‘মিশন’ শেষ করতে চান ব্ল্যাটার
সেপ ব্ল্যাটার মোটেই ভয় পাচ্ছেন না। ১৩ বছর ধরে ফিফার ‘সিংহাসনে’ অধিষ্ঠিত সুইসের বিশ্বাস, আরেক মেয়াদেও সভাপতি নির্বাচিত হবেন। ব্ল্যাটারের ভরসা দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনের (কনমেবল) ভোটগুলো। কাতারের মোহাম্মদ বিন হাম্মাম যত তোড়জোড় করেই নির্বাচনে নামুন না কেন, দক্ষিণ আমেরিকার দেশগুলোর ভোট তিনিই পাবেন বলে ব্ল্যাটারের বিশ্বাস।১৯৯৮ সাল থেকে ফিফা সভাপতি ব্ল্যাটারকে এবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন হাম্মাম। ১ জুনের নির্বাচনে কে জিতবেন—৭৫ বছর বয়সী ব্ল্যাটার, নাকি এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি হাম্মাম, সেটা নিয়ে ফুটবলবিশ্বে এখন তুমুল আলোচনা।নির্বাচন সামনে রেখে দক্ষিণ আমেরিকা সফরে যাওয়া ব্ল্যাটার অবশ্য আত্মবিশ্বাসী, ‘সেই ১৯৯৮ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতেই কনমেবলের প্রধানেরা ঘোষণা দিয়েছিল, এই অঞ্চলের ১০টি দেশই ব্ল্যাটারের পেছনে থাকবে। আমার বিশ্বাস, এখনো তারা আগের মতোই আছে। আর সেটা না থাকার কোনো কারণ আমি দেখি না।’ব্ল্যাটারের আত্মবিশ্বাসী বোধ করার কারণও আছে। গত শুক্রবার ব্ল্যাটারকে সমর্থন দেওয়ার ঘোষণা দেন প্যারাগুয়ের ফুটবল-প্রধান নিকোলাস লিওজ। এর পরও যখন রোববার কনমেবলের সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি, তাতে বোঝাই যাচ্ছে, এ অঞ্চলের দেশগুলোর ব্ল্যাটারের প্রতি সমর্থন আছে। রয়টার্স।আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের প্রধান হুলিও গ্রন্দোনাও পাশে আছেন ব্ল্যাটারের, ‘দক্ষিণ আমেরিকা অবশ্যই সেপ ব্ল্যাটারের প্রার্থিতাকে সমর্থন করে। ১৯৯৮ সালে এভাবেই আমরা শুরু করেছিলাম। আর ভালো একটি ফুটবলবিশ্ব গড়তে এভাবেই আমরা এগিয়ে যেতে চাই।’মুখে আত্মবিশ্বাসের কথা বললেও হাম্মামকে নিয়ে যে ব্ল্যাটারের ভালোই দুশ্চিন্তা আছে, সেটি বোঝা যাচ্ছে তাঁর নির্বাচনী প্রচারণা থেকেই। পরশু আসুনসিয়নেই যেমন ‘সে কী করছে, তা নিয়ে আমার কোনো আগ্রহ নেই’ বলার পর ঠিকই নিজের ঢোল পেটালেন, ‘আমি ৩৬ বছর ফিফায় কাজ করছি। হাম্মাম ফিফায় এসেছে ১৯৯৬ সালে। সে তো বর্তমান ফিফার গঠন-প্রক্রিয়ার অংশ। আপনাদের তো তাকে প্রশ্ন করা উচিত, কেন সে এই গঠন-প্রক্রিয়ার পরিবর্তন চায়?’কিন্তু ১৩ বছর কি যথেষ্ট নয়? ফিফার সভাপতি হিসেবে কেন আরেকটি মেয়াদ কাজ করতে চাইছেন ব্ল্যাটার? ব্ল্যাটার তাঁর অসমাপ্ত কাজটা শেষ করতে চান, যেটিকে তিনি বলছেন ‘মিশন ইন ফুটবল’। ‘আমরা সমাজে আরেকটু (অবদান) রাখতে চাই...বিশেষ করে, শিক্ষাক্ষেত্রে। আমাদের খেলা থেকে আমরা কী শিক্ষা পাই? শৃঙ্খলা, সম্মান, লড়াকু মনোভাব ও ফেয়ার প্লে’—বলেছেন তিনি।নিজের মনে শেষের একটা ছবিও এঁকে রেখেছেন ব্ল্যাটার, ‘বড় দরোজা দিয়েই বেরিয়ে যেতে চাই, পেছনের দরোজা দিয়ে নয়।’ ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপের দিকেও তাকিয়ে তিনি, ‘আশা করি, ব্রাজিলে এই দুর্দান্ত ইভেন্টটিতে অংশ নেওয়ার মতো অবস্থানেই থাকব আমি।’