‘মৃত’ হকি কি একটু জাগছে!
ঘরোয়া হকি মাঠে নামানোর বড় একটা চিন্তা দূর করতেই আজ শনিবার দুপুরে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের সঙ্গে তিন বছরের নতুন চুক্তি করবে হকি ফেডারেশন।প্রায় দুই বছর পর আগামী জুনের প্রথম সপ্তাহে লিগ শুরু করতে যাচ্ছে হকি ফেডারেশনের নতুন কমিটি। আগের নির্বাচিত কমিটি নানা কারণে পারছিল না। তাই সরকার এ কমিটি গঠন করে গত ২২ নভেম্বর। দায়িত্ব নিয়ে কমিটি সবচেয়ে বড় কাজটা করেছে ২৮ মাস পর দলবদল সম্পন্ন করে।ঘরোয়া হকির মরা গাঙে জোয়ার না হোক, কিছুটা প্রাণ আসছে। শুকিয়ে যাওয়া নদীতে পানিপ্রবাহ জোগানোর মতো কিছু আয়োজন এরই মধ্যে করেছে নতুন কমিটি। বিজয় দিবস, জাতীয় হকি, স্কুল হকি, শহীদ স্মৃতি টুর্নামেন্ট—খুব বিরাট কিছু হয়তো নয়। এগুলো নিয়মিত কর্মসূচি। তবে এত দিন এগুলোও তো আয়োজন করা যায়নি!এ মাসের মাঝামাঝি শুরু স্বাধীনতা কাপ। লিগের আগে ক্লাব কাপ। পর পরই প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগ। উপজাতীয় হকি শুরু ২৯ মার্চ। দীর্ঘদিন পর মেয়েদের হকি ফিরিয়ে আনা হচ্ছে মে মাসে। এপ্রিলে এশিয়া কাপ হকির বাছাইপর্ব খেলার প্রস্তুতিও শুরু হবে। জাতীয় দলের আবাসিক ক্যাম্প চলছে। সেপ্টেম্বরে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ—সব মিলিয়ে মন্দ নয়।এসব জাতীয় দলের স্ট্রাইকার রাসেল মাহমুদকে খুশিই করছে। তবে নতুন কমিটির বড় চ্যালেঞ্জটা দেখছেন অন্যখানে, ‘যে টুর্নামেন্টগুলো তারা করছে, এগুলো নিয়মিত। নতুন কিছু করতে হবে এবং লিগটাকে নিয়মিত মাঠে রাখতে হবে। দলবদল হয়েছে, এটা ভালো। এখন অপেক্ষায় থাকব ধারাবাহিকতা দেখার জন্য। নইলে কোনো ফল আসবে না।’কিছুদিন আগেও নেতিবাচক খবরের জন্য আলোচিত হয়েছে হকি। ইতিবাচক খবর হওয়ার অপেক্ষায় এখন মাঠের খেলা। তবে ক্লাব রাজনীতির ঊর্ধ্বে উঠে এ কমিটি কতটা ইতিবাচক কাজ করতে পারে, সামনে সেটাই দেখার বিষয়।ঠিক এ বিষয়টিই সামনে আনলেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার ও এবার মোহামেডানের ম্যানেজারের দায়িত্ব পাওয়া আরিফুল হক (প্রিন্স), ‘ক্লাব রাজনীতির ঊর্ধ্বে থেকে তারা কীভাবে চাপ সামলায়, সেটা আলাদা করে দেখব আমরা। নানা ঝামেলা যখন আসবে, তখন কমিটি সেসব নিরপেক্ষভাবে সামলাতে পারলে এবং লিগ, দলবদল নিয়মিত আয়োজন করলে তবেই পুরো নম্বর পাবে। তবে এখন পর্যন্ত ভালো কিছু হওয়ার আভাস আছে।’নতুন সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ সবই জানেন। তিনি হকিরই লোক। বলছেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ছিল খেলা মাঠে ফেরানো। দলবদল দেওয়ার চ্যালেঞ্জটাও আমরা উতরে গেছি। সবার সহযোগিতায় দুটিই সম্পন্ন করা গিয়েছে। তা ছাড়া জাতীয় দলের জন্য একটা পৃষ্ঠপোষক খুঁজছি। আগামী মাসে ব্যাংককে এশিয়া কাপের বাছাইপর্বে স্পনসর করছে ডেসটিনি গ্রুপ। তাদের সঙ্গে এ মাসেই চুক্তি। ব্যাংককে ভালো করলে ওই প্রতিষ্ঠানকে দীর্ঘ মেয়াদে পাওয়ার আশা করছি।’এ বছরের শেষ দিকে স্কুল, যুব হকি, অফিস লিগ করার পরিকল্পনা আছে ফেডারেশনের। এখন পর্যন্ত যা হয়েছে, মৃতপ্রায় হকি একটু জাগছে বলেই আশা করা যায়!