‘মাশরাফিকে ধৈর্য ধরতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই রকম অভিজ্ঞতাই তাঁর আছে। কখনো অধিনায়ক হয়ে স্বাগত জানিয়েছেন ইনজুরি কাটিয়ে দলে ফেরা ক্রিকেটারকে, কখনো নিজেই ফিরেছেন দলে। কোচের কাছ থেকে অবহেলা? সেই অভিজ্ঞতাও আছে। সাবেক বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশার খেলোয়াড়ি জীবনের সেসব অভিজ্ঞতা দিয়েই বিচার করছেন মাশরাফির দল ছেড়ে যাওয়ার ঘটনাটি টিম ম্যানেজমেন্টের সঙ্গে অভিমান করে ইংল্যান্ড সিরিজের দল ছেড়ে চলে গেছেন মাশরাফি বিন মুর্তজা। একটা সিরিজের মধ্যে এ ধরনের ঘটনা কীভাবে দেখছেন?হাবিবুল বাশার: প্রথমেই বলে নিই, আমি এখনো এ ঘটনা সম্পর্কে তেমন কিছু জানি না। কাজেই এ নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। তবে সিরিজ চলাকালীন এ ধরনের ঘটনা অবশ্যই কাম্য নয়। ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজে বাংলাদেশের ভালো কিছু করার সম্ভাবনা আছে। এ ধরনের ঘটনা আর যাই হোক, দলকে সাহায্য করবে না। আপনি তো মাঠে বসেই প্রথম ওয়ানডেটা দেখেছেন। মাশরাফির বোলিং দেখে কি মনে হয়েছে তাঁর বিশ্রাম দরকার?হাবিবুল: ওর বোলিং দেখে খুব খারাপ মনে হয়নি। আমি জানি না ওর ইনজুরিটা আবার বেড়েছে কি না বা বোলিংয়ের সময় কোনো সমস্যা হয়েছে কি না। তবে যদি বিশ্রামের কথাই বলা হয়, আমার মনে হয় সিরিজের শেষ ম্যাচে বিশ্রাম দিলেই ভালো হতো মাশরাফির জন্য। কোনো খেলোয়াড় অনেক দিন পর দলে ফিরলে অধিনায়কেরও দায়িত্ব থাকে তাকে অনুপ্রাণিত করার। অধিনায়ক থাকার সময় আপনি সেটা কীভাবে করতেন?হাবিবুল: এটা খুবই স্বাভাবিক যে একটা খেলোয়াড় অনেক দিন পর খেলায় ফিরলে মানিয়ে নিতে একটু সময় লাগে। আমি নিজেও একবার ইনজুরির জন্য দুই মাস পর দলে ফিরে মানিয়ে নিতে অনেক সময় নিয়েছিলাম। তো এসব ক্ষেত্রে অধিনায়ককে একটু ধৈর্য ধরতে হয়। যতটা সম্ভব সাহস দিতে হয়, খেয়াল রাখতে হয় ওই খেলোয়াড় যেন খুব বেশি চাপে না ভোগে। এখানে কোচেরও নিশ্চয়ই একটা ভূমিকা থাকে...হাবিবুল: অধিনায়কের চেয়ে কোচের ভূমিকাই বেশি। সেটা কী রকম হওয়া উচিত বা আপনার সময়ে কী রকম দেখেছেন?হাবিবুল: কোচের কাছ থেকে মানসিক সমর্থন পাওয়াটা অনেক বেশি জরুরি এ সময়ে। তবে আমিও কিন্তু সে রকম সমর্থন কারও কাছ থেকে পাইনি। জানি না মাশরাফির ক্ষেত্রে কী ঘটেছে, তবে তার জন্য কোচের সমর্থনটা খুব গুরুত্বপূর্ণ হতো। আপনার নিজেরও যেহেতু অভিজ্ঞতা আছে...এসব ক্ষেত্রে একজন ক্রিকেটারের মনের অবস্থা কী দাঁড়ায়?হাবিবুল: পরিস্থিতিটা একটু কঠিনই হয়ে যায় তখন। এমনিতেই অনেক দিন পর ফিরেই ভালো পারফর্ম করা সহজ না। আর কারও সমর্থন না পাওয়া গেলে তো ব্যাপারটা আরও কঠিন হয়ে যায়, এক ধরনের নিরাপত্তাহীনতা চলে আসে মনে। বাংলাদেশ দলে সিনিয়র ক্রিকেটাররা বরাবরই যেন একটু অস্বস্তিতে থাকে। জেমি সিডন্স কোচ হয়ে আসার পর পর আপনারও একটা বাজে অভিজ্ঞতা হয়েছিল...হাবিবুল: সেটা এখন অতীত। এ বিষয় নিয়ে এখন আর কথা বলতে চাচ্ছি না। বর্তমান পরিস্থিতিতে মাশরাফির জন্য আপনার পরামর্শ কী?হাবিবুল: মাশরাফিকে ধৈর্য ধরতে হবে। বাস্তবতা অনেক কঠিন। এখানে সব সময় সবকিছু আপনার পক্ষে যাবে না, আপনি যেভাবে চান সবকিছু সেভাবে হবে না। যখন তা হবে না, তখন কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। মানসিকভাবে শক্ত থাকাটা খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, মাশরাফি অনেকের কাছ থেকেই সমর্থন পাবে। কারণ সবাই ওর সামর্থ্য সম্পর্কে জানে। সবকিছু এখানেই শেষ নয়। এর পরও বাংলাদেশের অনেক খেলা আছে। এটা ওর মনে রাখতে হবে। অনেকে তো এমনও বলছেন যে সিরিজের মাঝখানে মাশরাফির দল ছাড়া ঠিক হয়নি। আপনি কি একমত?হাবিবুল: এ ব্যাপারে আমারও দ্বিধাদ্বন্দ্ব আছে। আমি ঠিক জানি না ও কী কারণে দল ছেড়ে গেছে।্রআপনাকে খেলানো হবে কি হবে না সেই সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু নির্বাচক আর কোচ-অধিনায়কেরই দায়িত্ব। হোটেল ছেড়ে চলে যাওয়াটা ঠিক মেনে নিতে পারছি না। তবে যতদূর শুনেছি, ওর দল ত্যাগের কারণ মায়ের অসুস্থতা এবং সে তা বোর্ডকে জানিয়েছে। যদি সেটাই হয়, আমি বলব সে ঠিক কাজই করেছে। খেলায় মনঃসংযোগ রাখতে না পারলে দলের সঙ্গে না থাকাই ভালো। আর ক্রিকেটটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হলেও আমার মনে হয় পরিবার সবার আগে।