‘মারা পড়তে পারতেন ফন পার্সি’
কাল সোয়ানসের বিপক্ষে ‘মারা পড়তে’ গিয়েও বেঁচে গেছেন রবিন ফন পার্সি—অভিযোগটা ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যার আলেক্স ফার্গুসনের। ১-১ গোলে অমীমাংসিত এই ম্যাচে নিজ দলের সেরা স্ট্রাইকারের প্রতি সোয়ানসে খেলোয়াড়দের যুদ্ধংদেহী মনোভাব রীতিমতো ক্ষুব্ধ করে তুলেছে ফার্গুসনকে। তাঁর মতে, সোয়ানসের অধিনায়ক অ্যাশলে উইলিয়াম যেভাবে ফন পার্সির মাথাকে তাঁর শটের লক্ষ্যবস্তু বানিয়েছিলেন, তাতে পার্সির প্রাণহানিও হতে পারত।কাল আঠারো ম্যাচ পর মাঠে সময়টা ভালো কাটেনি ম্যানচেস্টার ইউনাইটেডের। পয়েন্ট ভাগাভাগির এই ম্যাচে ভাগ্যদেবীও যেন মুখ ফিরিয়ে নিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের দিক থেকে। পার্সি ও ক্যারিকের দুটি শট পোস্টে লেগে ফিরে আসে, তবে ফার্গুসনকে সবচেয়ে বেশি মর্মাহত করেছে সোয়ানসে খেলোয়াড়দের শক্তিপ্রয়োগ; বিশেষ করে আহত হয়ে মাটিতে পড়ে থাকা অবস্থায় রবিন ফন পার্সির মাথা লক্ষ্য করে উইলিয়ামের শট নেওয়াটাকে কিছুতেই মেনে নিতে পারছেন না ফার্গুসন। এ ঘটনায় রেফারি উইলিয়ামকে লাল কার্ড না দেখানোতে বিস্ময়ও ঝরেছে এই অভিজ্ঞ কোচের কণ্ঠে। ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘আপনারা পরিষ্কারভাবেই পরিস্থিতিটা দেখতে পেয়েছেন। ভন পার্সি মারাও যেতে পারতেন। এ ব্যাপারটার দিকে ফুটবল অ্যাসোসিয়েশনের নজর দেওয়া জরুরি। ওই সময় উইলিয়ামকে শুধুই একটা হলুদ কার্ড দেখানো হয়েছে। কিন্তু তাকে অনেক লম্বা সময়ের জন্য নিষিদ্ধ করা উচিত। কারণ, দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি এ ধরনের বিপজ্জনক কাজ আর কাউকে করতে দেখিনি।’