'মৃত্যুকূপে' তিন সাবেক চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাত্র থেকে কার নাম তুলে আনলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী তারকা জিওফ হার্স্ট? আরও দুই বিশ্বকাপজয়ী খেলোয়াড় ব্রাজিলের কাফু (বাঁয়ে) ও ফ্রান্সের জিনেদিন জিদান (ডানে) কি সেটাই ভাবছেন? কাল কোস্তা দো সাউপিতে ২০১৪ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে  রয়টার্স
পাত্র থেকে কার নাম তুলে আনলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী তারকা জিওফ হার্স্ট? আরও দুই বিশ্বকাপজয়ী খেলোয়াড় ব্রাজিলের কাফু (বাঁয়ে) ও ফ্রান্সের জিনেদিন জিদান (ডানে) কি সেটাই ভাবছেন? কাল কোস্তা দো সাউপিতে ২০১৪ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে রয়টার্স

‘ডি’ গ্রুপের চার নম্বর দল বেছে নেওয়া হবে। পাত্র থেকে ছোট্ট বল তুলে নিয়ে বের করা হলো নামটা। ঘোষণার সঙ্গে সঙ্গে ক্যামেরা ঘুরে গেল রয় হজসনের দিকে। ইংল্যান্ড।
মাথা নিচু করে মুখ লুকালেন হজসন। ইংল্যান্ড কোচের চোখে-মুখে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখার ইচ্ছেটা পূরণ হলো না। না হোক। সেটা আন্দাজ করা তো খুব কঠিন কিছু না। গ্রুপের অন্য তিনটি দল যে উরুগুয়ে, ইতালি আর কোস্টারিকা! তিন সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে নিয়ে গড়া ২০১৪ বিশ্বকাপের একমাত্র গ্রুপ। ‘গ্রুপ অব ডেথ’। মিলিতভাবে সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন এই তিন পরাশক্তির একটি বিদায় নেবে গ্রুপ পর্ব থেকেই। ‘মৃত্যুকূপ’ না বলে উপায় কী!
‘ডি’ গ্রুপের মতো না হলেও আরও দুটি কঠিন গ্রুপ ‘বি’ ও ‘জি’। কে ভেবেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর রানার্সআপদের দেখা হয়ে যাবে প্রথম রাউন্ডেই! এবার ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচেই থাকবে গতবারের দুই ফাইনালিস্ট!
প্রথম পর্বে নাইজেরিয়া আর আর্জেন্টিনা একই সঙ্গে গ্রুপে থাকবে, এটা যেন নিয়মই হয়ে গেছে। ১৯৯৪, ২০০২ ও ২০১০ বিশ্বকাপের পর এবারও আবার একই গ্রুপে জায়গা হয়েছে এই দুটি দলের। ‘এফ’ গ্রুপে ওদের সঙ্গী দুই দল ইরান ও বসনিয়া। প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়া বসনিয়া ওদের প্রথম ম্যাচটা খেলবে আর্জেন্টিনার বিপক্ষে।
খুব একটা কঠিন হয়নি ব্রাজিলের গ্রুপও। ক্যামেরুন, মেক্সিকো আর ক্রোয়েশিয়াকে নিয়ে গড়া ‘এ’ গ্রুপ থেকে ব্রাজিল চ্যাম্পিয়ন না হয়ে দ্বিতীয় পর্বে উঠলে সেটাই হবে বিস্ময়কর। ১২ জুন উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।
গত বিশ্বকাপের গ্রুপ পর্বেও মুখোমুখি হয়েছিলেন দুই ভাই কেভিন প্রিন্স বোয়াটেং ও জেরোম বোয়াটেং। এবারও ঘানা, জার্মানি একই গ্রুপে থাকায় আরও একবার ‘শত্রু’ হয়ে যাওয়ার সম্ভাবনা দুই ভাইয়ের।
‘শত্রু’ হয়ে যাবেন আরও দুজন—ইয়ুর্গেন ক্লিনসম্যান আর তাঁর একসময়ের সহকারী জোয়াকিম লো। ভূমিকাটা অবশ্য এত দিনে বদলে গেছে। জার্মানির সাবেক কোচ ক্লিনসম্যান এখন যুক্তরাষ্ট্রের দায়িত্বে। আর তাঁর রেখে যাওয়া দলের কোচই এখন লো!
কাল ড্র নিশ্চিত করে দিয়েছে, গ্রুপ পর্বেই দেখা হচ্ছে দ্রোনাচার্য আর অর্জুনের! ওয়েবসাইট।

কোন গ্রুপে কোন দল
গ্রুপ ‘এ’
ব্রাজিল, ক্যামেরুন, মেক্সিকো, ক্রোয়েশিয়া
গ্রুপ ‘বি’
স্পেন, চিলি, অস্ট্রেলিয়া, হল্যান্ড
গ্রুপ ‘সি’
কলম্বিয়া, আইভরি কোস্ট, জাপান, গ্রিস
গ্রুপ ‘ডি’
উরুগুয়ে, ইতালি, কোস্টারিকা, ইংল্যান্ড
গ্রুপ ‘ই’
সুইজারল্যান্ড, ইকুয়েডর, হন্ডুরাস, ফ্রান্স
গ্রুপ ‘এফ’
আর্জেন্টিনা, নাইজেরিয়া, ইরান, বসনিয়া
গ্রুপ ‘জি’
জার্মানি, ঘানা, যুক্তরাষ্ট্র, পর্তুগাল
গ্রুপ ‘এইচ’
বেলজিয়াম, আলজেরিয়া, দক্ষিণ কোরিয়া, রাশিয়া