‘মি. ক্রিকেট’কে পরামর্শ
‘কী দিনই না ছিল!’—টেস্ট ক্যারিয়ারের শুরুর দিনগুলোর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস পড়তে বাধ্য মাইক হাসির। ৩০ বছর বয়সে অভিষেক হয়েছিল বলেই কিনা, রানের বন্যা বইয়ে দিয়েছিলেন শুরুতেই। কিন্তু টেস্ট ক্রিকেটে প্রথম দুই বছরের ধারাবাহিকতা পরের তিন বছরে উধাও। ‘ব্র্যাডম্যানীয় গড়’ নেমে গেছে পঞ্চাশের নিচে। সবচেয়ে যেটা বেশি চোখে লাগে, হারিয়ে গেছে শুরুর সেই সাবলীল ছন্দ। আগের মতো সব ‘ম্যাজিক শট’ খেলেন না, কেমন যেন গুটিয়ে থাকেন উইকেটে। ‘মি. ক্রিকেট’কে তাই গ্রেগ চ্যাপেলের পরামর্শ, ‘একটু ঝুঁকি নিয়ে খেলো।’অনেকের মতেই ডন ব্র্যাডম্যানের পর অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা ব্যাটসম্যান চ্যাপেল এখন অস্ট্রেলিয়ার অন্যতম নির্বাচক। দলের সঙ্গে সরাসরি যুক্ত বলেই হয়তো আসন্ন অ্যাশেজ নিয়ে চিন্তিত ‘মেজো চ্যাপেল’, ভালো করেই জানে হাসির ফর্মে ফেরা দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ৩৫ বছর বয়সী হাসিকে তাই চ্যাপেল বলেছেন, মাথা থেকে সব নেতিবাচক চিন্তা ঝেড়ে ফেলতে, ‘বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানা রকম চিন্তা মাথায় ঢোকে, কোনো ভুল হলো কি না, এখনো শীর্ষ পর্যায়ে খেলার যোগ্য কিনা...। স্বাভাবিকভাবেই এসব খেলায় প্রভাব ফেলে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটু স্বাধীনতা নিয়ে খেলা, ঝুঁকি নিয়ে খেলা কঠিন হয়ে দাঁড়ায়। আমি এমন একজনকেও দেখিনি, যে এই সমস্যায় ভোগেনি। এ থেকে মুক্তির একমাত্র উপায় হলো নিজেকে তরুণ ভাবা। স্বচ্ছন্দে রান করতে হলে একটু ঝুঁকি নিয়ে খেলতেই হবে।’আপাতত অ্যাশেজে হাসির জায়গা নিশ্চিত হলেও চ্যাপেল ইঙ্গিত দিয়েছেন, রান না পেলে খুব বেশি দিন তা থাকবে না। ঘরোয়া লিগে নিয়মিত রান করে আসছেন ফিলিপ হিউজ, উসমান খাজা, ক্যালাম ফার্গুসনরা। হাসির ফর্মের সঙ্গে আবার যোগ হয়েছে মাইকেল ক্লার্কের চোট-দুশ্চিন্তা। শেফিল্ড শিল্ডের ম্যাচে পিঠে ব্যথা পেয়ে এখন তাঁর অ্যাশেজের প্রথম টেস্টে খেলা নিয়েই শঙ্কা। এতসবের মাঝে অস্ট্রেলিয়ার জন্য একটু সুসংবাদ—চোট কাটিয়ে অ্যাশেজের প্রথম টেস্টে এখন অনেকটাই নিশ্চিত সাইমন ক্যাটিচ ও ডগ বলিঞ্জার। ওয়েবসাইট।