‘মালিককে অধিনায়ক করা উচিত ছিল’
শহীদ আফ্রিদির টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণায় নেতৃত্ব দেওয়া হয়েছে সালমান বাটকে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এই সিদ্ধান্ত সঠিক হয়নি—এমনটাই মনে করছেন সাবেক কোচ জিওফ লসন। বাটকে না করে শোয়েব মালিককে অধিনায়ক করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন তিনি।লসন পাকিস্তান দলের দায়িত্ব পান ২০০৭ সালের জুলাইয়ে। শোয়েব মালিক ও সালমান বাটদের তত্ত্বাবধান করেছেন প্রায় দেড় বছর। অধিনায়ক হিসেবে মালিককে দেখেছেন লসন। ২০০৯ সালের জানুয়ারিতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বিধ্বস্ত হওয়ার পর মালিককে সরিয়ে অধিনায়ক করা হয় ইউনিস খানকে। জিওফ লসন দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে বলছেন, ‘বাজে পারফরম্যান্সের কারণে মালিককে সরিয়ে দেওয়াটা তখন যথার্থ ছিল। কিন্তু অবশ্যই এখন সে অধিনায়কত্ব করার যোগ্যতা রাখে। আমি মনে করি, মালিককে অধিনায়ক করা উচিত ছিল।’ এরপর বলছেন, ‘২০০৭ সালে অধিনায়ক হিসেবে মালিক অপরিণত ছিল। দলের চেয়ে নিজের খেলা নিয়েই বেশি ভাবত। তার পরও ভালো দায়িত্ব পালন করেছে মালিক। এখন সে পরিণত। আমি বলব, তাকে অধিনায়কত্ব দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া যেত।’মালিক না হয় অধিনায়ক হিসেবে ভালো করতে পারত, কিন্তু বাটের সমস্যাটা কি? লসন বলছেন, ‘সহ-অধিনায়ক হিসেবে বাট ভালো চয়েস। কিন্তু অধিনায়ক হওয়ার ক্ষেত্রে কয়েক বছর দূরে রয়েছে এই ব্যাটসম্যান। আমি তাকে ব্যাটিংয়ে মনোনিবেশ করার সুযোগ দিতাম। কারণ, এ মুহূর্তে সে দলের সেরা ব্যাটসম্যান। তার মধ্যে অধিনায়কত্বের সম্ভাবনা রয়েছে। তবে এ পর্যায়ে এটি কেবল তাকে ক্ষতিই করবে।’