ঘরোয়া লিগে পরীক্ষিত পারফর্মারদের একজন, জাতীয় দলে আসি-আসি করছেনও অনেক দিন। সেই ডাকটা পেলেন নাটকীয়ভাবে, সিরিজের মাঝখানে। আজ টেস্ট অভিষেকও হয়ে যাচ্ছে তাঁর। দীর্ঘদিনের স্বপ্ন পূরণের খবর শোনার পর জহুরুল ইসলাম জানালেন তাঁর অনুভূতি, বললেন অতীত আর ভবিষ্যত্ নিয়ে... টেস্ট অভিষেক হচ্ছে, কেমন লাগছে?জহুরুল: খুব ভালো লাগছে। অন্যান্য ভালো লাগার মতো নয়, অন্যরকম এক ভালো লাগা। টেস্ট খেলাটা অনেক দিনের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আনন্দ অন্যরকম। এত তাড়াতাড়ি টেস্ট অভিষেক হয়ে যাচ্ছে, অবাক লাগছে না?জহুরুল: আসলে আমার তো মনে হয়, আমি একটু দেরিতেই ডাক পেলাম। নয় বছর ধরে আমি জাতীয় লিগ খেলছি, ‘এ’ দলে প্রথম খেলেছি ২০০৫ সালে। আমার চেয়ে কম বয়সেও তো কতজন খেলে ফেলল। আমি সব সময় পারফর্মও করেছি, তবে হয়তো ধারাবাহিক ছিলাম না। এবার ধারাবাহিক রান করেছি বলেই হয়তো ডাক পেয়েছি। দলে ডাক পাওয়ার খবরটা কীভাবে পেয়েছিলেন?জহুরুল: জাতীয় লিগের ফাইনালের শেষ দিন রাতে প্রধান নির্বাচক রফিক ভাই (রফিকুল আলম) ফোন করে বললেন মানসিকভাবে প্রস্তুত থাকতে, ডাকা হতে পারে। পরে আবার ফোন করে নিশ্চিত করেছেন। এই দুই ফোনকলের মাঝের সময়টা কীভাবে কেটেছে?জহুরুল: একটু টেনশন হচ্ছিল, অস্থির সময় কেটেছে। সিরিজের মাঝখানে এভাবে ডাক পেয়ে অবাক লাগেনি?জহুরুল: রকিবুল অবসর নেওয়াতেই তো ডাক পেলাম। দল ঘোষণা হয়ে গেছে, ভেবেছিলাম এবার অন্তত আর হলো না। সিরিজের মাঝখানে ডাক পাওয়াটা তো অবাক করার মতোই। টেস্ট খেলাটা অনেক দিনের স্বপ্ন বললেন, ঠিক কত দিনের মনে পড়ে?জহুরুল: যেদিন থেকে ক্রিকেটটা বুঝতে শিখেছি। যখন বুঝলাম টেস্ট ক্রিকেটটাই সবচেয়ে মর্যাদার, সবচেয়ে কঠিনও; সেদিন থেকেই স্বপ্ন। ৬০টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে টেস্টে নামছেন, এটা নিশ্চয়ই সাহায্য করবে?জহুরুল: তা তো অবশ্যই। আগেই বলেছি, আমি একটু দেরিতেই ডাক পেলাম। বাংলাদেশে ১৪-১৫টা প্রথম শ্রেণীর ম্যাচ খেলে প্রায় সবাই সুযোগ পেয়ে যায়। এত দিন ধরে বড় দৈর্ঘ্যের ম্যাচ খেলে আসছি, এই অভিজ্ঞতা সাহায্য তো করবেই। তবে আমি আগে থেকেই কিছু বলতে চাই না, আগে তো পারফর্ম করতে হবে। একাদশে থাকায় আপনার উইকেটকিপিংয়েরও একটা ভূমিকা আছে বলে শোনা যাচ্ছে...জহুরুল: ভূমিকা আছে কি না জানি না। তবে কিপিংটা আমি মোটামুটি নিয়মিতই করি। এবার প্রিমিয়ার লিগে বিমানের হয়ে ১৬ ম্যাচের ১২টিতেই কিপিং করেছি, মুশফিকও আমাদের দলেই ছিল, কিন্তু ও ইনজুর্ড ছিল। সামনে পিসিএলেও ব্রাদার্সের মূল উইকেটকিপার আমিই। পাইলট ভাই-ধীমান দুজনেই রাজশাহী দলে বলে এবার জাতীয় লিগেই শুধু কিপিংটা সেভাবে করা হয়নি। আপনার নিজের কাছে কোনটা আগে?জহুরুল: অবশ্যই ব্যাটিং। উইকেটকিপার-ব্যাটসম্যান নই, আমি নিজেকে মনে করি ব্যাটসম্যান-উইকেটকিপার। টেস্ট অভিষেকের মাহেন্দ্রক্ষণে কার কথা সবচেয়ে বেশি মনে পড়ছে?জহুরুল: অবশ্যই আমার মা। কেউ চাইত না আমি খেলাধুলা করি। একমাত্র মা-ই সব সময় আমাকে সমর্থন দিয়ে গেছে, বলেছেন মন দিয়ে খেলে যেতে। মায়ের কারণেই এত দূর আসা। বাবা খেলা-টেলা একদম পছন্দ করতেন না, চাইতেন শুধু পড়াশোনাটাই করি। অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেয়ে ঢাকা আসার সময় বাবা বলেছিলেন, বাড়ি থেকেই একেবারে বের হয়ে যেতে। তবু মায়ের ভরসায় আমি চলে আসি। এখন অবশ্য বাবাও অনেক খুশি। তবে বাবার চাপে পড়ে পড়াশোনাটাও করতে হয়েছে, এখন তো বুঝি এটা কত ভালো হয়েছে। প্রিয় ক্রিকেটার কে?জহুরুল: দেশের বাইরে প্রিয় রাহুল দ্রাবিড়, আর দেশে ছিলেন রোকন ভাই (আল-শাহরিয়ার)। রোকন ভাইয়ের খেলা দারুণ লাগত, খুব স্মার্ট ক্রিকেটার ছিলেন। খুব বড় ইনিংস হয়তো বেশি খেলতে পারেননি, তবে খুব স্টাইলিশ ব্যাটসম্যান ছিলেন।