‘মিনহাজুলময়’ বাংলাদেশের প্রথম বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরানব্বইয়ে বাংলাদেশের প্রথম বিশ্বকাপে দ্যুতি ছড়িয়েছিলেন মিনহাজুল আবেদীন। অথচ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রাক-টেস্ট জামানার সেরা ব্যাটসম্যান ও জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বিশ্বকাপের প্রাথমিক ও চূড়ান্ত কোনো স্কোয়াডেই প্রাথমিকভাবে জায়গা পাননি। এর পরও তাঁর প্রতি মানুষের অসীম আস্থা-ভালোবাসা, সর্বোপরি প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের চাপে তাঁকে দলভুক্ত করা হয় শেষ মুহূর্তে। বিশ্বকাপের মাঠে তিনি সময়মতো জ্বলেও ওঠেন এবং স্কটল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ঝকঝকে ইনিংস খেলে নিজেকে করে রাখেন এ দেশের ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয়। ম্যান অব দ্য ম্যাচ হয়ে ভূমিকা রাখেন বিশ্বকাপে এ দেশের প্রথম জয়ে। মিনহাজুলকে ঘিরে সে সময় যে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা কেবল বাংলাদেশেরই নয়, বিশ্বকাপের ইতিহাসেও অন্যতম স্মরণীয় ঘটনা। প্রাথমিক ও চূড়ান্ত কোনো স্কোয়াডে সুযোগ না পেয়েও দেশের হয়ে বিশ্বকাপ খেলা ও সেরা পারফরমার হওয়ার কোনো নজির ইতিহাসে রয়েছে কি না, তা বিস্তর গবেষণারই এক বিষয়।মিনহাজুল বাংলাদেশের ক্রিকেটে প্রাক-টেস্ট যুগের এক অপরিহার্য নাম। ১৯৮৪ সালে জাতীয় দলের হয়ে তিনি খেলা শুরু করার পর অন্তত ’৯৭ সাল পর্যন্ত জাতীয় দলে তাঁর স্থান নিয়ে কোনো প্রশ্ন ছিল না। গোলটা বাঁধে, ’৯৮-’৯৯ সালের দিকে। সে সময়ের কোচ ওয়েস্ট ইন্ডিয়ান গর্ডন গ্রিনিজের ‘ইয়ং ব্লাড’ তত্ত্বে অতিরিক্ত অনুপ্রাণিত হয়ে ওঠেন বাংলাদেশের নির্বাচকেরা। তাঁরা তাঁদের কার্যক্রমের মাধ্যমে দলের অভিজ্ঞ খেলোয়াড়দের দলে স্থান নিয়ে নানামুখী পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন। আকরাম খান, আমিনুল ইসলাম, ফারুক আহমেদ, মিনহাজুল আবেদীন ও আতহার আলী খানের মতো খেলোয়াড়দের দলের স্থান নিয়ে দেখা দেয় নানা অনিশ্চয়তা। তাঁদের পারফরম্যান্সেও প্রভাব সৃষ্টি করে এ-সংক্রান্ত বিষয়গুলো। এঁদের আত্মবিশ্বাসেও ধরে যায় চিড়। দেশের ক্রিকেট যখন পা শক্ত করে দাঁড়ানোর চেষ্টা করছে, তখনই দেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারদের প্রতি উন্নাসিক আচরণ আখেরে যে দেশের ক্রিকেটেরই ক্ষতি করেছে, তা পরে প্রমাণিত হয়েছে।মিনহাজুলের ব্যাপারটি ছিল একটু আলাদা। ক্যারিয়ারের শুরু থেকেই ক্যারিশমাটিক এই খেলোয়াড়টি ছিলেন অনেক ব্যাপারেই দারুণ অকপট। এ কারণে তিনি অনেকের কাছেই ছিলেন ‘অপ্রিয়’। ’৯৯ সালে বিশ্বকাপ দল ঘোষণার সময় ‘অপ্রিয়’ মিনহাজুলের প্রতি নির্বাচকেরা যে এভাবে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবেন, তা বোধকরি ভাবতে পারেননি মিনহাজুল নিজেও।১৯৯৮-৯৯ সালে মিনহাজুল আবেদীন ছিলেন ঘরোয়া ক্রিকেটের সেরা পারফরমার। বিশ্বকাপের জন্য ৩০ জনের প্রাথমিক দল ঘোষণার আগে যে প্র্যাকটিস ম্যাচটির আয়োজন করা হয়েছিল, তাতে তিনি খেলেছিলেন ১৩০ রানের এক অনবদ্য ইনিংস। এর পরও দেখা গেল, ৩০ জনের দলে তিনি নেই। কারণ হিসেবে প্রকাশ্যে বলা না হলেও ফিসফাসটা হলো তাঁর শৃঙ্খলাবোধ নিয়ে। আমাদের ‘শৃঙ্খলা’র পূজারি নির্বাচকেরা বেমালুম ভুলে গেলেন মিনহাজুলের ক্রিকেটীয় অভিজ্ঞতা ও ক্ষমতার কথা। মিনহাজুল আবেদীনের বিশ্বকাপ দলে ঠাঁই না-হওয়া নিয়ে চারদিক যখন উত্তপ্ত, তখনো মিনহাজুলের বিরুদ্ধে আনা এই অভিযোগের স্বপক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারলেন না নির্বাচকেরা। শেষ পর্যন্ত ক্ষোভে উত্তাল দেশবাসীর ক্ষোভের মুখে নড়েচড়ে বসেন দেশের নীতি-নির্ধারকেরাও। তত্কালীন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপে মিনহাজুল শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত হন। কোনো খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করতে দেশের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তির হস্তক্ষেপ নতুন কিছু না হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে মিনহাজুলের ঘটনাটি ছিল প্রথম ও এখন পর্যন্ত একমাত্র ঘটনা।বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর মানসিকভাবে দারুণ ভেঙে পড়েছিলেন মিনহাজুল। সেই দুঃসহ দিনগুলোর স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেন, ‘সে মৌসুমে সেরা পারফরমার হয়েও আমি বিশ্বকাপ দলে থাকব না, তা কখনো ভাবিনি। পুরো ব্যাপারটিই ছিল আমার প্রতি কিছু কর্মকর্তার ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ। জীবনের সেরা সময়টা ক্রিকেটকে দিলাম। দেশের অধিনায়কত্ব করলাম, দেশকে বিশ্বকাপে কোয়ালিফাই করালাম, আর সেই আমি বিশ্বকাপেই খেলতে পারব না, ব্যাপারটি মেনে নেওয়া আমার জন্য খুব কষ্টকর ছিল।’সে সময় দেশের মানুষের ভালোবাসা আর অকুণ্ঠ সমর্থন আজও ভুলতে পারেন না মিনহাজুল। চট্টগ্রামের তত্কালীন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী এক জনসভায় মিনহাজুলকে দলে না নিলে চট্টগ্রামবাসীকে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন। এসবই পরে দলে ফেরার পর বিশ্বকাপে তাঁর ভালো পারফরম্যান্সে অনুপ্রেরণা জুগিয়েছিল বলে তিনি জানান।বিশ্বকাপ দল ইংল্যান্ড রওনা হওয়ার ২৪ ঘণ্টা আগে তাঁর অন্তর্ভুক্তি আইসিসির অনুমোদন লাভ করেছিল। দলে তিনি সুযোগ পেয়েছিলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাহাঙ্গীর আলমের জায়গায়। ব্যাপারটি মিনহাজুলের জন্য খুবই বিব্রতকর ছিল। তিনি বলেন, ‘আমি জানতাম না যে নির্দিষ্টভাবে আমি জাহাঙ্গীরের জায়গায় খেলব। জাহাঙ্গীরকে দলে নেওয়া হয়েছিল। আমাকে অন্তর্ভুক্ত করতে গিয়ে আবার বাদ দেওয়া হলো। ওর তো কোনো দোষ ছিল না।’ তবে সে সময় তাঁর একমাত্র লক্ষ্য ছিল বিশ্বকাপ খেলা। তাই হঠাত্ পাওয়া কাজে এই সুযোগ কাজে লাগানোর দিকেই তিনি বেশি মনোযোগী ছিলেন বলে জানান।বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার পরও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে খেলার সুযোগ পাননি মিনহাজুল। প্যাভিলিয়নে বসে বসে দেখলেন দলের ব্যাটিং ব্যর্থতা। সেদিনই দাঁতে দাঁত চেপে প্রতিজ্ঞা করেছিলেন, সুযোগ পেলে দেখিয়ে দিতে হবে। পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পেলেন কিন্তু ভালো খেলতে পারলেন না। স্কটল্যান্ডের বিপক্ষে এডিনবরার কঠিন কন্ডিশনে জ্বলে উঠল তাঁর ব্যাট। ২৫ রানেই ৫ উইকেট হারিয়ে দল যখন ধুঁকছে, ঠিক সেই সময়ে তিনি খেললেন ৬৮ রানের এক ঝকঝকে ইনিংস। নাইমুর রহমানকে সঙ্গে নিয়ে দলের বিপর্যয় সামাল দেন তিনি। বাংলাদেশ সে ম্যাচে ২২ রানে জিতে বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল। মিনহাজুল দিলেন দেশের মানুষের তাঁর প্রতি আস্থার প্রতিদান। ম্যান অব ম্যাচ হয়ে টিভি কমেন্টর ডেভিড লয়েডের কাছ থেকে চেয়ে নিয়েছিলেন কিছু সময়। মিনহাজুল নিজেই বলেছেন, ‘দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানানোর এমন মঞ্চ আর হতে পারত না।’অস্ট্রেলিয়ার বিপক্ষে চেস্টার লি স্ট্রিটে আরেকটি ফিফটি করলেন। ৫৩ রানের এই ইনিংসটিকে মিনহাজুল তাঁর জীবনের সেরা ইনিংস হিসেবেই অভিহিত করেছেন। বলেছেন, ম্যাকগ্রা, শেন ওয়ার্ন ও ফ্লেমিংয়ের সমন্বয়ে গড়া অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ ছিল ড্রিম অ্যাটাক।’ সে ম্যাচে ভালো খেলে নিজেকে প্রমাণ করাটাও ছিল বিরাট ব্যাপার। সেদিন নিজের খেলা অন্তত দুটি শট তাঁকে আজও আনন্দ দেয়। ম্যাকগ্রাকে কভার ড্রাইভ করে একটি চার মেরেছিলেন। আর ফ্লেমিংকে স্কয়ার ড্রাইভ করে চার মেরে পূরণ করেছিলেন নিজের ফিফটি।বিশ্বকাপ দল থেকে প্রথমে বাদ পড়া ও পরে অন্তর্ভুক্তি নিয়ে অনেক নাটক হলেও দেশের প্রথম বিশ্বকাপটি খেলতে পারায় নিজেকে ভাগ্যবানই মনে করেন মিনহাজুল। তিনি বলেন, ‘দেশের প্রথম বিশ্বকাপ দল একটি হল অব ফেম। সেই হল অব ফেমের অংশ আমি। এটা দারুণ গর্বের এক বিষয়। এই গর্বটাই তো খেলোয়াড়ি জীবনের সবচেয়ে বড় পাওয়া।’