‘মিনি মেসি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসি ‘এল ক্লাসিকো’ মাতালেন গত ২৭ এপ্রিল, তিন দিন পর ‘আসুনসিওন ক্লাসিকো’ মাতালেন ‘মিনি মেসি।’ ভাবছেন, মিনি মেসিটা আবার কে? বয়স বলুন আর আকৃতি—দুটিতেই এখনো যথেষ্টই ‘মিনি’ লিওনেল মেসি। কিন্তু তাঁরও এক খুদে সংস্করণ আছে। প্রতিভা আর খেলার ধরন প্রায় একই রকম বলে প্যারাগুয়ের অন্যতম শীর্ষ ক্লাব সিরো পোর্টেনোর ১৭ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড হুয়ান আইতার্বের নাম হয়ে গেছে ‘মিনি মেসি’!প্যারাগুয়ের দুই ঐতিহ্যবাহী ক্লাব সেরো পোর্টেনো আর অলিম্পিয়ার লড়াই পরিচিত আসুনসিওন ক্লাসিকো নামে। দুটি ক্লাবই প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনের। ৪৩ মিনিট থেকে ১০ জন নিয়ে খেলেও রোববারের ‘আসুনসিওন ক্লাসিকো’ পোর্টেনো ২-০ গোলে জিতেছে মূলত ‘মিনি মেসি’র জাদুতে। আসল মেসির মতো অবশ্য ২ গোল করতে পারেননি তাঁর ‘মিনি সংস্করণ’, তবে একটি গোল করে ও অন্যটি বানিয়ে দিয়ে ঠিকই উজ্জ্বল করে তুলেছেন মাঠ। সেটিও ৭০ মিনিট পর মাঠে নেমে!মাঠে নামার ১০ মিনিট পরই প্যারাগুয়ে জাতীয় দলের ডিফেন্ডার হুলিও সাসেরেসের পা থেকে দারুণ ক্ষিপ্রতায় বল ছিনিয়ে নিয়ে এগিয়ে দিয়েছেন দলকে। এর ১০ মিনিট পর তাঁকে আটকাতে গিয়েই বক্সের ভেতর অবৈধভাবে ফেলে দেন পেদ্রো ভেরা, পেনাল্টি থেকে গোল করেন লুইস সাসেরেস।প্যারাগুইয়ান মা-বাবার সন্তান আইতার্বের জন্ম ১৯৯৩ সালে, আর্জেন্টিনায়। বেড়ে উঠেছেন প্যারাগুয়েতে। ইতিমধ্যে তাঁর দিকে নজর পড়েছে ইউরোপের ‘দৈত্য’ ক্লাবগুলোর। পর্তুগিজ ক্লাব পোর্তো তাঁর সঙ্গে চুক্তিও সেরে ফেলেছে, আগামী ৪ জুন ১৮ বছর পূর্ণ হলেই আইতার্ব হয়ে যাবেন পোর্তোর। চাইলে জাতীয় দল হিসেবে বেছে নিতে পারেন প্যারাগুয়ে-আর্জেন্টিনা দুই দেশের যেকোনোটিকে। তবে গত জানুয়ারিতে জানিয়েছেন, খেলতে চান আর্জেন্টিনার হয়ে। যেভাবে এগোচ্ছেন, তাতে আকাশি-সাদা ডোরাকাটা জার্সি গায়ে আসল মেসি আর ‘মিনি মেসি’কে একই সঙ্গে দেখাটা কষ্টকল্পনা নয়। ওয়েবসাইট।