‘নির্বাচকেরা একটি দল তৈরি করেছেন। সেখানে মাশরাফি নেই। যত দূর জানি, মাশরাফির জন্যই দল ঘোষণার দিনক্ষণ পেছানো হয়েছে। আমরা কেউই আসলে মাশরাফির আসল কন্ডিশন জানি না। তাই এই এক দিনে ওর অবস্থার কী পরিবর্তন হবে, সেটা বুঝতে পারছি না। মাশরাফি দলে থাকলে ভালো হতো।’ বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে জানতে চাওয়া হলে প্রথম আলো অনলাইনকে এমন কথাই বললেন টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে প্রথম নেতৃত্ব দেওয়া সাবেক অধিনায়ক ও নির্বাচক নাইমুর রহমান।নাইমুরের মতে, ‘মাশরাফি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অস্ত্র। তার ইনজুরিটা দুর্ভাগ্যজনক। ওর ব্যাপারে সময় নেওয়া ছাড়া নির্বাচকদেরও কিছু করার নেই। ও ছিল দলে অটোমেটিক চয়েজ।’নির্বাচক থাকার কারণে গত দুই বছর ধরেই বাংলাদেশের বর্তমান দলের গড়ে ওঠার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন নাইমুর। খেলোয়াড়দেরও খুব কাছ থেকে দেখেছেন। তাঁর মতে, ‘বর্তমান দলটি খুবই ভালো অবস্থায় রয়েছে। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়েরা পারফর্ম করছে। সাকিব, তামিমের মতো খেলোয়াড়েরা নিজেদের বিশ্বমানের প্রমাণ করেছে। নিজেদের দিনে এরা বিশ্বের যেকোনো দলকে ওলট-পালট করে দিতে পারে। সব মিলিয়ে বাংলাদেশ বিশ্বকাপে ভালো করবে বলেই আমার বিশ্বাস।’ তবে আশাবাদের মধ্যেও মাশরাফির ইনজুরি ও তাঁকে নিয়ে অনিশ্চয়তা দারুণ ভাবাচ্ছে নাইমুরকে।নাইমুর রহমান বিশ্বকাপে বাংলাদেশ দলকে নিয়ে স্বপ্ন দেখতে চান ধাপে ধাপে। তিনি মনে করেন, ‘একটি একটি করে ম্যাচ নিয়ে ভাবাই সবচেয়ে ভালো। পরিকল্পনাটা ওভাবে করলেই ভালো। কোয়ার্টার ফাইনালে দল উঠলে স্বপ্নটা আরও বড় করা যাবে।’নির্বাচক থাকাকালে নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে নাইমুর রহমান বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে একজন খেলোয়াড়কে সময় দেওয়ার পক্ষপাতী সব সময়ই। যেহেতু, আমাদের ঘরোয়া ক্রিকেটের অবকাঠামো খুব একটা শক্তিশালী নয়, তাই অনেক সময় দেখা যায়, ঘরোয়া ক্রিকেটে চমত্কার পারফর্ম করে এসেও একজন খেলোয়াড় আন্তর্জাতিক অঙ্গনে খাপ খাইয়ে নিতে পারে না। তাই একটি-দুটি ম্যাচের পারফরম্যান্সের বিচারে একজন খেলোয়াড়কে ছুড়ে ফেলে দেওয়াটা খুবই অন্যায়। আমি সব সময়ই একজন খেলোয়াড়কে পর্যাপ্ত সময় দিতে চেয়েছি। প্রধান নির্বাচক রফিকুল আলম ও আকরাম খানও একইভাবে চিন্তা করেছেন বলেই আইসিএল সমস্যার পরেও বাংলাদেশের একটি ভালো দল তৈরি হয়েছে।’