'মৃত্যুর কাছাকাছি' গিয়ে উপলব্ধি টাইসনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক টাইসন
মাইক টাইসন

মাত্র ২০ বছর বয়সেই বক্সিং রিংয়ে তোলপাড় ফেলেছিলেন মাইক টাইসন। সবচেয়ে কম বয়সী বক্সার হিসেবে জিতেছিলেন ডব্লিউবিসি, ডব্লিউবিএ ও আইবিএফ হেভিওয়েট শিরোপা। কিন্তু বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে সম্ভাবনাময় ক্যারিয়ারটা নিজেই নষ্ট করেছেন বক্সিংয়ের এই কিংবদন্তি। অসামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে বিতর্কিত তো হয়েছেনই, মাত্রাতিরিক্ত মাদক আর অ্যালকোহল তাঁকে মাত্র ৪৭ বছর বয়সেই টেনে এনেছে মৃত্যুর কিনারে। জীবনটাকে ছত্রখান করে দিয়ে এখন তাঁর উপলব্ধি, ‘নাহ, এভাবে চলতে দেওয়া যায় না।’ এখন তাই তাঁর প্রাণপাত চেষ্টা স্বাভাবিক জীবনের। টাইসন কি পারবেন অন্ধকার অতীতটাকে ভুলে গিয়ে বাকি জীবনটা স্বাভাবিকত্বের ঘেরাটোপে কাটিয়ে দিতে !

১৯৮৭ সালে সবচেয়ে কম বয়সী বক্সার হিসেবে ডব্লিউবিসি, ডব্লিউবিএ ও আইবিএফ হেভিওয়েট শিরোপা জয়ের রেকর্ড গড়ার পাঁচ বছর পরই টাইসন পা রাখেন অন্ধকারের পথে। ধর্ষণের দায়ে জেলও খেটেছিলেন ছয় বছর! ২০০৬ সালে পেশাদার বক্সিং থেকে অবসরের পর আবারও বিতর্কে জড়ান। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে মাদক গ্রহণের। সে সময় সবকিছু অস্বীকার করলেও এখন মৃত্যুর মুখোমুখি হয়ে নিজেকে সংশোধনেরই সর্বোচ্চ চেষ্টা করছেন টাইসন। নিজের কৃতকর্মের জন্য সবার কাছে ক্ষমাও চেয়েছেন আমেরিকান এই বক্সার, ‘আমি একটা শান্ত জীবন চাই। আমি মরতে চাই না। মাত্রাতিরিক্ত অ্যালকোহল পানের কারণে আমি মৃত্যুর কাছাকাছি চলে এসেছি। আমি নিজেকে সুস্থ দেখতে চাই। চাই সকলের ক্ষমা। সুখে-শান্তিতে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই আমি।’

উপলব্ধিকে কর্মেও পরিণত করতে চলেছেন টাইসন। গত ছয় দিনে কোনো মাদক গ্রহণ করেননি। আর এটা অন্য সবার মতো টাইসনের কাছেও বিস্ময়। তিনি বলেছেন, ‘আমি গত ছয় দিনে কোনো মাদক গ্রহণ করিনি। আর আমার জন্য এটা সত্যিই বিস্ময়কর। আমি আর কখনোই মাদক নেব না।’ সূত্র: বিবিসি অনলাইন