্যাপারটাকে কীভাবে দেখছেন?

মুসা: এ ধরনের ঘটনা মোটেও কাম্য নয়। নতুনরা তাহলে কী শিখবে? ওরা এসে যদি এমন কাণ্ডকারখানা দেখে তাহলে সেটার প্রভাব গোটা কাবাডিতে পড়বেই। সবার উচিত হবে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই দিকে লক্ষ রাখা।

l আপনি তো সাত বছর ধরে খেলছেন জাতীয় দলে। তা কাবাডির বর্তমান জাতীয় দলের অবস্থাটা কেমন?

মুসা: নতুন খেলোয়াড় সেভাবে উঠে আসছে না। আগে বিডিআর (বর্তমান বিজিবি) থেকে অনেক খেলোয়াড় আসত। এখন বিজিবি দলের শক্তি কমে গেছে। সেনাবাহিনী দলটা বেশ ভালো, নতুন এবং অভিজ্ঞ খেলোয়াড় আছে। তবে সার্ভিসেস দলের বাইরে সেভাবে কাবাডির চর্চা তো কম এখন। এটা বাড়াতে হবে।

l আপনার উঠে আসার কথা বলুন। কাবাডিতে কীভাবে নাম লেখালেন?

মুসা: ছোটবেলায় তো হাডুডু খেলতাম। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে উঠে এসে ১৯৯৮ সালে সেনাবাহিনীতে ভর্তি হই। তারপর সেনাবাহিনীর কাবাডির সঙ্গে যুক্ত হই। এখন আমি ইউপি ল্যান্স করপোরাল। ২০০৬ সালে শ্রীলঙ্কা এসএ গেমসে জাতীয় দলে প্রথম খেলি। সেই থেকেই আছি জাতীয় দলে। কিন্তু বাংলাদেশ গেমসের মারামারির ঘটনায় এভাবে শাস্তি পাব, কোনো দিন ভাবিনি